জ্যেষ্ঠ প্রতিবেদক
২৮ মার্চ ২০২৬, ০৯:৩৯ পিএম
দলের সাংগঠনিক কাজ করতে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে মাঝেমধ্যে আসবেন এমনটা জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তবে তার আগমনকে কেন্দ্র করে নয়াপল্টনের রাস্তা স্বাভাবিক রাখতে নেতাকর্মীদের প্রতি তিনি আহ্বান জানিয়েছেন।
শনিবার (২৮ মার্চ) রাতে নয়াপল্টন কার্যালয়ের দ্বিতীয় তলায় দাঁড়িয়ে তিনি নেতাকর্মীদের প্রতি এই আহ্বান জানান।
তারেক রহমান বলেন, আমি দলের কাজের জন্য নয়াপল্টন অফিসে আসতে চাই। কিন্তু এভাবে রাস্তা বন্ধ করে বিশৃঙ্খলা করলে এলাকার মানুষের কষ্ট হবে। এটা করা যাবে না। আমিও আরো দুই-একবার আসব। কিন্তু এমন করলে তো আসা যাবে না।
এ সময় তিনি দ্রুত রাস্তার যানজটে আটকে থাকা গাড়ি সরিয়ে দিতে নেতাকর্মীদের নির্দেশ দেন।
নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে অফিস করেছেন দলের চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি কেন্দ্রীয় কার্যালয়ে আসেন বলে জানান প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান।
আতিকুর রহমান বলেন, ‘বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সন্ধ্যায় নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে নিজের চেম্বারে অফিস করেছেন। বিভিন্ন সাংগঠনিক কর্মকাণ্ড নিয়ে দল ও অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে তিনি কথা বলেছেন।
বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ, ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনি প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে প্রধানমন্ত্রী সংসদ ভবনে বিএনপির সংসদীয় দলের সভায় অংশ নেন। তার সভাপতিত্বে বৈঠকে সংসদ অধিবেশনের নানা বিষয় নিয়ে আলোচনা হয়।সেখান থেকে প্রধানমন্ত্রী নয়া পল্টনে আসেন।
প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পরে এই প্রথম তিনি দলীয় কার্যালয়ে আসলেন। দলের চেয়ারম্যানের আসবেন জেনে দুপুর আড়াইটা থেকে নেতা-কর্মী-সমর্থকরা কার্যালয়ের সামনে সমবেত হতে থাকে। বিকেল সাড়ে ৪টার থেকে নয়া পল্টনের সড়কে মানুষের ঢল নামে। নেতা-কর্মীরা ‘তারেক রহমানের আগমন, শুভেচ্ছা স্বাগতম’ শ্লোগানে মুখর করে রাখে পুরো এলাকা।
এদিকে প্রধানমন্ত্রী দলীয় কার্যালয় আসবেন বলে সকাল থেকে প্রধানমন্ত্রীর বিশেষ নিরাপত্তা বাহিনীর সদস্যসহ আইনশৃঙ্খলা বাহিনী কার্যালয় এবং এর চারপাশে অবস্থান নেয়।
রাত ৯টার কিছু আগে তিনি দ্বিতীয় তলার বেলকনিতে দাঁড়িয়ে নেতাকর্মীদের উদ্দেশে হাত নেড়ে অভিবাদন জানান। পরে মাইকে কথা বলেন।
বিইউ/এফএ