নিজস্ব প্রতিবেদক
১৭ নভেম্বর ২০২৩, ০৮:১৮ পিএম
যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু নির্বাচনকে সামনে সৃষ্ট সংঘাত নিরসনে শর্তহীন সংলাপের আহ্বান জানিয়ে যে চিঠি দিয়েছিলেন এর জবাব দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এতে দলটি জানিয়েছে, সংলাপ করার জন্য যথেষ্ট সময় হাতে নেই।
শুক্রবার (১৭ নভেম্বর) দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের পক্ষে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য অধ্যাপক মোহাম্মদ আলী আরাফাত অ্যাকটিং ডেপুটি চিফ অব মিশন মি. আর্টুরো হাইন্সের কাছে জবাবি চিঠি হস্তান্তর করেন।
আরও পড়ুন: শর্তহীন সংলাপের ‘চাপ’, কী ভাবছে আওয়ামী লীগ?
চিঠিতে আওয়ামী লীগ দেশের সাম্প্রতিক রাজনৈতিক চিত্র তুলে ধরেছে। এতে ২৮ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত অবরোধ সমর্থকদের দ্বারা মোট ১৫৪টি অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে উল্লেখ করা হয়।
পাশাপাশি নির্বাচন কমিশন থেকে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে বলেও জানানো হয়।
ডোনাল্ড লু’কে আওয়ামী লীগ জানিয়েছে, নির্বাচনকে কেন্দ্র করে আগামী সপ্তাহগুলো আওয়ামী লীগের ব্যস্ততা থাকবে৷ এ সময়ে আর ফলপ্রসূ আলোচনার জন্য যথেষ্ট সময় নেই।

আওয়ামী লীগ দীর্ঘ দিন ধরে রাজনৈতিক বিষয়গুলো আলোচনার টেবিলে নিয়ে আসার চেষ্টা করেছে। তবে বিএনপি তাতে সাড়া দেয়নি বলেও চিঠিতে জানান ওবায়দুল কাদের৷
আরও পড়ুন: ডোনাল্ড লুর চিঠির জবাবে যা বলল বিএনপি
এর আগে গত ১৩ নভেম্বর ডোনাল্ড লু বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বরাবর একটি চিঠি পাঠান। পরে চিঠিটি তার কাছে হস্তান্তর করেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস।
কয়েক দফা বাংলাদেশ সফর করে যাওয়া মার্কিন কূটনীতিক ডোনাল্ড লু একই চিঠি বিএনপি ও জাতীয় পার্টিকেও পাঠান। চিঠিতে দেশের প্রধান তিনটি দলকে শর্তহীন সংলাপে বসার আহ্বান জানানো হয়।
বিএনপি আগেই চিঠির জবাব দিয়েছে। এবার ক্ষমতাসীন আওয়ামী লীগও চিঠির জবাব দিল।
কারই/জেবি