images

রাজনীতি / সারাদেশ

নানিবাড়িতে এসে ‘বিশেষ আবদার’ করলেন তারেক রহমান

জেলা প্রতিনিধি

০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৫৫ পিএম

দিনাজপুর নানিবাড়িতে এসে বিশেষ আবদার করলেন বিএনপির চেয়ারম্যান এবং বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসনে দলটির প্রার্থী তারেক রহমান। 

শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেল পৌনে ৪টায় জেলার বিরামপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত জনসভায় দিনাজপুরবাসীর কাছে নিজের আবদার জানান তিনি।

তারেক রহমান বলেন, ‘আমি দিনাজপুরের নাতি। বহু বছর পর নানিবাড়ি আসছি। কিছু তো খাওয়ালেন না আপনারা। তাহলে একটা জিনিস দিতে হবে আপনাদের। আমাকে ধানের শীষে ভোট দিতে হবে।’

তিনি বলেন, ‘দিনাজপুর আজ সারাদেশ ও বিশ্বে কৃষি প্রধান অঞ্চল হিসেবে পরিচিত। এই অঞ্চলের বিখ্যাত লিচু দেশের গণ্ডি পেরিয়ে সবার কাছে সুপরিচিত। আমরা চাই, এই কৃষি প্রধান এলাকাকে কৃষির সঙ্গে সম্পর্কিত শিল্পের কেন্দ্র হিসেবে গড়ে তুলতে।’

তারেক রহমান আশ্বাস দেন, ‘দিনাজপুরের বিখ্যাত লিচু আধুনিকভাবে প্রক্রিয়াজাত করে বিদেশে রফতানির উদ্যোগ নেওয়া হবে। লিচু সংরক্ষণের জন্য আধুনিক হিমাগার নির্মাণ করা হবে, যাতে সারা বছর লিচু সংরক্ষণ ও রফতানি সম্ভব হয়।’

বিএনপির চেয়ারম্যান বলেন, ‘বিগত ১৬–১৭ বছর ধরে এই এলাকাসহ সমগ্র দেশের মানুষকে পরিকল্পিতভাবে তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে।’

তিনি বলেন, ‘জনগণকে তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। দেশের স্বাস্থ্যব্যবস্থা আজ ভেঙে পড়েছে। নারীদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। পাশাপাশি তরুণ ও যুবসমাজের জন্য পর্যাপ্ত কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়নি।’

এর আগে সকাল থেকে ঠাকুরগাঁও ও নীলফামারীতে জনসভায় বক্তব্য দেন তারেক রহমান। নির্বাচনকে সামনে রেখে প্রচার-প্রচারণায় তুমুল ব্যস্ত সময় পার করছেন তিনি।

এএইচ