images

রাজনীতি

দলীয় নেতাদের সিটি করপোরেশনের প্রশাসক করা প্রতারণার শামিল: জামায়াত

জ্যেষ্ঠ প্রতিবেদক

২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫৭ পিএম

দেশের ছয়টি সিটি করপোরেশনে সরকারদলীয় ব্যক্তিদের প্রশাসক হিসেবে নিয়োগ দিয়ে সরকার জনআকাক্সক্ষার বিপরীতে অবস্থান নিয়েছে বলে মনে করছে জাতীয় সংসদের প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে দলের পক্ষে এমন প্রতিক্রিয়া জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

বিবৃতিতে জামায়াতের সেক্রেটারি বলেন, ‘গত ২২ ফেব্রুয়ারি স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন-১ শাখা থেকে প্রজ্ঞাপন জারি করে ঢাকা উত্তর সিটি করপোরেশন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, খুলনা সিটি করপোরেশন, সিলেট সিটি করপোরেশন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এবং গাজীপুর সিটি করপোরেশনে সরকারদলীয় ব্যক্তিদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সদ্য গঠিত বিএনপি সরকার শুরুতেই এই সিদ্ধান্তের মাধ্যমে জনআকাক্সক্ষার বিপরীতে অবস্থান নিয়েছে।’

মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, ‘জুলাই বিপ্লবের আকাক্সক্ষা ছিল বৈষম্যহীন ও গণতান্ত্রিক সমাজব্যবস্থা গড়ে তোলা, গণহত্যার বিচার কার্যক্রম সম্পন্ন করা এবং প্রয়োজনীয় সংস্কার এগিয়ে নেওয়া। এর প্রথম ধাপ হিসেবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়।

‘স্বাভাবিকভাবেই জনগণের প্রত্যাশা ছিল, পরবর্তী সময়ে স্থানীয় সরকারগুলোতে গণতান্ত্রিক পদ্ধতিতে জনপ্রতিনিধি নির্বাচিত হবেন। নির্বাচন কমিশনের পক্ষ থেকেও স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে ইতিবাচক ইঙ্গিত পাওয়া যাচ্ছিল। এমন পরিস্থিতিতে ছয়টি সিটি করপোরেশনে দলীয় পদধারীদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া নৈতিকভাবে গর্হিত এবং জনগণের সঙ্গে প্রতারণার শামিল।’

জামায়াতের সেক্রেটারি বলেন, ‘জনমনে গভীর সন্দেহের সৃষ্টি হয়েছে যে, স্থানীয় সরকার নির্বাচন পিছিয়ে দেওয়ার কোনো পরিকল্পনার অংশ হিসেবেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।’

একই সঙ্গে এটি আরেকটি ‘পাতানো’ নির্বাচনের প্রাথমিক ধাপ হতে পারে বলেও মনে করেন তিনি।

বিবৃতিতে তিনি দলীয় ব্যক্তিদের প্রশাসক হিসেবে নিয়োগ বাতিলের দাবি জানিয়ে বলেন, ‘অনতিবিলম্বে সিটি করপোরেশনসহ সব স্তরের স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে।’

গণতান্ত্রিক আকাক্সক্ষার সঙ্গে সাংঘর্ষিক এই সিদ্ধান্ত থেকে সরকারকে সরে আসার আহ্বানও জানান গোলাম পরওয়ার।

টিএই/এএম