images

রাজনীতি

সরকারে গেলে সবার জন্য নিরাপদ বাংলাদেশ গড়বে বিএনপি: তারেক রহমান

জ্যেষ্ঠ প্রতিবেদক

০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০০ পিএম

ভোটে জয়ী হয়ে সরকার গঠন করলে সবার জন্য নিরাপদ বাংলাদেশ গড়বে বিএনপি। যেখানে রাতের আধারেও নারীরা নিরাপদে চলাচল করতে পারবে।

রোববার (৮ ফেব্রুয়ারি) রাতে মোহাম্মদপুরের শ্যামলী মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এসব কথা বলেন।

তরুণদের বেকারত্ব থেকে রক্ষার বিষয়ে তিনি বলেন, বাংলাদেশের তরুণদের—ছেলে হোক বা মেয়ে—আমরা ভোকেশনাল শিক্ষা দেব। আমরা আইটি শিক্ষা দেব, বিভিন্ন টেকনিক্যাল শিক্ষা দেব। শিক্ষা দেওয়ার মাধ্যমে তরুণ সমাজকে দক্ষ মানুষ, দক্ষ কারিগর ও দক্ষ শ্রমিক হিসেবে গড়ে তুলতে চাই। এইভাবে গড়ে ওঠা তরুণরা দেশে যেমন ব্যবসা-বাণিজ্য ও চাকরি-বাকরির সুযোগ পাবে, তেমনি বিদেশেও কর্মসংস্থান করতে পারবে।

তিনি বলেন, অনেক মানুষ আছেন যাদের আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধব বিদেশে কর্মরত। আমরা দেখেছি, প্রবাসে যেতে গিয়ে অনেক সময় পরিবারের জমি বা সম্পদ বিক্রি করতে হয়। এ সমস্যা সমাধানে আমরা সিদ্ধান্ত নিয়েছি, ট্রেনিং সম্পন্ন করার পর যেসব তরুণ বিদেশে যেতে চায়, তাদের যেন আর জমি বিক্রি করতে না হয়। সে জন্য তাদের স্বল্প সুদে ক্ষুদ্র ঋণের ব্যবস্থা করা হবে। ওই ঋণের অর্থ দিয়ে তারা বিদেশে যাবে এবং পরবর্তীতে তাদের আয়ের মাধ্যমে ধীরে ধীরে ঋণ পরিশোধ করবে, ইনশাল্লাহ।

তারেক রহমান বলেন, আমরা এমন একটি পরিস্থিতি ও এমন একটি দেশ তৈরি করতে চাই, যেখানে আমাদের মা-বোনেরা সকাল, দুপুর, সন্ধ্যা কিংবা রাত—যেকোনো সময় নিরাপদে চলাচল করতে পারবে। তারা যেন নিশ্চিন্তে ও নিরাপদে চলাফেরা করতে পারে।

তিনি আরও বলেন, আমরা চাই আমাদের তরুণ যুবক, আমাদের ভাইয়েরা ও মুরুব্বিরা—যে যার ব্যবসা-বাণিজ্য বা চাকরি-বাকরি নিরাপদে ও নিশ্চিন্তে করতে পারুক। আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে এই এলাকাবাসীসহ সমগ্র ঢাকাবাসী ও দেশের মানুষ নিশ্চিন্তে রাতে নিজ নিজ ঘরে ঘুমাতে পারবে।

বিএনপি নির্বাচিত হয়ে দেশের মানুষের জন্য আইনশৃঙ্খলা নিশ্চিত করবে জানিয়ে তারেক রহমান বলেন, আমরা সেই রকম একটি বাংলাদেশ তৈরি করতে চাই। সে জন্য আমাদের দলীয় ফোরামে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ১২ তারিখে নির্বাচনের পর ১৩ তারিখে ইনশাল্লাহ বিএনপি সরকার গঠন করতে সক্ষম হলে, আমরা সবচেয়ে বেশি জোর দেব দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে এবং রাস্তাঘাটকে নিরাপদ করতে। মানুষ যেন নির্বিঘ্নে ও নিরাপত্তার সঙ্গে চলাফেরা করতে পারে। কারণ দেশ পরিচালনার অভিজ্ঞতা ছাড়া কোনো কর্মসূচি সফল করা সম্ভব নয় এবং জনগণের কাছে সুফল পৌঁছে দেওয়া যায় না। যতক্ষণ পর্যন্ত আইনশৃঙ্খলা কঠোরভাবে নিয়ন্ত্রণে আনা না যাবে, ততক্ষণ পর্যন্ত কোনো পরিকল্পনাই সুফল বয়ে আনবে না।

আরও পড়ুন: বন্দুকের নলেও দেশ ছাড়িনি: ববি হাজ্জাজ

এ সময় স্বাস্থ্য খাত নিয়ে নিজের পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, দেশের মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে আমরা সিদ্ধান্ত নিয়েছি। সমগ্র বাংলাদেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে। এই স্বাস্থ্যকর্মীরা শহর ও গ্রাম—সব জায়গায় কাজ করবে। বিশেষ করে মা-বোন ও শিশুরা, যারা অনেক সময় হাসপাতালে যেতে পারে না বা চিকিৎসা সুবিধা পায় না, স্বাস্থ্যকর্মীরা তাদের কাছেই যাবে। যেসব রোগ ঘরে বসেই চিকিৎসা দেওয়া সম্ভব, সেগুলো ঘরে বসেই চিকিৎসা দিয়ে মানুষকে সুস্থ করে তুলবে।

জনসভায় সভাপতিত্ব করেন ঢাকা-১৩ আসনের এমপি প্রার্থী ববি হাজ্জাজ। এ সময় আরও বক্তব্য রাখেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান উপদেষ্টা আতাউর রহমান ঢালি এবং ঢাকা উত্তরের সাবেক মেয়র প্রার্থী তাবিত আউয়ালসহ স্থানীয় বিএনপির নেতারা।

এমআইকে/এআর