ঢাকা মেইল ডেস্ক
১৯ জুন ২০২৬, ০২:১৬ পিএম
পত্রসাহিত্য অবশ্যই সাহিত্য। ক্ষেত্রবিশেষে তা অত্যন্ত আবেদনধর্মী জীবন্ত সাহিত্য হিসেবে স্বীকৃত। এই ধরনের সাহিত্যে চিঠি বা পত্রের মাধ্যমে ব্যক্তিগত, ঐতিহাসিক বা উপন্যাসধর্মী বা কাহিনীভিত্তিক বা দার্শনিক ও শিক্ষামূলক ভাব, অনুভূতি বা ঘটনা লিপিবব্ধ হয়। তাই বলা যায়, চিঠি-পত্র কেন্দ্রিক যে সাহিত্য রচিত হয় তাকেই পত্রসাহিত্য বলে। বাংলা সাহিত্যে নজরুল পত্রাবলি নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ সাহিত্যের আঁকর। পক্ষান্তরে, রবীন্দ্রনাথ ঠাকুর-এর ছিন্নপত্র পত্রসাহিত্যের একটি বিখ্যাত উদাহরণ। পত্রসাহিত্যে সাধারণত আন্তরিকতা ও ব্যক্তিগত অনুভূতির প্রকাশ থাকে। ভাষা প্রাঞ্জল-ঋজুগতির এবং স্বাভাবিক ও সহজবোধ্য। এই ধরনের লেখনীতে লেখকের ব্যক্তিত্ব ও মানসিকতার প্রতিফলন ঘটে। পত্রসাহিত্য বা পত্রালাপ সমকালীন সমাজ, সংস্কৃতি, অভাব-অভিযোগ ও ইতিহাসের প্রতিলিপি। এই বিশেষ শ্রেণির সাহিত্য বাস্তব অভিজ্ঞতা ও জীবনের নানামুখি ঘটনার বর্ণনা-সমৃদ্ধ।
পত্রসাহিত্য শুধু প্রেরক-প্রাপকের সম্পর্কের মধ্যে সীমাবদ্ধ না থেকে পাঠকের সঙ্গেও পত্রমিতালির মাধ্যমে ঘনিষ্ঠ যোগাযোগ রক্ষা করে। পত্রসাহিত্য বিভিন্ন প্রকারের হতে পারে যেমন: ব্যক্তিগত পত্রসাহিত্য, যেখানে ব্যক্তিগত সুখ-দুঃখ, পারিবারিক বিষয়, অনুভূতি ও অভিজ্ঞতা প্রকাশ পায়। এই ধরনের পত্রসাহিত্য আন্তরিকতা ও আবেগপূর্ণ। ব্যক্তি জীবনের নানা তথ্য জানা যায়। সহজ ও স্বতঃস্ফূর্ত ভাষা ব্যবহৃত হয়। রবীন্দ্রনাথ ঠাকুর-এর ছিন্নপত্র ও ভানুসিংহ ঠাকুরের পত্রাবলী, রবীন্দ্রনাথের বিষয়ে অনেক তথ্যই পাঠকের নিকট তুলে ধরে। পত্রসাহিত্যের চিঠিতে সাহিত্য, শিল্প, সংস্কৃতি, দর্শন বা সৃজনশীল চিন্তাধারা প্রকাশিত হয়। এই প্রকারের পত্রসাহিত্য, সাহিত্যিক সৌন্দর্যে সমৃদ্ধ। অন্যদিকে, ঐতিহাসিক পত্রসাহিত্যে কোন নির্দিষ্ট যুগ, ঘটনা বা ব্যক্তির ইতিহাস সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করে। এই সাহিত্য ঐতিহাসিক তথ্যের উৎস হিসেবে মূল্যবান। রাজনৈতিক ও সামাজিক অবস্থার পরিচয় জানা যায়। এবং গবেষণার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ।
উপন্যাসধর্মী বা কাহিনীভিত্তিক পত্রসাহিত্যে একটি কাহিনি বা উপন্যাস সম্পূর্ণ বা আংশিকভাবে বিভিন্ন চরিত্রের চিঠির মাধ্যমে গড়ে ওঠে। চিঠির মাধ্যমে কাহিনি এগিয়ে যায়। চরিত্রের মনোজগৎ স্পষ্টভাবে প্রকাশ পায়। ঘটনাবলি ধারাবাহিকভাবে উপস্থাপিত হয়। দার্শনিক ও শিক্ষামূলক পত্রসাহিত্যে ব্যবহৃত চিঠিতে নৈতিক শিক্ষা, জীবনদর্শন, ধর্মীয় বা দার্শনিক চিন্তাভাবনা প্রকাশ পায়। এতে জ্ঞান ও উপদেশমূলক বিষয় থাকে। ভিন্নমাত্রিক কিন্তু আকর্ষণীয় চিন্তাশক্তির বিকাশ ঘটায়। নৈতিক মূল্যবোধ গঠনে সহায়ক। বাংলা সাহিত্যে পত্রসাহিত্যের গুরুত্ব বেশ উল্লেখযোগ্য। কারণ- লেখকের ব্যক্তি জীবন সম্পর্কে ধারণা পাওয় যায়। সমকালীন সমাজ ও সংস্কৃতির চিত্র জানা যায়। সাহিত্য গবেষণার গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে কাজ করে। ইতিহাসের নানা তথ্য সংরক্ষণ করে। ভাষা ও সাহিত্যরীতির বিকাশে সহায়তা করে। তাই পত্রসাহিত্য সাহিত্যের একটি গুরুত্বপূর্ণ ও সমৃদ্ধ শাখা। চিঠির মাধ্যমে মানুষের ব্যক্তিগত অনুভূতি, সমাজ জীবন, ইতিহাস, সাহিত্যচিন্তা এবং জীবনদর্শন প্রকাশ পায়। এ কথা তাই বলাই যায়, পত্রসাহিত্য কেবল যোগাযোগের মাধ্যম নয়; এটি মানবজীবন ও সমাজের মূল্যবান সাহিত্যিক দলিল-ও বটে।
‘এপিস্টোলারি’ (epistolary) শব্দটি ল্যাটিন শব্দ ‘এপিস্টোলা’ (epistola) থেকে এসেছে, যার অর্থ ‘চিঠি’। এই সাহিত্যে, কোন প্রচলিত কথকের পরিবর্তে এক বা একাধিক চরিত্রের ব্যক্তিগত লেখা-লেখির মাধ্যমে আখ্যানটি উন্মোচিত হয়। এবং ধীরে ধীরে তা সম্প্রসারিত হয়। পাঠকরা চরিত্রদের নিজেদের লেখা চিঠিপত্র বা নথি পড়ে বিভিন্ন ঘটনা, আবেগ এবং ব্যক্তিগত/বহুমাত্রিক সামাজিক সম্পর্ক জানতে পারেন। পত্রসাহিত্য বহু শতাব্দী ধরে একটি গুরুত্বপূর্ণ সাহিত্যিক ধারা হিসেবে বিবেচিত হয়ে আসছে। কারণ এটি বাস্তবতা, অন্তরঙ্গতা এবং সত্য ও সততার অনুভূতি তৈরি করে। চিঠি বা ব্যক্তিগত নথির মাধ্যমে গল্প উপস্থাপন করে। লেখকরা পাঠকদের এমন অনুভূতি দেন যেন তারা সরাসরি চরিত্রদের ব্যক্তিগত চিন্তা ও অভিজ্ঞতার ঘ্রান পাচ্ছেন। এই অনন্য শৈলী প্রায়শই আখ্যানকে অধিকতর আকর্ষণীয় এবং আবেগঘনভাবে শক্তিশালী করে তোলে। পত্রসাহিত্যের শেকড় প্রাচীন সভ্যতা পর্যন্ত খুঁজে পাওয়া যায়।
চিঠি দীর্ঘদিন ধরে যোগাযোগের মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়ে আসছে এবং অনেক ঐতিহাসিক ব্যক্তিত্ব তাদের চিঠিপত্রের সংগ্রহ রেখে গেছেন, যা থেকে ব্যক্তিগত অভিজ্ঞতা ও সামাজিক অবস্থা জানা যায়। প্রাচীন রোমে, সিসেরোর মতো লেখকেরা অসংখ্য চিঠি লিখেছিলেন যা এখনও সংরক্ষিত আছে। এবং তার পাঠকও অনেক। যদিও এই চিঠিগুলো কাল্পনিক আখ্যান ছিলো না, তবুও এগুলো চিঠিপত্রের সাহিত্যিক ও শিল্প সম্ভাবনার অসাধারণ প্রমাণ। যেমন বাংলা ভাষায় কাজী নজরুল ইসলামের পত্রাবলি। পক্ষান্তরে, সপ্তদশ ও অষ্টাদশ শতাব্দীতে, ইউরোপে পত্রসাহিত্য বিশেষভাবে জনপ্রিয় হয়ে ওঠে। সাক্ষরতা ও ডাক পরিষেবার অগ্রগতি চিঠি লেখাকে উৎসাহিত করে এবং লেখকেরা গল্প বলার একটি মাধ্যম হিসেবে এর উপযোগিতা উপলব্ধি করেন।
প্রথমদিকের সফল পত্রোপন্যাসগুলোর মধ্যে একটি ছিলো পামেলা, যা স্যামুয়েল রিচার্ডসন ১৭৪০ সালে লেখেন। উপন্যাসটির কেন্দ্রীয় চরিত্র এক তরুণী, যার পেশা: পরিচারিকা। তিনি তার চিঠির মাধ্যমে গল্প বলে, যা পাঠকদের চিন্তা ও অনুভূতি সরাসরি অনুভব করার সুযোগ করে দেয়। ক্লারিসা এবং দি সরোজ অফ ইয়ং ওয়ার্দার-এর মতো রচনার মাধ্যমে পত্রোপন্যাসের জনপ্রিয়তা অব্যাহত ছিলো। এই পত্র-উপন্যাসগুলো তীব্র আবেগঘন। বাস্তব অভিজ্ঞতাসমৃদ্ধ। মানবিক আবেদনে নিবেদিত। এই লেখাগুলো, আর্থ-সামাজিক অবস্থা ও রাজনৈতিক বিষয়-ও কিছু কিছু ক্ষেত্রে প্রকাশ করে। ঊনবিংশ শতাব্দীতে, লেখকেরা পত্রোপন্যাসের কৌশল ব্যবহার করা অব্যাহত রেখেছিলেন, যদিও প্রচলিত আখ্যান আরও সাধারণ হয়ে উঠেছিল। তবে সামগ্রিক বিবেচনায় এসব গ্রন্থের ভাষা শৈলী ও বর্ণনার ধরণ ছিলো অত্যন্ত শক্তিশালী। নিরপেক্ষ। নিঃস্বার্থ-নির্বিরোধ। বিংশ এবং একবিংশ শতাব্দীতে, এই সাহিত্যধারাটি যোগাযোগের আধুনিক মাধ্যমগুলোকে অন্তর্ভুক্ত করে আরও বিকশিত হয়। সমসাময়িক পত্রোপন্যাসগুলোতে ইমেল, অনলাইন চ্যাট, টেক্সট মেসেজ এবং সোশ্যাল মিডিয়ার মিথস্ক্রিয়া দেখা যেতে পারে, যা প্রযুক্তি ও যোগাযোগের পরিবর্তনকে প্রতিফলিত করে।
আরও পড়ুন
নজরুল কাব্যে কোরবানির মাহাত্ম্য
পত্রোপন্যাস কয়েকটি স্বতন্ত্র বৈশিষ্ট্য দ্বারা সংজ্ঞায়িত। গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো, গল্প বলার প্রধান মাধ্যম হিসেবে নথিপত্রের ব্যবহার। এই নথিপত্রগুলোর মধ্যে অন্তর্ভুক্ত থাকতে পারে: চিঠি, ডায়েরি, জার্নাল, ইমেল, টেক্সট মেসেজ, সংবাদপত্রের প্রতিবেদন, সরকারি নথি, স্মৃতিকথা ইত্যাদি। সরাসরি বর্ণনার পরিবর্তে এই উপাদানগুলো থেকেই আখ্যানটি গড়ে ওঠে। তবে অধিকাংশ পত্রোপন্যাস উত্তম পুরুষ দৃষ্টিকোণ থেকে লেখা হয়। চরিত্ররা তাদের নিজস্ব দৃষ্টিভঙ্গি ও অভিজ্ঞতার আলোকে ঘটনা বর্ণনা করে। এই ধরনের বর্ণনা পাঠকদের সাথে পত্রোপন্যাসের চরিত্রের চিন্তা ও অনুভূতির সরাসরি সংযোগের ছোঁয়া দেয়। এই ব্যক্তিগত দৃষ্টিকোণ প্রায়শই আবেগীয় গভীরতা এবং বিশ্বাসযোগ্যতা তৈরি করে। অনেক পত্রোপন্যাসে একাধিক চরিত্রের লেখা চিঠি বা নথি অন্তর্ভুক্ত থাকে। বিভিন্ন দৃষ্টিকোণ পাঠকদের বিভিন্ন দৃষ্টিভঙ্গি তুলনা করতে এবং গল্পটি সম্পর্কে আরও সম্পূর্ণ ধারণা তৈরি করতে সাহায্য করে। উদাহরণস্বরূপ, দুটি চরিত্র একই ঘটনাকে ভিন্নভাবে বর্ণনা করতে পারে, যা তাদের ব্যক্তিগত পক্ষপাত এবং ব্যক্তিত্ব প্রকাশ করে। যেহেতু চিঠি এবং ডায়েরি বাস্তব জীবনের নথিপত্রের মতো, তাই পত্রোপন্যাস প্রায়শই বাস্তবসম্মত মনে হয়। পাঠকদের মনে হতে পারে যেন তারা কোন কাল্পনিক গল্পের পরিবর্তে প্রকৃত চিঠিপত্র পড়ছেন। এই বাস্তবতা আখ্যানটিকে আরও বিশ্বাসযোগ্য করে তুলতে পারে।
তবে সব পত্রই পত্রোপন্যাস নয়। বা কল্পনার বিষয়বস্তু নয়। বাস্তব জীবন নিয়েও পত্র হতে পারে। আবার সেই বাস্তব জীবন-ঘনিষ্ট পত্রাবলিতেও উঠে আসতে পারে মানব জীবনের নানাবিধ খুঁটিনাটি বিষয় থেকে শুরু করে জাতীয় ও আন্তর্জাতিক বিষয় পর্যন্ত। যেমন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পত্রাবলি, তেমনই একটি বাস্তব জীবনের নানান গল্পের সমাহার। সময়ের প্রয়োজনে ও ব্যক্তিগত যোগাযোগের জন্য বিভিন্ন সময়ে লিখিত পত্র। এখানে কবির, আত্মপ্রকাশের স্বতঃস্ফূর্ততা, মানবতাবাদী দৃষ্টিভঙ্গি, দেশপ্রেম ও জাতীয় চেতনা, সাহিত্যিক সৌন্দর্য, ধর্মীয় উদারতা ও সাম্যচেতনা, সংগ্রামী ও বিদ্রোহী মনোভাবের প্রকাশ, সমকালীন সমাজ ও রাজনৈতিক বাস্তবতার প্রতিফলন লক্ষ্য করা যায়। নজরুল পত্রাবলির জনপ্রিয়তার অন্যতম কারণ আন্তরিক ও সহজ ভাষা, যা প্রাণবন্ত ও হৃদয়গ্রাহী। ফলে এই পত্রাবলী পাঠকের সঙ্গে কথকের ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করে। সংক্ষেপে বলা যায়, নজরুল পত্রাবলি ব্যক্তিজীবনের ভালোবাসা, প্রেম-অনুভূতি, মানবতাবাদ, দেশপ্রেম, সাম্যচেতনা ও সাহিত্যিক সৌন্দর্যের অনন্য দলিল।
নজরুল পত্রাবলিতে বিবৃত ভালোবাসার ধরন মানব জীবনের অন্যতম গভীর, জটিল এবং শক্তিশালী অভিজ্ঞতার সঞ্চিত রূপ। এই প্রেমানুভূতি ইতিহাস জুড়ে অগণিত কবিতা, গান, উপন্যাস, চিত্রকর্ম এবং দার্শনিক আলোচনাকে অনুপ্রাণিত করেছে। এটি বিভিন্ন সম্পর্ক ও পরিস্থিতিতে ভিন্ন ভিন্ন রূপে প্রকাশিত। শামসুর নাহার মাহমুদ, নার্গিস, নাহার, মোতাহের হোসেন চৌধুরী, খান মোহামম্দ মুঈনুদ্দীন, দেশবন্ধু চিত্তরঞ্জন, মাহমুদা খাতুন সিদ্দিকা বা হাবিবুল্লাহ বাহার-সহ অনেককেই তিনি পত্র লিখেছেন। সেইসব পত্রে ভালোবাসা আনন্দদায়ক ও স্বস্তিদায়ক হতে পারে, আবার বেদনাদায়ক ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণও হতে পারে, এমন ভাবনার প্রকাশ ঘটিয়েছেন। এর মধ্যে মানুষকে একত্রিত করার, জীবনকে বদলে দেওয়ার এবং অসাধারণ দয়া ও ত্যাগের কাজে উদ্বুদ্ধ করার ক্ষমতা রয়েছে। এর সার্বজনীন উপস্থিতি সত্ত্বেও, ভালোবাসা পত্রাবলিতে বিকশিত অস্তিত্বের অন্যতম শ্রেষ্ঠ রহস্য হয়েই রয়ে গেছে। কখনো কখনো কবি প্রেমের সহজতম স্তরে, প্রেমকে অন্য কোন ব্যক্তির প্রতি গভীর স্নেহ, যত্ন, আকর্ষণ এবং উদ্বেগের অনুভূতি হিসেবে দেখেছেন।
তবে, পত্রাবলির আবেগের অনু-পরমাণুতে প্রেম শুধু আবেগ নয়; বরং তা প্রতিশ্রুতি বা অঙ্গীকার হিসেবে উদ্ভাসিত। অনেক ক্ষেত্রে প্রকৃত প্রেমের অমর বৈশিষ্ট্য যেমন- বোঝাপড়া, ধৈর্য, শ্রদ্ধা, বিশ্বাস, আত্মত্যাগ এবং সমর্থনের-ও মাধ্যম হিসেবে প্রকাশিত। অন্য ব্যক্তির মঙ্গল ও সুখ কামনা করাই মানবপ্রেমের অনন্য বৈশিষ্ট্য। যদিও প্রেম বিভিন্ন রূপে বিদ্যমান। বাবা-মা ও সন্তানের মধ্যকার ভালোবাসা, বন্ধুদের মধ্যকার ভালোবাসা থেকে ভিন্ন, এবং উভয়ই প্রণয়ের ভালোবাসা থেকে আলাদা। তবুও ভালোবাসার সকল রূপের মধ্যে একটি সাধারণ উপাদান রয়েছে: সংযোগ স্থাপনের আকাঙ্ক্ষা। মানুষ সামাজিক জীব এবং তারা অন্যদের সাথে অর্থপূর্ণ সম্পর্ক খোঁজে। ভালোবাসা এমন বন্ধন তৈরির মাধ্যমে এই প্রয়োজন পূরণ করে যা মানসিক নিরাপত্তা, আপনজন হওয়ার অনুভূতি এবং জীবনের উদ্দেশ্য প্রদান করে। এ রকম খুঁটিনাটি অনেক বিষয়ই নজরুল পত্রাবলির বিশেষ আকর্ষণ। ( চলবে…)
লেখক: নজরুল কাব্যসংগীতে পিএইচডি; নজরুল গবেষক; বাংলাদেশ বেতার ও টেলিভিশনের তালিকাভুক্ত গীতিকার