নিজস্ব প্রতিবেদক
১২ মার্চ ২০২৬, ০৩:৪৭ পিএম
জাতীয় সংসদের শোকপ্রস্তাবে শহীদ ওসমান হাদি, বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ এবং সীমান্তে নিহত ফেলানী খাতুনের নাম অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছেন বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম।
বৃহস্পতিবার (১২ মার্চ) জাতীয় সংসদের অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে তিনি স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে এ আহ্বান জানান।
নাহিদ ইসলাম বলেন, এই তিনটি ঘটনা বাংলাদেশের মানুষের মনে গভীর দাগ কেটেছে। তারা অন্যায়, বৈষম্য ও আধিপত্যবাদের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক হয়ে উঠেছেন। দেশের বিভিন্ন সময়ে আলোচিত এসব ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের স্মরণ করা রাষ্ট্রের দায়িত্ব। তাই জাতীয় সংসদের শোকপ্রস্তাবে তাদের নাম যুক্ত করা হলে তা জাতির পক্ষ থেকে সম্মান প্রদর্শনের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হবে।
তিনি আরও বলেন, দেশের ইতিহাসে যারা অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে দাঁড়িয়েছেন, তাদের স্মরণ করা রাষ্ট্র ও জাতির কর্তব্য। আবরার ফাহাদ ও ফেলানী খাতুনের মৃত্যুর ঘটনা দীর্ঘদিন ধরে জনমনে আলোচিত এবং তা দেশের সার্বভৌমত্ব ও মানবিক মর্যাদার প্রশ্নকে সামনে এনেছে।
বিরোধীদলীয় এই নেতা বলেন, জাতীয় সংসদ দেশের সর্বোচ্চ গণতান্ত্রিক প্রতিষ্ঠান। সেখানে গৃহীত শোকপ্রস্তাবে এমন ব্যক্তিদের স্মরণ করা হলে তা নতুন প্রজন্মকে ইতিহাস ও ন্যায়বিচারের সংগ্রামের কথা মনে করিয়ে দেবে।
তিনি আরো বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে এবং শোকপ্রস্তাবে তাদের নাম অন্তর্ভুক্ত করে জাতির পক্ষ থেকে যথাযথ সম্মান জানানো হবে।
এএইচ/এফএ