ঢাকা মেইল ডেস্ক
১৮ ডিসেম্বর ২০২৩, ১১:১২ এএম
আজ ১৮ ডিসেম্বর। আন্তর্জাতিক আরবি ভাষা দিবস। ১৯৭৩ সালের ১৮ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ সভার ২৮তম অধিবেশনে আরবি ভাষাকে এর দাফতরিক ভাষার স্বীকৃতি দেওয়া হয়। ২০১২ সালের অক্টোবরে জাতিসংঘের সংস্কৃতি ও বিজ্ঞান বিষয়ক অন্যতম সংস্থা ইউনেস্কোর নির্বাহী পরিষদের বৈঠকে ১৯০তম অধিবেশনে সেই দিনটিকে স্মরণীয় করে রাখতে ১৮ ডিসেম্বরকে আন্তর্জাতিক আরবি ভাষা দিবস হিসেবে ঘোষণা করে।
২০১২ সাল থেকে ইউনেস্কোসহ আরব বিশ্বের সাথে সাথে বিশ্বের অন্যান্য অনেক দেশ এই দিবসটি বিভিন্ন আনুষ্ঠানিকতা ও সভা-সেমিনারের মাধ্যমে পালন করে থাকে। আরবি ভাষার গুরুত্ব বাড়াতে, এর প্রচার প্রসারে এবং বিশ্বময় এই ভাষাকে ছড়িয়ে দিতে দিবসটি অনন্য ভূমিকা পালন করে।
আরও পড়ুন
২০১৩ সাল থেকে এই দিবসটি পালনের জন্য বিভিন্ন আরবীয় সংস্থা ও ইউনেস্কোর যৌথ উদ্যোগে একটি স্লোগান বা আলোচনার প্রতিপাদ্য বিষয় নির্ধারণ করা হয়। ২০২৩ সালের জন্য দিবসটির প্রতিপাদ্য বিষয় নির্ধারণ করা হয়েছে ‘আরবি: কবিতা ও শিল্পের ভাষা।’
মূলত আরবি ভাষার সামগ্রিক শ্রেষ্ঠত্ব প্রকাশে এবং কবিতা, শিল্প ও সাহিত্যে এর শক্তিশালী অবস্থানকে জানান দিতেই এবিষয়টি প্রতিপাদ্য হিসেবে নির্বাচন করা হয়েছে। আরবি সাহিত্যের প্রাচীন ও বর্তমান ইতিহাস পর্যবেক্ষণে দেখা যায় আরবরা কবিতাকে উপজীব্য করে তাদের ভাষা ও সংস্কৃতিকে সংরক্ষণ করে রেখেছে। কবিতা দিয়ে তাদের হাসি, আনন্দ, সুখ ও দুঃখসহ বিমূর্ত অনুভূতিগুলো ব্যক্ত করেছে। সে সময় কবিতাই ছিল তাদের সাহিত্যের প্রধান অবলম্বন। আরবি ভাষার অন্যতম শিল্পরূপ। পরবর্তী সময়ে গল্প, উপন্যাস এবং সাহিত্যের অন্যান্য শাখার পাশাপাশি অন্যতম প্রধান শাখা হিসেবে কবিতা নিজের অবস্থান ধরে রাখে। প্রাচীন ও আধুনিক অসংখ্য কবি-সাহিত্যিক আরবি ভাষায় তাদের কবিতা ও গদ্য রচনা করেছেন। কাব্যিক ভাষায় এঁকেছেন তাদের শব্দমানচিত্র। গীতিকবিতা ও কসিদার মাধ্যমে তাদের বেদুঈন জীবন, প্রেম, লড়াই ও সাহসের উপাখ্যান ফুটিয়ে তুলেছেন। এছাড়া চিত্রশিল্পীরা বিভিন্ন সময়ে রংয়ের তুলিতে ক্যালিগ্রাফি ও চিত্রকলাসহ শৈল্পিক অনেক কাজ উপহার দিয়েছেন। এই ভাষার শৈল্পিক শ্রেষ্ঠত্বের সর্বোৎকৃষ্ট প্রমাণ হিসেবে আল্লাহ তায়ালা নাজিল করেছেন আল কোরআনুল কারিম। যাতে রয়েছে শিল্প ও সাহিত্যের সকল নান্দনিক দিক। শুধু কোরআনে কারিমের শব্দ বাক্যকে কেন্দ্র করেই লিখিত হয়েছে হাজারও কিতাব। অসংখ্য অগণিত পদ্য ও গদ্য। ক্যলিগ্রাফার ও শিল্পীদের তুলিতে কোরআনের একেকটি আয়াত সেজেছে বর্ণিল সাজে। আরবি হরফ, শব্দ ও বাক্যকে কেন্দ্র করে গভীর অন্তর্দৃষ্টি দিয়ে শিল্পের মাধ্যমে তারা নিজেদের অসংখ্য ভাব আর বক্তব্য তুলে ধরেন। সেই শিল্পকর্ম প্রতিনিয়ত দর্শকের হৃদয়কে আলোড়িত করে। ফলে কবিতা ও শিল্পকর্মের নান্দনিক সব আয়োজনে আরবি ভাষা পেয়েছে আপন প্রাণ। কোরআনে কারিমে শিল্পসম্মত স্পর্শে আরবি হয়ে উঠেছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ভাষা। অন্যতম প্রভাবশালী ভাষা।
বিশিষ্ট আরবি সাহিত্যিক আব্বাস মাহমুদ আক্কাদ আরবি ভাষার শ্রেষ্ঠত্ব বিবেচনায় আরবি ভাষা কাব্যিক ভাষা শিরোনামে কিতাব রচনা করেছেন। তিনি সেখানে বলেছেন যে আরবি ভাষা কাব্যিক ভাষা হিসেবে সর্বজনবিদিত। কবিতা রচনায় অত্যন্ত উপযোগী ভাষা। এর প্রতিটি হরফের সুর-ঝংকার হৃদয়কে আন্দোলিত করে। তিনি বলেন ‘অন্য কোনো ভাষা আরবির মতো কাব্যিক ভাষা হতে পারে বলে আমার জানা নেই।’তাই ‘আরবি ভাষা কবিতা ও শিল্পের ভাষা’ প্রতিপাদ্যটি আরবি ভাষার জন্য যথাযথ।
বরাবরে মতো এবারও জাতিসংঘের শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো আরবের বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে পরামর্শক্রমে এবারের প্রতিপাদ্যের জন্য এই শিরোনাম ঘোষণা করে। বিষয়টি নির্ধারণের কারণ হিসেবে তারা তাদের প্রকাশিত সংবাদে জানায়, ‘আরবি ভাষা যুগ যুগ ধরে অসংখ্য কবি ও শিল্পীদের প্রেরণার উৎস। বর্তমান বিশ্বেও আরবি ভাষা সর্বাধিক প্রচলিত ভাষা। এই ভাষার সংরক্ষণ, বিকাশে যেন কবি, সাহিত্যিক ও শিল্পীরা আরও এগিয়ে আসে সেজন্য এই প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে। এছাড়া আন্তর্জাতিক পরিমণ্ডলে যেন আরবি ভাষার গুরুত্ব আরও বৃদ্ধি পায়। আরবি কবিতা ও শিল্প চর্চার আরও বিস্তৃতি ঘটে।
আজকের এ দিবসটি পালনে সৌদি আরবে সকল বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মদিনা ইসলামি বিশ্ববিদ্যালয়ের আরবি ভাষা ফ্যাকালটিতে রয়েছে একটি আলোচনা অনুষ্ঠান। আরবি ভাষা ইনস্টিটিউটে বিদেশি ছাত্রদের নিয়ে অনুষ্ঠিত হবে একটি অুনষ্ঠান। দিবস উপলক্ষে বাদশাহ সালমান আরবি ভাষা একাডেমি গত কয়েক দিন ধরে বিভিন্ন আয়োজন করে চলেছে। বিভিন্ন দেশের আরবি ভাষা একাডেমিও দিবসের প্রতিপাদ্য ছাড়াও বিভিন্ন শিরোনামে সেমিনারের ঘোষণা করেছে।
বাংলাদেশে ২০১৪ সাল থেকে ‘মারকাযুল লুগাতিল আরাবিয়্যাহ বাংলাদেশ’ দিবসটি পালন করে আসছে। এবছরও মারকায কর্তৃপক্ষ কবিতা পাঠ, বক্তৃতা উপস্থাপন, আরবি কুইজ প্রতিযোগিতাসহ বিভিন্ন আয়োজনের ঘোষণা দিয়েছে। মারকাযের প্রকাশনা প্রতিষ্ঠান দারুল আরাবিয়া দিবস উপলক্ষে ‘আন্তর্জাতিক আরবি ভাষা দিবস: প্রেক্ষাপট ও করণীয়’ শীর্ষক একটি বই প্রকাশ করেছে। বিভিন্ন মাদরাসা, মারকায এবং বিশ্ববিদ্যালয়সহ দেশের অনেক প্রতিষ্ঠানে দিবসটি আয়োজনের মাধ্যমে সবার কাছে আরবি ভাষার গুরুত্ব তুলে ধরা হয়। আরবি ভাষা শিখতে আগ্রহী করার ব্যবস্থা নেওয়া হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় আরবি বিভাগ আরসি মজুমদার হলে একটি সেমিনারের ঘোষণা দিয়েছে। সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. আবদুল কাদিরের সভাপতিত্বে প্রফেসর ড. যুবাইর এহসানুল হক মূল প্রবন্ধ উপস্থাপন করবেন। এছাড়াও প্রত্যেক দেশে অবস্থিত সৌদি দূতাবাস দিবসটি পালনে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে থাকে।
তবে ১৮ ডিসেম্বর আরবি ভাষা দিবস হলেও আরবি সব সময়ের জন্য আমাদের কাছে সমান গুরুত্বের। আরবি আমাদের দীনের ভাষা। কোরআনের ভাষা। আমাদের প্রিয় নবীর ভাষা। তাই দিবস পালন আমাদের মূল উদ্দেশ্য নয়। বরং সবসময় গুরুত্বের সাথে আমাদের সবাইকেই আরবি ভাষার প্রচার প্রসারে ভূমিকা রাখতে হবে। এ ভাষার খেদমতে সবাইকে আত্মনিয়োগ করতে হবে। প্রয়োজনীয় সবধরনের পদক্ষেপ নিতে হবে। সাধারণ মুসলিমদের কোরআনে কারিম শেখানোর মাধ্যমে আরবি ভাষার প্রতি ভালোবাসা সৃষ্টিতে আলেম সমাজকে কাজ করতে হবে। তালিবুল ইলমদের উচ্চতর আরবি ভাষা শিখতে এবং এভাষায় গভীরতা অর্জনে আত্মনিয়োগ করতে হবে। শুধু কোরআনে কারিম ও ইবাদতের ভাষা হিসেবেই নয় বরং জীবন্ত ও ব্যবহারিক ভাষা হিসেবেও আরবি ভাষা এবং আরবি শব্দের ব্যাপক প্রচারে সচেষ্ট হতে হবে। আরবি ভাষার প্রচারে আরবি মাধ্যমের বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে।
সার্বিক উদ্যোগ ও ব্যবস্থাপনার মাধ্যমে কোরআনের ভাষা আরবি প্রতিটি হৃদয়ে স্থান করে নিক। এ ভাষা ছড়িয়ে পরুক সবখানে, সকল প্রতিষ্ঠানে। সরকারি ও বেসরকারিভাবে স্কুল ও মাদরাসার সিলেবাসে অধিক পরিমাণে অন্তুর্ভুক্ত হোক আরবি বিষয়াদি। আরবির ভালোবাসায় জেগে ওঠুক প্রতিটি হৃদয়, প্রতিটি প্রাণ। আরবি ভাষার একজন একনিষ্ঠ খাদেম ও সেবক হিসেবে আজকের দিনে এটাই আমার প্রত্যাশা।
লেখক: আরবি ভাষাবিদ, গবেষক; প্রতিষ্ঠাতা পরিচালক: মারকাযুল লুগাতিল আরাবিয়্যাহ বাংলাদেশ