ঢাকা মেইল ডেস্ক
১৭ নভেম্বর ২০২৬, ০৯:২৬ পিএম
চিকিৎসাসেবা প্রাপ্তি মানুষের মৌলিক অধিকার। অসুস্থ মানুষ সুস্থ হওয়ার আশায় চিকিৎসকের কাছে যান, হাসপাতালের শরণাপন্ন হন। চিকিৎসকের ওপর বিশ্বাস রাখেন, হাসপাতালের ওপর নির্ভর করেন। এই বিশ্বাসের ভিত্তি হলো মানবিকতা, পেশাগত দায়িত্ববোধ ও নৈতিকতা। কিন্তু সেই চিকিৎসাসেবাই যখন একশ্রেণির মানুষের অর্থ উপার্জনের হাতিয়ারে পরিণত হয়, রোগীর অসহায়ত্ব যখন কমিশন বাণিজ্যের সুযোগ সৃষ্টি করে, তখন তা শুধু দুর্নীতি নয়, মানবিকতার চরম অবক্ষয়ও বটে। খারাপ শোনা গেলেও বাংলাদেশের স্বাস্থ্য খাতের চিত্র আমাদের সেই কঠিন বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়েছে।
সম্প্রতি বাংলাদেশ হেলথ ওয়াচের ২০২৫-২৬ সালের দ্বিবার্ষিক গবেষণা প্রতিবেদনে স্বাস্থ্য খাতের দুর্নীতি, অনিয়ম ও প্রাতিষ্ঠানিক দুর্বলতার যে চিত্র উঠে এসেছে, তা রীতিমতো উদ্বেগজনক। প্রতিবেদনে বলা হয়েছে, রোগীদের বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা করানোর জন্য পাঠিয়ে একশ্রেণির চিকিৎসক পরীক্ষার ফির ২০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত কমিশন পেয়ে থাকেন। বড় ডায়াগনস্টিক প্রতিষ্ঠানগুলোতে এ ধরনের কমিশন লেনদেনের বার্ষিক পরিমাণ প্রায় ১ হাজার ৮৬১ কোটি টাকা হতে পারে বলে গবেষণায় অনুমান করা হয়েছে। তবে এই হিসাব স্বাধীন যাচাইয়ের দাবি রাখে। এটি নিরীক্ষিত বা প্রমাণিত অর্থের পরিমাণ নয়; বরং গবেষণাভিত্তিক একটি অনুমান। তা সত্ত্বেও এই তথ্য স্বাস্থ্য খাতের নৈতিক সংকটের গভীরতা বুঝতে যথেষ্ট।
প্রশ্ন হচ্ছে, একজন চিকিৎসক যখন রোগীকে কোনো নির্দিষ্ট ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা করানোর পরামর্শ দেন, তখন তার উদ্দেশ্য কী—রোগীর সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করা, নাকি পরীক্ষার বিনিময়ে ব্যক্তিগত কমিশন অর্জন? তবে ঢালাওভাবে সব চিকিৎসকের ক্ষেত্রে এমন অভিযোগ প্রযোজ্য নয় বলে মনে করি। দেশের অসংখ্য চিকিৎসক নিষ্ঠা, সততা ও মানবিকতার সঙ্গে দায়িত্ব পালন করছেন। কিন্তু পেশার আড়ালে কেউ যদি রোগীর অসুস্থতাকে ব্যক্তিগত আয়ের উৎসে পরিণত করেন, তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা জরুরি। কারণ এতে রোগী অপ্রয়োজনীয় পরীক্ষা করানোর ঝুঁকিতে পড়েন, চিকিৎসার ব্যয় বাড়ে এবং চিকিৎসকের পরামর্শের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হয়।
স্বাস্থ্য খাতের আরেকটি ভয়াবহ সমস্যা সরকারি হাসপাতালে চিকিৎসকদের কর্মস্থলে অনুপস্থিতি। বাংলাদেশ হেলথ ওয়াচের গবেষণায় আকস্মিক পরিদর্শনের সময় প্রায় ৪০ শতাংশ চিকিৎসককে কর্মস্থলে অনুপস্থিত পাওয়া গেছে। প্রত্যন্ত অঞ্চলের কিছু স্বাস্থ্যকেন্দ্রে অনুপস্থিতির হার ৭০ শতাংশের বেশি পাওয়া গেছে। দায়িত্ব পালন না করেও বেতন-ভাতা গ্রহণের অভিযোগও প্রতিবেদনে উঠে এসেছে। একজন দরিদ্র মানুষ যখন চিকিৎসার আশায় উপজেলা বা জেলা হাসপাতালে যান, তখন চিকিৎসককে না পেয়ে তাকে হয়রানির শিকার হতে হয়। অনেক ক্ষেত্রে বাধ্য হয়ে বেসরকারি হাসপাতাল বা ক্লিনিকে যেতে হয়। এতে তাঁর চিকিৎসার ব্যয় বহুগুণ বেড়ে যায়। সরকারি বেতন-ভাতা গ্রহণ করেও দায়িত্ব পালন না করা শুধু প্রশাসনিক অপরাধ নয়, অসুস্থ ও অসহায় মানুষের প্রতি চরম উদাসীনতা ও দায়িত্বহীনতা।
সরকারি হাসপাতালের ভেতরে দালালচক্রের দৌরাত্ম্যও উদ্বেগজনক। শয্যা বরাদ্দ, হাসপাতাল থেকে ছাড়পত্র, অস্ত্রোপচারের তারিখ নির্ধারণ কিংবা চিকিৎসাসেবা পাওয়ার ক্ষেত্রে রোগীদের কাছ থেকে অবৈধ অর্থ আদায়ের অভিযোগতো রয়েছেই। প্রতিবেদনে এমন ঘটনার উল্লেখ করা হয়েছে, যেখানে অস্ত্রোপচারের তারিখ নির্ধারণের প্রতিশ্রুতি দিয়ে এক ওয়ার্ডকর্মী একজন বৃদ্ধ রোগীর কাছ থেকে পাঁচ হাজার টাকা নেন। অথচ সংশ্লিষ্ট ওয়ার্ডে অস্ত্রোপচারের কোনো ব্যবস্থাই নেই। আরও উদ্বেগের বিষয়, ওই কর্মচারীর বিরুদ্ধে যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা না নিয়ে তাঁকে অন্যত্র বদলি করা হয়। এ ধরনের ব্যবস্থা দুর্নীতিকে নিরুৎসাহিত করে না; বরং অনিয়মকারীদের দায়মুক্তির সংস্কৃতি তৈরি করে।
চিকিৎসা সরঞ্জাম কেনাকাটায় অনিয়মের চিত্রও ভয়াবহ। কেন্দ্রীয় ঔষধাগার বা সিএমএসডির কেনাকাটায় ৪৫৯ কোটি টাকার আর্থিক ক্ষতির তথ্য প্রতিবেদনে উঠে এসেছে। একই সঙ্গে ২৮৩ কোটি টাকার চিকিৎসা সরঞ্জাম অব্যবহৃত পড়ে থাকার কথা বলা হয়েছে। কিছু সরঞ্জাম বাজারদরের ১৮ গুণ পর্যন্ত বেশি দামে কেনার তথ্যও রয়েছে। একদিকে দেশের অসংখ্য হাসপাতালে প্রয়োজনীয় যন্ত্রপাতি নেই, অন্যদিকে কোটি কোটি টাকার সরঞ্জাম কেনার পর সেগুলো ব্যবহার না করে ফেলে রাখা হচ্ছে। এর চেয়ে বড় অপচয় ও দায়িত্বহীনতা আর কী হতে পারে? এসব কেনাকাটার সঙ্গে কারা জড়িত, কোন প্রক্রিয়ায় দরপত্র হয়েছে, বাজারদরের সঙ্গে ক্রয়মূল্যের এত পার্থক্য কেন এবং যন্ত্রপাতি ব্যবহার না হওয়ার দায় কার—এসব প্রশ্নের নিরপেক্ষ তদন্ত হওয়া ভীষণ প্রয়োজন।
স্বাস্থ্য খাতের দুর্নীতি শুধু অর্থ আত্মসাৎ বা কমিশন বাণিজ্যে সীমাবদ্ধ নয়। নিয়োগ, বদলি ও পদোন্নতিতেও রাজনৈতিক প্রভাব, স্বজনপ্রীতি এবং অনিয়মের অভিযোগ রয়েছে। প্রতিবেদনে স্বাস্থ্য খাতের ১ লাখ ৮০ হাজারের বেশি কর্মীর মানবসম্পদ ব্যবস্থাপনায় এসব দুর্বলতার কথা উল্লেখ করা হয়েছে। যোগ্যতা ও দক্ষতার পরিবর্তে রাজনৈতিক পরিচয় কিংবা প্রভাব যদি নিয়োগ ও পদোন্নতির নির্ধারক হয়, তাহলে স্বাস্থ্যসেবার মান উন্নত হবে কীভাবে? চিকিৎসা একটি বিশেষায়িত পেশা। এখানে অযোগ্যতা ও দায়িত্বহীনতার মূল্য দিতে হয় মানুষের জীবন দিয়ে। সুতরাং নিয়োগ থেকে পদোন্নতি পর্যন্ত প্রতিটি ক্ষেত্রে স্বচ্ছতা ও মেধার মূল্যায়ন নিশ্চিত করতে হবে।
নিয়ন্ত্রক প্রতিষ্ঠানগুলোর দুর্বলতাও এই সংকটের অন্যতম কারণ। বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলে ২০১০ সাল থেকে ২০২৫ সালের মে পর্যন্ত ১৭২টি অভিযোগ জমা পড়েছে। এর মধ্যে ৭৯টি অভিযোগ নিষ্পত্তির অপেক্ষায় ছিল এবং ২৯টি ঘটনায় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। চিকিৎসায় অবহেলার অভিযোগ নিষ্পত্তিতে দীর্ঘসূত্রতা থাকলে রোগীরা ন্যায়বিচার পাবেন কীভাবে? চিকিৎসকদের পেশাগত আচরণ, তদারককারী প্রতিষ্ঠানগুলোর স্বাধীনতা, নিরপেক্ষতা ও জবাবদিহি নিশ্চিত করা জরুরি।
পূর্বেই বলা হয়েছে, চিকিৎসক সমাজের সবাই দুর্নীতিগ্রস্ত নন। বিপুলসংখ্যক চিকিৎসক প্রতিকূল পরিবেশ, সীমিত সুযোগ-সুবিধা ও জনবলসংকটের মধ্যেও আন্তরিকতার সঙ্গে সেবা দিয়ে যাচ্ছেন। তাঁদের সম্মান ও পেশাগত মর্যাদা রক্ষা করা রাষ্ট্রের দায়িত্ব। একই সঙ্গে পেশার পরিচয় ব্যবহার করে যাঁরা রোগীর অসহায়ত্বকে পুঁজি করছেন, তাঁদেরও কোনোভাবেই রক্ষা করা সমীচীন হবে না।ব্যক্তিগত অপরাধের দায় পুরো চিকিৎসক সমাজের ওপর চাপানো যেমন অন্যায়, তেমনি পেশাগত পরিচয়ের কারণে অপরাধীদের দায়মুক্তি দেওয়াও গ্রহণযোগ্য নয়।
স্বাস্থ্য খাতের এই দুরবস্থা থেকে উত্তরণে প্রয়োজন সমন্বিত ও কাঠামোগত সংস্কার। প্রথমত, রোগী রেফারেলের বিনিময়ে চিকিৎসকদের গোপন কমিশন গ্রহণ বন্ধে কার্যকর আইন ও কঠোর নজরদারি নিশ্চিত করতে হবে। দ্বিতীয়ত, সরকারি হাসপাতালে চিকিৎসকদের উপস্থিতি নিশ্চিত করতে ডিজিটাল হাজিরা ও নিয়মিত আকস্মিক পরিদর্শনের ব্যবস্থা করতে হবে। তৃতীয়ত, সরকারি কেনাকাটায় দরপত্র, ক্রয়মূল্য, সরবরাহ, স্থাপন ও ব্যবহারসংক্রান্ত তথ্য জনসমক্ষে প্রকাশ করতে হবে। চতুর্থত, চিকিৎসায় অবহেলা ও পেশাগত অসদাচরণের অভিযোগ দ্রুত নিষ্পত্তির জন্য স্বাধীন ও কার্যকর ব্যবস্থা গড়ে তুলতে হবে। পাশাপাশি দুর্নীতির তথ্য প্রকাশকারীদের আইনি সুরক্ষা নিশ্চিত করা জরুরি।
স্বাস্থ্য খাত কোনো সাধারণ বাণিজ্যিক খাত নয়। এখানে মানুষের জীবন, মৃত্যু, যন্ত্রণা ও বেঁচে থাকার অধিকার জড়িত। ইসলামের দৃষ্টিতেও মানুষের জীবন রক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমানত। একজন চিকিৎসকের কাছে রোগী এমন একজন মানুষ, যিনি তার জীবন ও সুস্থতার জন্য চিকিৎসকের জ্ঞান, দক্ষতা ও সততার ওপর আস্থা রাখেন। সেই আস্থার অপব্যবহার যারা করেন তারা দেখতে মানুষের মতো হলেও প্রকৃত অর্থে ওরা অমানুষ।
সরকারকে মনে রাখতে হবে, শুধু নতুন হাসপাতাল নির্মাণ, বাজেট বৃদ্ধি কিংবা চিকিৎসা সরঞ্জাম কেনার মাধ্যমে স্বাস্থ্যসেবার উন্নয়ন সম্ভব নয়। প্রয়োজন সুশাসন, সততা, জবাবদিহি ও কার্যকর তদারকি। দুর্নীতির সঙ্গে জড়িত ব্যক্তি যে-ই হোন, তার রাজনৈতিক পরিচয়, পেশাগত মর্যাদা কিংবা প্রভাব বিবেচনা না করে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। কারণ দুর্নীতির মূল্য দিচ্ছেন সাধারণ মানুষ—কেউ জমি বিক্রি করে, কেউ ঋণ করে, কেউ চিকিৎসার অভাবে প্রিয়জনকে হারিয়ে।
মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলার অধিকার কারও নেই। চিকিৎসাসেবাকে কমিশন বাণিজ্য, অনিয়ম ও ব্যক্তিস্বার্থের হাত থেকে রক্ষা করা এখন সময়ের দাবি। স্বাস্থ্য খাতে দুর্নীতির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং রোগীর অধিকার নিশ্চিত করতে রাষ্ট্রকে এখনই ব্যবস্থা গ্রহণ করতে হবে।
লেখক: সাবেক গভর্নিং বডি সদস্য, ইসলামী ব্যাংক হাসপাতাল রাজশাহী; ইসলামী ব্যাংক ফাউন্ডেশন পরিচালিত হাসপাতালসমূহের সাবেক পরিচালক