images

রাজনীতি

‘শ্রমিকদের শৃঙ্খলা ও অধিকার প্রতিষ্ঠায় শ্রমিক দল সোচ্চার থাকবে’

নিজস্ব প্রতিবেদক

০৮ মার্চ ২০২৬, ০৪:৩৬ পিএম

জাতীয়তাবাদী শ্রমিক দলের সমন্বয়ক অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস এমপি বলেছেন, শ্রমিকরা একটি দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। তাদের পরিশ্রম, ঘাম এবং ত্যাগের ওপর দাঁড়িয়ে থাকে শিল্প-কারখানা, ব্যবসা-বাণিজ্য এবং সামগ্রিক অর্থনৈতিক অগ্রগতি। কিন্তু দুঃখজনকভাবে বহু ক্ষেত্রেই শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হন, কর্মক্ষেত্রে নানা ধরনের বৈষম্য, অবিচার এবং অনিরাপদ পরিবেশের শিকার হন।

তিনি বলেন, একটি রাষ্ট্রের অর্থনীতি, উন্নয়ন এবং সামাজিক ন্যায়বিচারের সাথে শ্রমিক সমাজ গভীরভাবে সম্পর্কিত। সেই শ্রমিকদের শৃঙ্খলা ও অধিকার প্রতিষ্ঠায় শ্রমিক দল সোচ্চার থাকবে।

রোববার (৮ মার্চ) ময়মনসিংহ শহরে শাহজাহান কমিউনিটি সেন্টারের সূর্যমুখী হলে বিভাগের সকল জেলা, সকল ট্রেড ইউনিয়ন ও বিভাগীয় কমিটির উদ্যোগে ‘শ্রম পরিস্থিতি ও শ্রমিক সংগঠনগুলোর ভূমিকা শীর্ষক’ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শ্রমিক নেতা আবু সাঈদের সভাপতিত্বে ও আব্দুস সোবাহানের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন শ্রমিক দলের প্রচার সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জু,

স্থানীয় নেতা আনোয়ার হোসেন, ইদ্রিস আলী, আসাদুল ইসলাম, ফজলুর রহমান নান্টু, সাজেদুল ইসলাম সায়েম, মনিরুজ্জামান মনির, শাহ সুজন প্রমূখ। ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে আজ এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ১০মার্চ চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভা অনুষ্ঠিত হবে। পর্যায়ক্রমে দেশের সকল বিভাগে সভা অনুষ্ঠিত হবে।

শিমুল বিশ্বাস বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল সবসময় শ্রমিকদের ন্যায্য অধিকার রক্ষার প্রশ্নে সোচ্চার ছিল এবং ভবিষ্যতেও থাকবে। আমরা বিশ্বাস করি— শ্রমিকদের অধিকার নিশ্চিত করা যেমন জরুরি, তেমনি কর্মক্ষেত্রে শৃঙ্খলা বজায় রাখাও সমান গুরুত্বপূর্ণ। শৃঙ্খলা ছাড়া কোনো শিল্প-কারখানা বা প্রতিষ্ঠান দীর্ঘমেয়াদে টিকে থাকতে পারে না, আবার শ্রমিকদের অধিকার উপেক্ষা করেও কোনো টেকসই উন্নয়ন সম্ভব নয়।

আরও পড়ুন

‘কোনো অজুহাতেই শ্রমিকদের ঈদ আনন্দ নষ্ট করা যাবে না’

বিএনপি নেতা বলেন, শ্রমিক দল সবসময় শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ, স্বাস্থ্য সুরক্ষা, সামাজিক নিরাপত্তা এবং শ্রম আইন বাস্তবায়নের দাবিতে কাজ করে যাচ্ছে। আমরা চাই— শ্রমিকরা যেন মর্যাদা নিয়ে কাজ করতে পারে, তাদের শ্রমের যথাযথ মূল্য পায় এবং কর্মক্ষেত্রে কোনো ধরনের শোষণ বা নির্যাতনের শিকার না হয়। একই সাথে আমরা শ্রমিকদের প্রতিও আহ্বান জানাই— তারা যেন কর্মক্ষেত্রে শৃঙ্খলা, দায়িত্ববোধ এবং পেশাগত সততা বজায় রাখে। শ্রমিক ও মালিকের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, বোঝাপড়া এবং সহযোগিতার পরিবেশ সৃষ্টি হলেই কেবল শিল্পখাত এগিয়ে যেতে পারে।

শিমুল বিশ্বাস বলেন, শ্রমিক দল দৃঢ়ভাবে বিশ্বাস করে— শ্রমিকদের অধিকার রক্ষা ও শৃঙ্খলা প্রতিষ্ঠার মাধ্যমে আমরা একটি ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ সমাজ গড়ে তুলতে পারবো। শ্রমিকদের স্বার্থ রক্ষা করা শুধু একটি সংগঠনের দায়িত্ব নয়, এটি রাষ্ট্র ও সমাজেরও দায়িত্ব।

শিমুল বিশ্বাস আরও বলেন, শ্রমিকদের কল্যাণ, মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল সবসময় শ্রমিকদের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। আমরা শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে গণতান্ত্রিক আন্দোলন ও সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করবো, ইনশাআল্লাহ।

জেবি