মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

ঢাকার দুটিসহ ৬ সিটির প্রশাসক হলেন বিএনপি নেতারা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫৪ এএম

শেয়ার করুন:

ঢাকার দুটিসহ ৬ সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ

ঢাকা উত্তর ও দক্ষিণসহ দেশের ছয়টি সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন বিএনপির ছয় নেতা। এদের দুইজন ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যান। তিনজন দলের মনোনয়ন চেয়েও পাননি।

রবিবার (২২ ফেব্রুয়ারি) রাষ্ট্রপতির আদেশক্রমে স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে সই করেন যুগ্ম সচিব মাহবুবা আইরিন।


বিজ্ঞাপন


প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন আব্দুস সালাম। তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ছিলেন। এছাড়া ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়কের দায়িত্বও পালন করেছিলেন। গত নির্বাচনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের প্রধান নির্বাচনি এজেন্ট ছিলেন আব্দুস সালাম।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে মো. শফিকুল ইসলাম খানকে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি গত নির্বাচনে ঢাকা-১৫ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে লড়াই করে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের কাছে হেরে যান।

খুলনা সিটির প্রশাসকের দায়িত্ব পেয়েছেন নজরুল ইসলাম মঞ্জু। বিএনপির এই কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক খুলনা-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ত্রয়োদশ সংসদ নির্বাচনেও অংশ নিয়ে জামায়াতের প্রার্থীর কাছে হেরে যান।

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক হয়েছেন জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী। এবারের নির্বাচনে সিলেট-৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী থাকলেও তাকে মনোনয়ন না দিয়ে সিলেট জেলার ছয়টি সংসদীয় আসনে বিএনপির নির্বাচন সমন্বয়কের দায়িত্ব দেওয়া হয়।


বিজ্ঞাপন


নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসকের দায়িত্ব পেয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক মো. সাখাওয়াত হোসেন খান। ২০১৬ সালের সিটি করপোরেশন নির্বাচনে ধানের শীষ নিয়ে মেয়র পদে নির্বাচন করে তিনি হেরে গিয়েছিলেন। এবারের সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসনে দলের মনোননয়ন চেয়েও পাননি।

গাজীপুর মহানগর বিএনপির সভাপতি মো. শওকত হোসেন সরকারকে গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক করা হয়েছে। গত সংসদ নির্বাচনে তিনি গাজীপুর-২ আসনে দলের মনোনয়নপ্রত্যাশী ছিলেন।

প্রজ্ঞাপনে বলা হয়, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪-এর ধারা ২৫ক-এর উপধারা (১)- এর অনুবৃত্তিক্রমে উল্লেখিত ব্যক্তিদের করপোরেশন গঠন না হওয়া পর্যন্ত অথবা পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত তাদের নামের পাশে বর্ণিত সিটি করপোরেশনের পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হলো।

এতে আরও বলা হয়, নিয়োগ দেয়া প্রশাসকরা স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০১৪- এর ধারা ২৫ক-এর উপ-ধারা (৩) অনুযায়ী সিটি করপোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। তারা বিধি মোতাবেক ভাতা পাবেন।

এমআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর