রোববার, ৫ এপ্রিল, ২০২৬, ঢাকা

শিগগির বিএনপির কাউন্সিল: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪ এপ্রিল ২০২৬, ১১:৫৫ পিএম

শেয়ার করুন:

শিগগির বিএনপির কাউন্সিল: মির্জা ফখরুল 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির কাউন্সিল শিগগির অনুষ্ঠিত হতে যাচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (৪ এপ্রিল) রাতে দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে তিনি এ কথা জানান। 

বৈঠকে ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, ড. মঈন খান, নজরুল ইসলাম খান (ভার্চুয়াল), মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমেদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, বেগম সেলিমা রহমান (ভার্চুয়ালি), অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন উপস্থিত ছিলেন।
 
বৈঠক শেষে বিএনপি মহাসচিব জানান, দলের সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। দলকে শক্তিশালী করতে দ্রুততম সময়ে কাউন্সিল করার বিষয়টি আলোচনায় গুরুত্ব পেয়েছে। পাশাপাশি সরকারের ৪৭ দিনের কর্মসূচি নিয়ে পর্যালোচনা ও মূল্যায়ন করা হয়েছে।  


বিজ্ঞাপন


image
শনিবার রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক হয়। ছবি: সংগৃহীত

বৈঠকে পুরো বিষয়টাই সাংগঠনিক ছিল জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘রেগুলার কাজকর্ম চালু রাখার জন্য আমাদের দলের চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রী স্থায়ী কমিটির বৈঠক ডেকেছিলেন। আমাদের দল সরকার গঠনের পর যে কর্মসূচি নিয়েছে, সেগুলো সম্পর্কে তিনি দলের মতামত অর্থাৎ স্থায়ী কমিটির মতামত নিয়েছেন। সেই সঙ্গে অনেক সদস্য তাদের কিছু কিছু পরামর্শ দিয়েছেন।’ 

বৈঠকে বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ড বিস্তৃত করার বিষয়েও আলোচনা হয়েছে বলে জানান বিএনপি মহাসচিব। 

দলের কাউন্সিল কোরবানির ঈদের আগে হওয়ার সম্ভাবনা রয়েছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘আগামী কোরবানি ঈদের আগের হওয়ার সম্ভাবনা নেই। কাউন্সিলের সব প্রস্তুতি গুছিয়ে আনতে আমাদের অন্তত কয়েক মাস সময় লাগবে।’সংসদীয় মহিলা আসনের বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘এই বিষয়ে কোনো আলোচনা হয়নি।’


বিজ্ঞাপন


চলতি বছরের ৯ জানুয়ারি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ওই দিন দলের স্থায়ী কমিটির জরুরি বৈঠকে তাকে এ দায়িত্ব দেওয়া হয়। 
 
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া দীর্ঘদিন নানা জটিল রোগে ভুগে গত ৩০ ডিসেম্বর সকাল ৬টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে দলের ‘চেয়ারপার্সন’ পদটি শূন্য হয়। এরপরই এই পদ নিয়ে আলোচনা শুরু হয়। তখন ত্রয়োদশ সংসদ নির্বাচনের ভোটের কারণে এ বিষয়ে দ্রুতই সিদ্ধান্ত নিতে হয় বিএনপিকে।

তারেক রহমানের আগে প্রয়াত বেগম খালেদা জিয়া ১৯৮৩ সালের মার্চ মাসে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান হন। ১৯৮৩ সালের ১ এপ্রিল দলের বর্ধিত সভায় তিনি প্রথম বক্তৃতা রাখেন। বিচারপতি সাত্তার অসুস্থ হয়ে পড়লে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন শুরু করেন বেগম খালেদা জিয়া। ১৯৮৪ সালের ১০ মে বেগম জিয়া দলের চেয়ারপারসন নির্বাচিত হন। সেই থেকে মৃত্যুর আগ পর্যন্ত তিনি বিএনপির চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করেছেন।
 
ক.ম/ 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর