কোরবানির ঈদ, যেটি ইসলাম ধর্মে ঈদুল আজহা বলা হয়, মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এটি ত্যাগ, আত্মসমর্পণ ও আল্লাহর প্রতি গভীর আনুগত্যের চিরন্তন প্রতীক। হজ পালনের সঙ্গে এই ঈদের গভীর সম্পর্ক রয়েছে এবং বিশ্বব্যাপী মুসলমানরা নির্ধারিত তারিখে ঈদ উদযাপন করে।
কোরবানির ঈদের ঐতিহাসিক ভিত্তি অত্যন্ত গুরুত্ববহ। কোরবানির ঈদের মূল ইতিহাস মুসলমানদের জাতির পিতা হযরত ইব্রাহিম (আ.)-এর ঘটনাকে কেন্দ্র করে। ইসলামী বিশ্বাস অনুযায়ী, আল্লাহ তায়ালা নবী ইব্রাহিম (আ.) কে তার প্রিয় পুত্র ইসমাইল (আ.) কে কোরবানি করার নির্দেশ দেন। তিনি আল্লাহর প্রতি পূর্ণ আনুগত্য দেখিয়ে সেই নির্দেশ পালনে প্রস্তুত হন। পরে আল্লাহ তার সন্তানের পরিবর্তে একটি জান্নাতি পশু কোরবানি করার ব্যবস্থা করেন। এই ঘটনার শিক্ষা হলো- আল্লাহর প্রতি নিখাদ বিশ্বাস। ত্যাগের সর্বোচ্চ আদর্শ। এবং পরীক্ষায় ধৈর্য ও আনুগত্য।
বিজ্ঞাপন
‘কোরবানি’ শব্দের অর্থ হলো নৈকট্য অর্জন করা। অর্থাৎ, আল্লাহর নিকটবর্তী হওয়ার জন্য নিজের প্রিয় জিনিস উৎসর্গ করা। আর কোরবানির উদ্দেশ্য হলো- আল্লাহর সন্তুষ্টি অর্জন। আত্মশুদ্ধি। গরিব-দুঃখীর মাঝে আনন্দ ভাগাভাগি। এবং সমাজে সাম্য প্রতিষ্ঠা। সমাজ ও রাষ্ট্রে এই সাম্য প্রতিষ্ঠার জন্যই কাজী নজরুলের সাহিত্য সাধনা।
তিনি শুধু বিদ্রোহের কবি নন, বরং মানবতা, সাম্য, আধ্যাত্মিকতা ও ধর্মীয় সম্প্রীতির এক অসাধারণ শিল্পীও। তার কাব্য গানে যেমন প্রেম, বিদ্রোহ ও প্রকৃতির সৌন্দর্য প্রকাশ পেয়েছে, তেমনি ইসলামী চেতনা ও ধর্মীয় উৎসবের গভীর দার্শনিক ব্যাখ্যাও স্থান পেয়েছে। কোরবানি ঈদ, যা ত্যাগ, আত্মসমর্পণ ও মানবকল্যাণের প্রতীক। তা নজরুলের ভাবজগতে এক গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হিসেবে দেখা যায়। নজরুল কাব্য গানে কোরবানির ঈদের ভাবধারা, দার্শনিক ভিত্তি, মানবিক ব্যাখ্যা এবং তার সাংস্কৃতিক গুরুত্ব উল্লেখযোগ্য।
কোরবানি ঈদের মূল দার্শনিক ভিত্তি
কোরবানি ঈদের মূল শিক্ষা হলো আত্মত্যাগ। ইসলামের বিশ্বাস অনুযায়ী, হযরত ইব্রাহিম (আ.) আল্লাহর নির্দেশে নিজের প্রিয় পুত্রকে কোরবানি দিতে প্রস্তুত হয়েছিলেন। এই ঘটনা কেবল ধর্মীয় ইতিহাস নয়, বরং মানবিক পরীক্ষার সর্বোচ্চ দৃষ্টান্ত। নিঃসন্দেহে কোরবানির মূল শিক্ষা হলো-
বিজ্ঞাপন
আত্মঅহংকার ত্যাগ। লোভ-হিংসা বিসর্জন। আল্লাহর প্রতি পরিপূর্ণ আত্মসমর্পণ। মানবকল্যাণে সম্পদ ও প্রাণ উৎসর্গের মানসিকতা। নজরুল এই দার্শনিক দিকটিকে শুধু ধর্মীয় সীমার মধ্যে না রেখে মানবতার সার্বজনীন আদর্শে রূপ দিয়েছেন।
‘ওরে হত্যা নয় আজ ‘সত্যাগ্রহ’ শক্তির উদ্বোধন !
দুর্বল! ভীরু ! চুপ রহো, ওহো খামখা ক্ষুব্ধ মন!
ধ্বনি উঠে রণি' দূর বাণীর, -
আজিকার এ খুন কোরবানির!
যারা কোরবানিকে হত্যা হিসেবে চিত্র করতে চান, কবি তাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেন, এটা হত্যা নয়। সত্য প্রতিষ্ঠা। এখনো অনেকেই খামোখা ক্ষুব্ধ হয়। সেটাও নজরুলের দৃষ্টি এড়াইনি। তিনি খামোখা ক্ষুব্ধ মন নাস্তিকবাদীদের বলেছেন, কোরবানি আত্মোৎসর্গের প্রতীক। সত্য প্রতিষ্ঠার নামান্তর। আর সত্য চিরদিন অসাম্প্রদায়িক। এবং সাম্য ন্যায়ের প্রতীক।
এই কবিতার দর্শনতত্ত্বের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো- জালিমের বিরুদ্ধে চিরসংগ্রাম। মূলত জালিমের বিরুদ্ধে যুদ্ধ করার একটি আহ্বান এই কবিতায় বিধৃত হয়েছে। স্বদেশের স্বাধীনতা ও মুক্তির জন্য জান কোরবানির বিষয়টি অন্তর্গতভাবে ফুটিয়ে তুলেছেন কবি। জালিম বলতে ব্রিটিশ শাসকদের কবি ইঙ্গিত করেছেন। বিষয়টি কবির ভাষায় এভাবে ফুটে উঠেছে-
ওরে হত্যা নয় আজ 'সত্য-গ্রহ' শক্তির উদ্বোধন!
এ তো নহে লোহু তরবারের
ঘাতক জালিম জোর্ বারের!
কোরবানের জোর-জানের
খুন এ যে, এতে গোর্দ্দা ঢের রে, এ ত্যাগে 'বুদ্ধ' মন!
এতে মা রাখে পুত্র পণ!
তাই জননী হাজেরা বেটারে পরালো বলির পূত বসন!
ওরে হত্যা নয় আজ 'সত্য-গ্রহ' শক্তির উদ্বোধন!"
নজরুলের ধর্মীয় দৃষ্টিভঙ্গি ও কোরবানি ভাবনা
নজরুল কখনো তার কবিতা গানে ধর্মকে সংকীর্ণ পরিচয়ের মধ্যে আবদ্ধ করেননি। তার মতে, ধর্মের মূল উদ্দেশ্য মানুষের কল্যাণ ও হৃদয়ের শুদ্ধতা। কোরবানি ঈদ নিয়ে তার ভাবনা ধর্মীয় উদারতার সম্যক প্রমাণ। কোরবানি ঈদের দর্শন তার কাছে ছিলো- আত্মার পশু হত্যা। অহংকার বিসর্জন। এবং মানবতার জাগরণ।
‘মনের পশুরে করো জবাই
পশুরাও বাঁচে বাঁচে সবাই।’
অর্থাৎ, তিনি কোরবানিকে শুধু পশু কোরবানির মধ্যে সীমাবদ্ধ না রেখে অন্তরের কুপ্রবৃত্তি পরিত্যাগের প্রতীক হিসেবে দেখেছেন।
নজরুল কাব্য গানে ত্যাগের ধারণা
নজরুলের কবিতা ও গানে ত্যাগ একটি কেন্দ্রীয় বিষয়। তার ‘বিদ্রোহী’ চেতনা যেমন অন্যায়ের বিরুদ্ধে সংগ্রামের কথা বলে, তেমনি কোরবানির মূল দর্শন ‘আত্মত্যাগে’র মহিমাকে প্রকাশ করে। নজরুলের মতে, সত্যিকারের কোরবানি হলো- নিজের স্বার্থ বিসর্জন। রাষ্ট্র ও সমাজের জন্য নিজেকে উৎসর্গ করা। দুর্বল ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো।
‘ওরে। হত্যা নয় আজ 'সত্য-গ্রহ' শক্তির উদ্বোধন!
খঞ্জরে মারো গর্দানেই, পঞ্জরে আজি দরদ্ নেই,
মদ্দানীই পর্দা নেই,
ডরতা নেই আজ খুন-খারাবিতে রক্ত-লুব্ধ মন!
খেল্ বো খুন-মাতন!
খুনে দুনো উনমাদনাতে সত্য মুক্তি আন্ তে যুঝবো রণ!
ওরে হত্যা নয় আজ 'সত্য-গ্রহ' শক্তির উদ্বোধন!"
এই চিন্তাধারা কোরবানি ঈদের মানবিক ব্যাখ্যাকে আরও গভীর ও শক্তিশালী করে তোলে।
কোরবানি ঈদ ও নজরুলের সাম্যবাদী দর্শন
নজরুলের একটি প্রধান বৈশিষ্ট্য হলো সাম্যবাদ। তার বিখ্যাত বাণী: “মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহীয়ান”
এই দর্শন কোরবানি ঈদের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। অনেক সময় পশু কোরবানিকে মানুষ ভিন্ন অর্থে দেখে। মানুষ যে আশরাফুল মাখলুকাত। এবং মানুষের সেবাতেই যে এই বিশ্ব চরাচরের সকল কিছুই নিযুক্ত ও নিয়োজিত করেই রেখেছেন মহান আল্লাহ, সেই বিষয়টিই নজরুলের কোরবানি কবিতায় দারুনভাবে ফুটে উঠেছে। এছাড়াও সাম্যবাদ প্রতিষ্ঠার একটি বড় দিক হলো এই যে, ঈদের মাহাত্ম্যে মানুষে মানুষে ব্যবধান বহুলাংশেই কমে আসে। কারণ ঈদের সময় ধনী-গরিব নির্বিশেষে সবাই একত্রে আনন্দ ভাগ করে নেয় এবং কোরবানির মাংস সমাজে সমানভাবে বিতরণ করা হয়। কবি নজরুল এই সাম্যকে কাব্য গানে রূপ দিয়েছেন। তার কাব্য গানে দেখা যায়: ধর্মীয় ভেদাভেদের ঊর্ধ্বে মানবতা। শ্রেণিবৈষম্যবিরোধী চেতনা। এবং সামাজিক ন্যায়বিচারের আহ্বান।
অতএব, কোরবানি ঈদ তার চিন্তায় শুধুমাত্র ধর্মীয় উৎসব নয়, বরং সামাজিক সমতার একটি বাস্তব রূপ।
কোরবানি কবিতায় রূপক ব্যবহার
কবি নজরুলের ‘কোরবানি’ কবিতায় প্রায়ই রূপক অর্থে কোরবানির কার্যক্রমের খুঁটিনাটি বিষয়াদি ব্যবহৃত হয়েছে। যেমন: পশু কোরবানি, আত্মার পশুত্ব দমন। রক্তোৎসর্গ: ত্যাগ ও সংগ্রামের প্রতীক। এবং ঈদ পুনর্জাগরণ ও মানবিক পুনর্জন্মের প্রতীক। এই রূপক ব্যবহারের মাধ্যমে তিনি কোরবানির ঈদকে আধ্যাত্মিক গভীরতা দিয়েছেন। তার কাব্যধারায় কোরবানি একটি অভ্যন্তরীণ বিপ্লব, যেখানে মানুষ নিজের ভেতরের অন্ধকারকে ত্যাগ করে আলোর পথে আসে। মানুষ আজাদী হয়ে ওঠে।
‘ওরে শক্তি-হস্তে মুক্তি, শক্তি রক্তে সুপ্ত শোন্!
হত্যা নয় আজ 'সত্য-গ্রহ' শক্তির উদ্বোধন!
আস্তানা সিধা রাস্তা নয়,
'আজাদী' মেলে না পস্তানো'য়!
দস্তা নয় সে সস্তা নয়!
হত্যা নয় কি মৃত্যুও? তবে রক্ত-লুব্ধ কোন্
কাঁদে-শক্তি-দুস্ত শোন্-
"এয় ইবরাহীম আজ কোরবানি কর শ্রেষ্ঠ পুত্র ধন!"
ওরে হত্যা নয় আজ 'সত্য-গ্রহ' শক্তির উদ্বোধন!"
নজরুল ইসলামী গান রচনায়ও অসাধারণ অবদান রেখেছেন। তার অনেক গান রমজান, ঈদ ও ইসলামী ঐতিহ্যের সঙ্গে সম্পর্কিত। এসব গানে তিনি ধর্মীয় আনন্দকে আধ্যাত্মিক সৌন্দর্যে রূপ দিয়েছেন। কোরবানি ঈদের ভাবনার সঙ্গে তার গানের মূল মিল হলো: আল্লাহর প্রতি ভালোবাসা। মানবসেবার আহ্বান। আর আত্মশুদ্ধির বার্তা। তিনি ধর্মীয় আবেগকে কখনো অন্ধ আনুগত্য হিসেবে দেখাননি, বরং জ্ঞান ও মানবতার আলোকে ব্যাখ্যা করেছেন। কোরবানি ঈদে মানবিকতার বার্তা সঞ্চারিত হয়েছে ‘কোরবানি’ কবিতার মাধ্যমে।
ঈদের আনন্দ তখনই পূর্ণতা পায় যখন দরিদ্র মানুষও খাবার পায়। সমাজে দয়া ও সহানুভূতি বৃদ্ধি পায়। এবং মানুষে মানুষে ভেদাভেদ দূর হয়। নজরুলের দৃষ্টিতে কোরবানি ঈদ হলো: মানুষকে মানুষ হিসেবে গ্রহণ করার উৎসব।
আধুনিক প্রেক্ষাপটে নজরুলের কোরবানি ভাবনা
আজকের সমাজে কোরবানি ঈদ অনেক সময় বাহ্যিক আচার-অনুষ্ঠানে সীমাবদ্ধ হয়ে যায়। কিন্তু নজরুলের দর্শন আমাদের মনে করিয়ে দেয়, কোরবানি মানে শুধু পশু জবাই নয়। কোরবানি মানে আত্মশুদ্ধি। কোরবানি মানে মানবতার জয়। বর্তমান যুগে যেখানে বৈষম্য, লোভ ও সহিংসতা বাড়ছে, সেখানে নজরুলের ‘কোরবানি’র মতো কবিতাগুলো আরও বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছে।
সাংস্কৃতিক গুরুত্ব
কাজী নজরুলের ‘কোরবানি’ কবিতার সবচেয়ে বড় অবদান হলো এর সাংস্কৃতিক গভীরতা। তিনি এই উৎসবকে ধর্মীয় সীমার বাইরে এনে মানবিক রূপ দিয়েছেন। কাব্য গানের মাধ্যমে কোরবানির অনাবিল মাহাত্ম্য সমাজে ছড়িয়ে দিয়েছেন। সৌদি আরব কেন্দ্রিক ইসলাম ধর্মের এই আদর্শকে বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যে স্থায়ীভাবে প্রতিষ্ঠিত করেছেন। এটি নিঃসন্দেহে বাংলার ইতিহাসে একটি অনন্য সংযোজন। নজরুল কাব্য গানে কোরবানি ঈদ কেবল ধর্মীয় উৎসব-ই নয়, বরং এটি একটি দার্শনিক, মানবিক ও সামাজিক আন্দোলন। কোরবানির মূল শিক্ষা: ত্যাগ, আত্মশুদ্ধি ও মানবতার জয়। এই ত্রিবিধ উপকরণকে কাব্য ও গানের মাধ্যমে চিরস্থায়ী করেছেন।
তার দৃষ্টিতে কোরবানি মানে শুধু পশু হত্যা নয়, বরং মানুষের ভেতরের অন্ধকার, অহংকার ও লোভের কোরবানি। মনের পশুত্বকে কোরবানি করাটাই তার কাছে মুখ্য। এমন একটি চমৎকার দর্শন তিনি তুলে ধরেছেন। এই ভাবনা আজও আমাদের সমাজে সমানভাবে প্রাসঙ্গিক।
অতএব বলা যায়, নজরুলের কাব্য গানে কোরবানি ঈদ একদিকে ধর্মীয় আবেগ, অন্যদিকে মানবতার সর্বোচ্চ প্রকাশ; যা বাংলা সাহিত্য ও সংস্কৃতিকে গভীরভাবে সমৃদ্ধ করেছে। ইসলাম ধর্মের অন্যতম একটি অনুষঙ্গ হলো, ‘জানমাল দিয়ে ধর্মের পথে সংগ্রাম করতে হবে।’
‘কোরবানি’ কবিতার শেষের দিকে এসে কবি নজরুল সেই শাশ্বত বাণীর-ই প্রস্ফুটন ঘটিয়েছেন এভাবে-
ওরে হত্যা নয় আজ 'সত্য-গ্রহ' শক্তির উদ্বোধন!
জোর চাই, আর যাচ্ না নয়,
কোরবানি-দিন আজ না ওই?
বাজ না কই? সাজ না কই?
কাজ না আজিকে জান্ মাল দিয়ে মুক্তির উদ্ধরণ?
বল্-- "যুঝ্ বো জান্ ভি পণ!”
ঐ খুনের খুঁটিতে কল্যাণ-কেতু, লক্ষ্য ঐ তোরণ,
আজ আল্লার নামে জান্ কোরবানে ঈদের পূত বোধন!
ওরে হত্যা নয় আজ 'সত্য-গ্রহ' শক্তির উদ্বোধন!"
লেখক: কবি ও নজরুল গবেষক।




