নিজস্ব প্রতিবেদক
০২ এপ্রিল ২০২৬, ০৯:৪৮ পিএম
জুলাই সনদ বাস্তবায়ন না হলে জুলাই অভ্যুত্থান পুরোপুরি ব্যর্থ হবে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিএনপির কথা ও কাজে মিল নেই বলেও অভিযোগ করেন তিনি।
বৃহস্পতিবার (২ এপ্রিল) রাজধানীর পল্টনে এক বিক্ষোভ সমাবেশ ও মিছিলে এ দাবি জানান দলটির এ নেতা। ছাত্রজনতার বিপ্লবের অর্জন ‘জুলাই সনদ’ নিয়ে টালবাহানা ও ‘গণভোট অধ্যাদেশ’ বাতিলের অপচেষ্টার প্রতিবাদে বিকেলে পল্টনের বিজয়-৭১ চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে মজিবুর রহমান মঞ্জু বলেন, ‘জুলাই সনদ বাস্তবায়ন হলে জুলাই অভ্যুত্থান কিছুটা সার্থক হয়েছে বলে মনে হবে। অন্যথায় জুলাই অভ্যুত্থান পুরোটাই ব্যর্থ। সরকারি দল গণভোট ও জুলাই সনদ নিয়ে যে ধরনের টালবাহানা ও সাংবিধানিক বিতর্ক তৈরি করেছেন তা খুবই হতাশাজনক।’
তিনি আরও বলেন, ‘৭১ এর মুক্তিযুদ্ধে যদি আমাদের পরাজয় ঘটতো তাহলে শেখ মুজিব, জিয়াউর রহমানসহ সব মুক্তিযোদ্ধারা দেশদ্রোহিতা ও পাকিস্তানের সংবিধান লঙ্ঘনের দায়ে ফাঁসির মুখোমুখি হতেন। জুলাই সনদ বাস্তবায়ন না হলে এবং আজকে জুলাইয়ের শক্তিগুলোর মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে যে বিভেদ ও অনিশ্চয়তা তৈরি হয়েছে, এর সূত্র ধরে যদি আবার কখনও আওয়ামী লীগ ক্ষমতায় অধিষ্ঠিত হয় তাহলে তারেক রহমান, ডা. শফিকুর রহমান, ড. ইউনূস, নাহিদ ইসলামসহ আমাদের সবাইকে সংবিধান লঙ্ঘন ও বিপ্লবের দায়ে শাস্তির সম্মুখীন হতে হবে।’
সবাইকে সতর্ক করে মঞ্জু বলেন, ‘গণভোট, জুলাই জাতীয় সনদ আদেশ ও জুলাই সনদকে সাংবিধানিক প্রশ্নে বিতর্কিত করা ফ্যাসিবাদি আওয়ামী লীগের কণ্ঠে সুর মেলানোর শামিল।’
রাজনৈতিক দলের ঠিকানা রাজপথ উল্লেখ করে তিনি বলেন, ‘রাজপথই বাংলাদেশের ইতিহাস বারবার বদলে দেয়। যদি জুলাই সনদ নিয়ে টালবাহানা হয় তবে আমাদের রাজপথই বেছে নিতে হবে এবং গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হবে। কারণ আমরা জুলাইয়ের শহীদ আবু সাঈদ, মুগ্ধ, ওয়াসিম, আনাসসহ ছয় বছরের শিশু শহীদ রিয়া গোপকে ভুলতে পারবো না। জুলাইয়ের শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশকে আমরা রক্ষা করবই।’
দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. ওহাব মিনার বলেন, ‘জুলাই সনদ নিয়ে টালবাহানা সহ্য করা হবে না। বিএনপিকে জুলাইয়ের চেতনার আলোকে দেশ পরিচালনার আহ্বান জানাই। অন্যথায় হাসিনার পরিণতি স্মরণে রাখতে বলেন তিনি।’
দলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আলতাফ হোসাইনের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুল্লাহ আল মামুন রানা, এবিএম খালিদ হাসান, আমিনুল ইসলাম এফসিএ, শাহাদাতুল্লাহ টুটুল, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক সেলিম খান, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুল হালিম খোকন প্রমুখ।
সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বিজয়নগর, কাকরাইল, নয়া পল্টন ও পল্টন মোড় হয়ে এবি পার্টির কেন্দ্রীয় অফিস চত্বরে এসে শেষ হয়।
এমআই