জ্যেষ্ঠ প্রতিবেদক
০১ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫৮ পিএম
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঢাকা-১৭ আসনের বিএনপির প্রার্থী ও দলের চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে দ্বিতীয় দিনের মতো প্রচারণা চালিয়েছেন তার ছোটভাই প্রয়াত আরাফাত রহমান কোকোর সহধর্মিণী সৈয়দা শামিলা রহমান সিঁথি।
রোববার (১ ফেব্রুয়ারি) বিকেলে কড়াইল বস্তি সংলগ্ন টিএন্ডটি কলোনিতে স্থানীয় এলাকাবাসীদের নিয়ে উঠান বৈঠক করেন কোকো-পত্নী। এসময় তিনি বৈঠকে উপস্থিত নারীদের কাছে তারেক রহমানের জন্য ভোট ও দোয়া চান।
শামিলা রহমান সিঁথি বলেন, ‘ধানের শীষের পক্ষে জনগণের সাড়া দেখে আমরা অভিভূত। ইনশাআল্লাহ, জনগণের ভোটে আগামী দিনে বিএনপিই সরকার গঠন করবে।’
পরে তিনি বাড্ডা নতুন বাজার সংলগ্ন গীর্জায় গিয়ে খ্রিস্টান সম্প্রদায়ের মানুষজনের সাথে নির্বাচন নিয়ে কথা বলেন। তিনি তারেক রহমানের জন্য সকলের নিকট ভোট ও দোয়া প্রার্থনা করেন।
এসময় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম, ব্যারিস্টার মেহনাজ মান্নানসহ স্থানীয় বিএনপি ও অংগ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এরআগে শনিবার (৩১ জানুয়ারি) শাহাজাদপুর সুবাস্তু নজর ভ্যালি মার্কেট ও গুলশান এলাকার ডিএনসিসি মার্কেটের ব্যবসায়ীদের মধ্যে গণসংযোগ ও লিফলেট বিতরণ শুরু করেন সিঁথি।
বিইউ/এএম