যারা দেশ থেকে পালিয়ে গেছে তাদের সহযোগীরা নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার (৭ ফেব্রুয়ারি) নীলফামারী পৌরসভা মাঠে আয়োজিত জনসভায় এমন মন্তব্য করেন তিনি। উত্তরাঞ্চলের তিন জেলায় নির্বাচনি সমাবেশের অংশ হিসেবে ঠাকুরগাঁও জনসভা শেষ করে নীলফামারীর জনসভায় যোগ দেন বিএনপি প্রধান।
বিজ্ঞাপন
তারেক রহমান বলেন, যারা দেশ থেকে পালিয়ে গেছে তাদের সহযোগীরা নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে, যা বিভিন্ন মাধ্যমে দেখা যাচ্ছে। তারা নানা কৌশলে মানুষকে ভয়ভীতি প্রদর্শন করছে বলেও অভিযোগ করেন তিনি। তিনি বলেন, ‘একাত্তরে সব ধর্ম-বর্ণের মানুষ একসঙ্গে মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছে। একইভাবে জুলাই আন্দোলনের মাধ্যমে আমরা বিজয় অর্জন করেছি।’
দেশ গঠনে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বিএনপি চেয়ারম্যান বলেন, দেশের লক্ষ-কোটি তরুণ, শিশু, শ্রমিক, মা ও বোনদের নিরাপত্তা নিশ্চিত করা এবং সাধারণ মানুষ যেন নির্বিঘ্নে ব্যবসা-বাণিজ্য করতে পারে সেই পরিবেশ সৃষ্টি করাই বিএনপির লক্ষ্য। এসব পরিকল্পনা বাস্তবায়নের জন্য জনগণের সমর্থন প্রয়োজন। তিনি বলেন, ‘দেশ গঠনের পরিকল্পনা বাস্তবায়ন করতে হলে ধানের শীষকে জয়ী করে সরকার গঠনের সুযোগ দিতে হবে। তাহলেই জনগণের ভাগ্যের পরিবর্তন সম্ভব।’
তারেক রহমান অতীত স্মৃতিচারণ করে বলেন, বিদেশ যাওয়ার আগে তিনি এই এলাকায় শীতার্ত মানুষের মাঝে গরম কাপড় বিতরণ করেছিলেন। ‘এবার আমি নীলফামারীতে এসেছি দেশ গঠনের সুস্পষ্ট পরিকল্পনা নিয়ে’, বলেন তিনি।
বিএনপি প্রধান বলেন, মানুষ এখন জানতে চায় কে জনগণের জন্য কী করবে। বিএনপি আগামীর ভবিষ্যতের রূপরেখা জনগণের সামনে তুলে ধরেছে। বিএনপি দেশ গঠনে কাজ করবে। সেই শপথই গ্রহণ করছে বিএনপি।
বিজ্ঞাপন
নীলফামারীর উন্নয়ন প্রসঙ্গে তারেক রহমান বলেন, এখানে একটি বিশ্ববিদ্যালয় স্থাপনসহ ঘোষিত সব উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। এজন্য তিনি সবাইকে ভোটের মাধ্যমে ধানের শীষকে নির্বাচিত করার আহ্বান জানান।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্লোগান উল্লেখ করে তারেক রহমান বলেন, ‘করবো কাজ, গড়বো দেশ সবার আগে বাংলাদেশ’ এই আদর্শকে সামনে রেখে বিএনপি কাজ করছে। আগামী ১২ তারিখের পর দলের নেতাকর্মীদের দায়িত্ব হবে জনগণের পাশে থাকা বলেও তিনি উল্লেখ করেন।
এসময় তারেক রহমান ধানের শীষের প্রার্থীসহ জোটের প্রার্থী, খেজুর গাছ প্রতীকের প্রার্থীর পাশে থাকার জন্য নেতাকর্মী ও সমর্থকদের প্রতি আহ্বান জানান।
তারেক রহমান বলেন, তিনি তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু করবেন এবং এর পাশাপাশি বিভিন্ন খাল খননের উদ্যোগ নেওয়া হবে। এসব উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে এলাকাবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করেন তিনি।
ক.ম/

