Dhaka Mail Logo

জাতীয়

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল বুধবার

নিজস্ব প্রতিবেদক

২৪ জানুয়ারি ২০২৩, ০৩:২১ পিএম

দেশের ২২তম রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে আগামীকাল বুধবার (২৫ জানুয়ারি) কমিশন সভা শেষে তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) আইন অনুযায়ী স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে বৈঠক শেষে এ কথা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিব আউয়াল।

সিইসি বলেন, আইন অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার আগে স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করার বিধান আছে। সেই মোতাবেক আজ দুপুরে স্পিকারের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচনের তফসিলের বিষয়ে আলোচনা হয়েছে। কমিশন সভায় রাষ্ট্রপতি নির্বাচনের তফসিলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কাজী হাবিব আউয়াল বলেন, বিদ্যমান ভোটার তালিকা অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদের সংসদ সদস্যরাই রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার। আগামী ১ ফেব্রুয়ারি ৬টি সংসদীয় আসনের উপনির্বাচনে বিজয়ী সংসদ সদস্যরা এবারের রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে পারবেন না।

>> আরও পড়ুন: নতুন রাষ্ট্রপতি হিসেবে আলোচনা তাদের ঘিরেই

এর আগে মঙ্গলবার দুপুর ২টার দিকে রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা নিয়ে স্পিকারের সংসদের কার্যালয়ে বৈঠকে বসেন তারা। এ সময় নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম উপস্থিত ছিলেন।

Speaker-CSEরাষ্ট্রপতি নির্বাচন নিয়ে এর আগে নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান সাংবাদিকদের বলেছিলেন, সোমবার নির্বাচনের সময় গণনা শুরু হয়ে গেছে। স্পিকারের সঙ্গে বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচনের সবকিছু নির্ধারণ হবে। এ ক্ষেত্রে ১ ফেব্রুয়ারিতে ৬ উপ-নির্বাচনের পর ভোটার তালিকা করা হবে।

সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতি কার্যভার গ্রহণের তারিখ থেকে পরবর্তী পাঁচ বছর তার পদে অধিষ্ঠিত থাকতে পারেন। বর্তমান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ২০১৮ সালের ২৪ এপ্রিল কার্যভার গ্রহণ করেন। সে মোতাবেক তার দায়িত্বের পাঁচ বছর মেয়াদ শেষ হচ্ছে আগামী ২৩ এপ্রিল।

>> আরও পড়ুন: তবে কি রাষ্ট্রপতি হচ্ছেন শিরীন শারমিন?

দেশের ২২তম রাষ্ট্রপতি নির্বাচনের জন্য নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করবে। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচনে ভোটার হন সংসদ সদস্যরা। এ জন্য সংসদের বৈঠকের প্রয়োজন হয়।

বর্তমান সংসদে নিয়োগ সংখ্যাগরিষ্ঠতা রয়েছে আওয়ামী লীগের। সে ক্ষেত্রে আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো দলের প্রার্থী দেওয়ার সম্ভাবনা নেই। রাষ্ট্রপতি পদে একজন প্রার্থী থাকলে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য সংসদের বৈঠক বা ভোটের প্রয়োজন হবে না।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, রাষ্ট্রপতি নির্বাচনের জন্য সংসদের অধিবেশন বাড়ানোর প্রয়োজন পড়বে না। পূর্ব ঘোষণা অনুযায়ী ৯ ফেব্রুয়ারিই শেষ হবে এই অধিবেশন। আর এই অধিবেশনেই নির্বাচিত হবেন দেশের ২২তম রাষ্ট্রপতি।

/আইএইচ