Dhaka Mail Logo

রাজনীতি

জামায়াতের নির্বাচনি সফরসূচি চূড়ান্ত, কমিটিতে যুক্ত হলো আরও ৯ মুখ

নিজস্ব প্রতিবেদক

২২ জানুয়ারি ২০২৬, ১০:৫২ এএম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক প্রস্তুতি আরও গতিশীল করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এরই ধারাবাহিকতায় দলটির জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২১ জানুয়ারি) রাতে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে সার্বিক কৌশল, কর্মপরিকল্পনা ও সাংগঠনিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি এ টি এম মা’ছুম। সভা সঞ্চালনা করেন কমিটির সদস্যসচিব ও সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম। এ সময় কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

দলীয় সূত্রে জানা গেছে, বৈঠকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও সম্ভাব্য গণভোট ইস্যুতে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি নির্বাচনি প্রস্তুতির অংশ হিসেবে গঠিত বিভিন্ন কমিটি ও উপকমিটির কার্যক্রম পর্যালোচনা করে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।

বিশেষ গুরুত্ব দেওয়া হয় আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকে শুরু হতে যাওয়া দলীয় নির্বাচনি সফরসূচিকে। দীর্ঘ আলোচনা শেষে সফরসূচি চূড়ান্ত করা হয়।
এছাড়া বৈঠকে জাতীয় নির্বাচন পরিচালনা কমিটিতে নতুন করে ৯ জন সদস্যকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়।

নতুন সদস্যরা হলেন— সাবেক সচিব ড. খন্দকার খ ম কবিরুল ইসলাম, ড. খলিলুর রহমান মাদানী, অলি উল্লাহ নোমান, শহীদুল ইসলাম, ডা. আনোয়ারুল আযীম, মিসেস নুরুন্নিসা সিদ্দিকা, মিসেস সাঈদা রুম্মান, ডা. হাবিবা চৌধুরী সুইট এবং আয়েশা সিদ্দিকা পারভীন।

দলীয় নেতারা মনে করছেন, নতুন সদস্য অন্তর্ভুক্তির মাধ্যমে নির্বাচন পরিচালনা কমিটির কার্যক্রম আরও শক্তিশালী ও গতিশীল হবে।

এমআর/এমআই