নিজস্ব প্রতিবেদক
০৫ এপ্রিল ২০২৬, ০১:০৬ পিএম
গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নির্বাহী কমিটি পুনর্গঠনের লক্ষ্যে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। রোববার (৫ এপ্রিল) দলটির সভাপতি নুরুল হক নুর ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দলটির সাংগঠনিক কার্যক্রম আরো গতিশীল, কার্যকর ও শক্তিশালী করার উদ্দেশ্যে এই পুনর্গঠন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। এ লক্ষ্যে গঠিত পাঁচ সদস্যের কমিটিকে নির্দিষ্ট সময়ের মধ্যে কেন্দ্রীয় নির্বাহী কমিটি পুনর্গঠনের দায়িত্ব দেওয়া হয়েছে।
গঠিত কমিটিতে রয়েছেন গণঅধিকার পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাসান আল মামুন, সিনিয়র সহ-সভাপতি ফারুক হাসান, উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ, উচ্চতর পরিষদ সদস্য সাকিব হোসাইন এবং দফতর সম্পাদক ইঞ্জিনিয়ার সৈয়দ মাহবুবুর রহমান।
বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, এই পাঁচ সদস্যের কমিটিকে আগামী সাত দিনের মধ্যে কেন্দ্রীয় নির্বাহী কমিটি পুনর্গঠনের কাজ সম্পন্ন করে তা দলের সভাপতি বরাবর উপস্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যেই পুনর্গঠনের প্রক্রিয়া শেষ করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের কথাও বলা হয়েছে।
দলটির নেতারা আশা প্রকাশ করেছেন, নতুনভাবে নির্বাহী কমিটি পুনর্গঠনের মাধ্যমে সংগঠনের সাংগঠনিক কাঠামো আরো সুসংগঠিত হবে এবং রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়নে গতি আসবে। পাশাপাশি তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত দলীয় কার্যক্রম সমন্বয়েও ইতিবাচক প্রভাব পড়বে।
এমআর/এফএ