মাহফুজুর রহমান
০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৪২ পিএম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের বিভিন্ন আসনে প্রার্থীদের পাশাপাশি তাঁদের পরিবারের সদস্যদেরও দেখা যাচ্ছে নির্বাচনি প্রচারে সরব। চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া ও ভোলার বিভিন্ন আসনে প্রার্থীদের জন্য ভোট চাইতে গ্রাম-গঞ্জের পথে নেমেছেন স্ত্রী, ছেলে-মেয়ে এমনকি নাতি-নাতনিরাও। ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ, গণসংযোগ, উঠান বৈঠক ও পথসভায় প্রার্থীদের স্বজনদের এই সক্রিয় উপস্থিতি নির্বাচনি প্রচারে ভিন্ন মাত্রা যোগ করেছে।
চট্টগ্রামের ১৬টি আসনেই প্রার্থীদের পরিবারের সদস্যদের ব্যস্ত সময় কাটছে ভোটের মাঠে। চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনে বিএনপির প্রার্থী মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের পক্ষে তাঁর স্ত্রী নওশীন আরজান চৌধুরী গ্রামের মেঠো পথে হেঁটে হেঁটে প্রচারপত্র বিতরণ করছেন। নারী ভোটারদের বুকে জড়িয়ে ধরে তাঁদের সুখ-দুঃখের কথা শুনছেন, করছেন পথসভাও। শুধু তিনি নন চট্টগ্রামের বিভিন্ন আসনে বিএনপি ও জামায়াতসহ বিভিন্ন দলের প্রার্থীদের স্ত্রী, সন্তান, বাবা-মা সরাসরি ভোটারদের কাছে গিয়ে ভোট প্রার্থনা করছেন।
চট্টগ্রাম-১১ আসনে বিএনপির প্রার্থী আমীর খসরু মাহমুদ চৌধুরীর পক্ষে প্রচারে নেমেছেন তাঁর ছেলে ইসরাফিল খসরু। একইভাবে চট্টগ্রাম-৬, ৮, ৯, ১২, ১৩, ২, ৩, ৪ ও ১০ আসনেও প্রার্থীদের ছেলে-মেয়েরা বাবার জন্য ভোট চাইছেন। আবার কোথাও বাবা নেমেছেন ছেলের জন্য প্রচারে। সাবেক মন্ত্রী মীর মোহাম্মদ নাছির উদ্দীন হাটহাজারীতে ছেলে মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের জন্য ধানের শীষে ভোট চেয়ে ভোটারদের কাছে দোয়া প্রার্থনা করছেন।
স্ত্রীদের ভূমিকাও চোখে পড়ার মতো। সীতাকুণ্ডে আসলাম চৌধুরীর স্ত্রী জামিলা নাজনীন মাওলা, বাঁশখালীতে মিশকাতুল ইসলাম চৌধুরীর স্ত্রী আনিলা ইসলাম চৌধুরী, রাঙ্গুনিয়ায় হুম্মাম কাদের চৌধুরীর স্ত্রী শ্যামানজার শ্যামা খানসহ একাধিক আসনে প্রার্থীদের স্ত্রীরা মূলত নারী ভোটারদের লক্ষ্য করে নিয়মিত গণসংযোগ চালাচ্ছেন।
এছাড়া ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা–আখাউড়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক এমপি মুশফিকুর রহমানের পক্ষে মাঠে নেমেছেন তাঁর মেয়ে মেহভীন রহমান মুনিয়া। স্বামী ও সন্তানকে সঙ্গে নিয়ে তিনি আখাউড়া পৌর শহরের বিভিন্ন এলাকায় দোকানে দোকানে গিয়ে ধানের শীষে ভোট চেয়ে লিফলেট বিতরণ করেন। ভোটারদের কাছ থেকে ব্যাপক সাড়া পাওয়ার কথা জানিয়ে মুনিয়া বলেন, বাবার প্রতি মানুষের ভালোবাসায় তিনি অভিভূত।
ভোলাতেও একই চিত্র। ভোলা সদর আসনে বিজেপির প্রার্থী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থর পক্ষে ভোট চাইতে গ্রামে গ্রামে ঘুরছেন তাঁর মা রেবা রহমান। উঠান সভায় তিনি গরুর গাড়ি মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, পার্থ যেন তাঁর বাবা মরহুম নাজিউর রহমান মঞ্জুরের মতো ভোলার মানুষের সেবা করতে পারেন। একই আসনে পার্থর বড় মেয়ে মাহামা রহমানও বাবার জন্য ভোট চেয়ে উঠান বৈঠকে আবেগঘন বক্তব্য দেন। তিনি বলেন, ভোলার সঙ্গে তাঁদের পরিবারের রক্তের সম্পর্ক রয়েছে এবং বাবাকে সুযোগ দিলে ভোলাবাসী কখনো ঠকবেন না।
ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রার্থীদের পাশাপাশি তাঁদের পরিবারের সদস্যদের সরাসরি কাছে পাওয়ায় তাঁরা খুশি। ভোটের পরও প্রার্থী ও তাঁদের স্বজনরা যেন মানুষের সুখ-দুঃখে পাশে থাকেন—এটাই তাঁদের প্রত্যাশা।
নির্বাচনি প্রচারে পরিবারকেন্দ্রিক এই অংশগ্রহণ একদিকে যেমন ভোটারদের সঙ্গে প্রার্থীদের দূরত্ব কমাচ্ছে, অন্যদিকে নির্বাচনের মাঠে যোগ করছে আবেগ, সম্পর্ক ও ব্যক্তিগত বিশ্বাসের নতুন মাত্রা।
এম/ক.ম