নিজস্ব প্রতিবেদক
০১ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:২৪ পিএম
ইনসাফ কায়েমে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিশ্রুতির কড়া সমালোচনা করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
তিনি বলেছেন, ‘জামায়াত আমেরিকার সঙ্গে গোপন বৈঠক করে তাদের ইনসাফ বাস্তবায়ন করতে চায়। আমরা আমেরিকার ইনসাফ দেখেছি, ভারতের ইনসাফ দেখেছি, বাংলার মানুষ আর ওইসব ইনসাফ দেখতে চায় না।’
রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় হাজিরহাট এলাকায় নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চরমোনাই পীর বলেন, ‘প্রচলিত নিয়মে ৫৪ বছর দেশ চালানোর পর কি ইনসাফভিত্তিক রাষ্ট্র বাস্তবায়ন করা হয়েছে? এই নিয়মে আবার নতুন করে কীভাবে ইনসাফভিত্তিক রাষ্ট্র বাস্তবায়ন করবে তারা?’
তিনি আরও বলেন, ‘জামায়াত স্পষ্টভাবে বলেছে, তারা ইসলামী শরীয়াহ আইনে দেশ চালাবে না। তারা প্রচলিত নিয়ম অনুযায়ী দেশ চালাবে ক্ষমতায় গেলে।’
ইসলামী আন্দোলনের আমির বলেন, ‘তাদের (জামায়াত) প্রার্থী কৃষ্ণনন্দী বলেছেন, জামায়াত কোনো ইসলামী দল না। তারা ক্ষমতায় গেলে কোনো নীতি আদর্শে দেশ পরিচালনা করবে।’
‘যে নীতিতে হাজার হাজার মায়ের বুক খালি হয়েছে। যে নীতি আদর্শে এ দেশের টাকা বিদেশে পাচার হয়ে বেগমপাড়া তৈরি হয়েছে। রাস্তায় মানুষ নামার পরে গুম হয়ে যেত, খুন হয়ে যেত, এ নীতিতে তারা দেশ চালানোর পাঁয়তারা করছে’, যোগ করেন মুফতি রেজাউল করীম।
আরও পড়ুন:
লক্ষ্মীপুর-৪ আসনের হাতপাখার প্রার্থীর খালেদ সাইফুল্লাহর সভাপতিত্বে জনসভায় বক্তব্য দেন ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সদস্য রেজাউল করিম আবরার, ইসলামী চিন্তাবিদ হাবিবুর রহমান মেজবাহ ও ইসলামী আন্দোলন জেলা কমিটির সেক্রেটারি জহিরুল ইসলাম প্রমুখ।
এসএইচ/এএম