Dhaka Mail Logo

রাজনীতি / আইন-আদালত

প্রার্থিতা ফিরে পেতে শেষ ভরসা আপিলে যাচ্ছেন মঞ্জুরুল আহসান মুন্সী

নিজস্ব প্রতিবেদক

২২ জানুয়ারি ২০২৬, ১২:৪২ পিএম

কুমিল্লা-৪ আসনে মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে দায়ের করা রিট খারিজের আদেশের বিরুদ্ধে শেষ ভরসা আপিল বিভাগে আবেদন করতে যাচ্ছেন বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) আপিল বিভাগে এই আবেদন করা হচ্ছে। বিষয়টি জানিয়েছেন তার আইনজীবী অ্যাডভোকেট সাইফুল্লাহ আল মামুন।

এর আগে বুধবার কুমিল্লা-৪ আসনে মঞ্জুরুল আহসান মুন্সী মনোনয়ন ফিরে পেতে নির্বাচন কমিশনের (ইসি) দেওয়া সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ করে দেয় হাইকোর্ট। এই রিট খারিজের ফলে তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন আইনজীবীরা।

বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি মো. আনোয়ারুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।

হাইকোর্টে তার রিট খারিজের পর আসনের আরেক প্রার্থী হাসনাত আব্দুল্লাহর আইনজীবী মোহাম্মদ হোসেন লিপু জানান, আদালতের কাছে ঋণখেলাপির তথ্য গোপন করে প্রতারণা করেছেন মঞ্জুরুল আহসান মুন্সী। আদালত তার প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত বহাল রেখেছেন। এখন তিনি নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। তবে তিনি হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করতে পারবেন।

উল্লেখ্য, গত ১৭ জানুয়ারি আপিল শুনানি শেষে মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিল করে নির্বাচন কমিশন। এর আগে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা মনোনয়নপত্র বাছাইয়ে তাকে বৈধ ঘোষণা করেছিলেন। তবে ওই সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করেন কুমিল্লা-৪ আসনের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হাসনাত আবদুল্লাহ।

আপিলে হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেন, বিএনপির প্রার্থী ঋণখেলাপি হওয়ার তথ্য গোপন করে মনোনয়নপত্র দাখিল করেছেন। আগারগাঁওয়ে নির্বাচন ভবনের মিলনায়তনে শুনানি শেষে তার আপিল মঞ্জুর করে ইসি। এর ফলে মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়।

/এএস