images

রাজনীতি

আমিরের এক্স একাউন্ট ‘হ্যাকিংয়ের’ প্রতিবাদ জানাতে বঙ্গভবনে যাবে জামায়াত

নিজস্ব প্রতিবেদক

০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০২:২৪ পিএম

আমির ডা. শফিকুর রহমানের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট ‘হ্যাক করে’ নারীবিদ্বেষমূলক প্রচারণা চালানোর বিষয়ে প্রতিবাদ জানাতে বঙ্গভবনে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকাল ৪টার দিকে বঙ্গভবনে যাবে জামায়াতের একটি প্রতিনিধি দল।

দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিনিধি দলটির নেতৃত্ব দেবেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও পরিকল্পনাবিদ সিরাজুল ইসলাম। তারা ওই ঘটনার বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ জানাবেন। পাশাপাশি বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করবেন।

জামায়াত বলছে, বঙ্গভবনের একটি ই-মেইল ব্যবহার করে আমির ডা. শফিকুর রহমানের এক্স হ্যান্ডেল হ্যাক করা হয়। এরপর ওই হ্যান্ডেল থেকে পরিকল্পিতভাবে নারীবিদ্বেষমূলক ও বিভ্রান্তিকর প্রচারণা চালানো হয়। যেটি উদ্দেশ্যপ্রণোদিতভাবে ব্যক্তি ও সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা।

দলটি আরও বলেছে, এটি শুধু একটি ব্যক্তিগত অ্যাকাউন্ট হ্যাকের ঘটনা নয়; বরং রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার, যা গণতান্ত্রিক পরিবেশ ও সামাজিক সম্প্রীতির জন্য হুমকি।

জামায়াতের কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এবং সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের এক বিজ্ঞপ্তিতে ওই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবিও জানানো হয়েছে।

এম/এএম