ভাষা মনের ভাব প্রকাশের মাধ্যম। ইসলাম ভাষাকে সম্মান করতে শেখায়। কারণ, সব ভাষাই আল্লাহর দান ও তার কুদরতের নিদর্শন। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘আর তার নিদর্শনাবলির মধ্যে রয়েছে আকাশমণ্ডলী ও পৃথিবীর সৃষ্টি এবং তোমাদের ভাষা ও বর্ণের বৈচিত্র্য। এতে জ্ঞানীদের জন্য অবশ্যই বহু নিদর্শন রয়েছে।’ (সুরা আর রুম: ২২)
বর্তমান বিশ্বে প্রচলিত ছয় সহস্রাধিক ভাষার মধ্যে বিভিন্ন জনপদের লোক তাদের নিজ ভাষায় কথা বলে থাকেন। পৃথিবীর অপরাপর সব জিনিসের মতো মাতৃভাষার স্রষ্টাও আল্লাহ তাআলা।
আল্লাহর সব নেয়ামতের সঙ্গে মাতৃভাষার কদর করার বর্ণনা এসেছে কোরআনে। ‘দয়াময় রহমান আল্লাহ! কোরআন পাঠ শেখালেন; মানুষ সৃষ্টি করলেন; তাকে ভাষা বয়ান শেখালেন।’ (সুরা আর রাহমান: ১-৪)
আল্লাহ তাআলার এই মহান কুদরতকে ব্যবহার করে প্রকৃত বান্দারা স্রষ্টার অমীয় বাণী উপলব্ধি করেন, ফলে মহামূল্যবান সম্পদ ‘তাকওয়া’ অর্জন করতে সমর্থ হন। সে প্রসঙ্গে আল্লাহ বলেন, ‘হে মানুষ! আমি তোমাদের সৃষ্টি করেছি এক পুরুষ ও এক নারী হতে এবং তোমাদের বিভক্ত করেছি বিভিন্ন জাতি ও গোত্রে। যাতে তোমরা একে অপরের সঙ্গে পরিচিত হতে পার। তোমাদের মধ্যে সে ব্যক্তিই আল্লাহর নিকট অধিক মর্যাদাসম্পন্ন, যে ব্যক্তি অধিক আল্লাহকে ভয় করে।’ (সুরা হুজরাত: ১৩)
মাতৃভাষার ব্যাপারে পবিত্র কোরআনে বিস্তারিত আলোচনা করা হয়েছে। সকল নবী-রাসুল (আ.) মাতৃভাষায় তাওহিদের বাণী প্রচার করেছেন। তাদের কাছে পাঠানো কিতাবও স্থানীয় ভাষায় নাজিল করা হয়েছে। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন—
আমি প্রত্যেক রাসুলকেই তাঁর স্বজাতির ভাষাভাষী করে পাঠিয়েছি তাদের নিকট পরিষ্কারভাবে ব্যাখ্যা করার জন্য (সুরা ইব্রাহিম: ৪)। ‘আমি কোরআনকে তোমার ভাষায় সহজ করে দিয়েছি, যাতে তুমি তা দিয়ে মুত্তাকিদের সুসংবাদ দিতে পার এবং কলহকারী সম্প্রদায়কে সতর্ক করতে পারো।’ (সুরা মরিয়ম : ৯৭)
বিশ্বনবী (স.) মাতৃভাষাতেই কোরআনের বাণী প্রচার করে জগতকে আলোকিত করেছেন। তিনি ছিলেন আরবের সবচেয়ে সুন্দর ও শুদ্ধভাষী। তিনি কোনোদিন একটি অশুদ্ধ শব্দও উচ্চারণ করেননি। বাংলা আমাদের মাতৃভাষা। তাই মহানবী (স.)-এর আদর্শ অনুসারে আমাদেরও উচিত বিশুদ্ধ মাতৃভাষা ব্যবহার করা।
প্রিয়নবী (স.)-এর উম্মতের ভাষা ছিল আরবি, তাই আরবি ভাষায় কোরআন নাজিল হয়। আল্লাহ তাআলা বলেন, 'এটা রুহুল আমিন জিব্রাইলের মাধ্যমে তোমার অন্তঃকরণে সুস্পষ্ট আরবি ভাষায় অবতীর্ণ করা হয়েছে। যাতে ভয় প্রদর্শনকারী হতে পারো'- (সুরা শুয়ারা : ১১৩-১১৫)। ‘ইহা (কোরআন) আমি অবতীর্ণ করেছি আরবি ভাষায়, যাতে তোমরা বুঝতে পারো’ (সুরা ইউসুফ: ২)।
সবচেয়ে উন্নত সাহিত্য রচনার সুস্পষ্ট ইঙ্গিত রয়েছে কোরআনে। আল্লাহ তাআলা বলেন, ‘হে নবী (স.) আমি আপনার প্রতি সর্বসুন্দর কাহিনি বর্ণনা করেছি।’ (সুরা ইউসুফ: ২)
অনারবরা কোরআন পড়তে অসুবিধা হতো, তাই হজরত আলী (রা.) তাঁর বিশিষ্ট শিষ্য হজরত আবুল আসওয়াদ দুওয়াইলি (রহ.)-কে নির্দেশনা দিয়ে আরবি ভাষাশাস্ত্র প্রণয়ন করান, যা ইলমে নাহু (বাক্যবিন্যাস) ও ইলমে ছরফ (শব্দ প্রকরণ) নামে পরিচিত।
মুসলিম মনীষীরা একাধিক ভাষায় পাণ্ডিত্য অর্জন করেছেন এবং সাহিত্য ও কাব্যচর্চা করেছেন। বিখ্যাত সাহাবি হজরত হাসসান ইবনে সাবিত (রা.) কাব্য রচনা করতেন। ইসলামের সব যুগেই বিভিন্ন ভাষাভাষীরা মাতৃভাষায় সাহিত্যচর্চা করে আসছেন। উম্মুল মুমিনিন আয়েশা (রা.)ও কাব্যচর্চা করতেন। (তাফসিরে ইবনে কাসির)
প্রয়োজনে বিদেশি ভাষাও শেখা যাবে এবং তা শুদ্ধও হতে হবে। মহানবী (স.) সাহাবিদের বিদেশি ভাষা শেখারও নির্দেশনা দিয়েছিলেন। যত দূর জানা যায়, বাংলাদেশে ইসলাম প্রচার শুরু হয় ইসলামের দ্বিতীয় খলিফা হজরত ওমর ইবনুল খাত্তাব (রা.)-এর খিলাফতকালের মধ্যভাগ হতে অর্থাৎ ৬৪০ সালের দিকে। আরব, ইয়েমেন, ইরাক, ইরান, খোরাসান, তুরস্ক, মিসর বিভিন্ন দেশ বিভিন্ন দেশ থেকে ইসলাম প্রচারকগণ বাংলাদেশে ইসলাম প্রচার করার জন্য আগমন করেছেন। তারা এ দেশে এসে এ দেশের মানুষের ভাষা আয়ত্ত করেছেন এবং এ দেশের মানুষের ভাষাতেই ইসলাম প্রচার করেছেন।
ইসলামে ভাষা শুদ্ধ লেখা, পড়া ও বলা এবং শেখা ও শেখানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। বদর যুদ্ধের বন্দীদের শিক্ষিতজনের মুক্তিপণের বিকল্প হিসেবে ১০ মুসলিমকে লেখাপড়া শেখানোর দায়িত্ব দেওয়া হয়েছিল।
তাই মুসলমানদের মাতৃভাষার প্রতি যত্নশীল হওয়া জরুরি। ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ১৯৫২ সালে মাতৃভাষার মর্যাদা রক্ষার জন্য বাকস্বাধীনতা ও নিজ ভাষায় কথা বলার অধিকারের জন্য প্রাণ দেন এদেশের সন্তান সালাম, বরকত, রফিক ও জব্বাররা। তৎকালীন পাকিস্তানি শাসকগোষ্ঠী মরিয়া হয়ে উঠেছিল উর্দুকে রাষ্ট্রভাষা হিসেবে চাপিয়ে দিতে। তাদের এই অপপ্রয়াসের বিরুদ্ধে বাংলা ভাষাভাষীরা গড়ে তোলেন তীব্র আন্দোলন। বাংলার আবালবৃদ্ধবনিতা মাতৃভাষার মর্যাদা রক্ষার লড়াইয়ে ঝাঁপিয়ে পড়ে।
‘রাষ্ট্রভাষা বাংলা চাই’ স্লোগানে মুখরিত করে তোলেন রাজপথ। পৃথিবীর ইতিহাসে একমাত্র আমরাই মাতৃভাষার জন্য রক্ত ও জীবন দিয়েছি। তাই ২১ ফেব্রুয়ারি দিনটি আমাদের ‘ভাষাশহীদ দিবস’ এবং বর্তমানে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ হিসেবে পালিত হচ্ছে সারা বিশ্বে।
১৯৯৯ সালের ১৭ নভেম্বর বাংলাদেশের সাফল্যের ঝুলিতে যোগ হয় এই অর্জন। জাতিসংঘের সেই স্বীকৃতির পর থেকে পৃথিবীর নানা ভাষাভাষী মানুষ দিনটি পালন করছে।
আমাদের সবার জন্য আবশ্যক ওই সব ত্যাগী বীরদের জন্য কল্যাণ কামনা করা এবং তাদের মাগফেরাতের জন্য দোয়া করা। মাতৃভাষাকে ভালোবাসা, প্রিয় মাতৃভূমিকে সব ধরণের ষড়যন্ত্রের কবল থেকে বাঁচিয়ে রাখার সর্বাত্মক চেষ্টা অব্যাহত রাখা। আল্লাহ তাওফিক দান করুন। আমিন।




