Dhaka Mail Logo

জাতীয়

হানিফ ফ্লাইওভারে বাসের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

২৯ নভেম্বর ২০২৬, ০৫:২৮ পিএম

রাজধানীর যাত্রাবাড়ীর হানিফ ফ্লাইওভারে দ্রুতগতির বাসের ধাক্কায় রাজীব (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

রোববার (২৯ নভেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর গুরুতর অবস্থায় উদ্ধার করে রাজীবকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত রাজীব শরীয়তপুরের ভেদরগঞ্জ থানার সিকদারবাড়ি গ্রামে আফতাব শিকদারের ছেলে। বর্তমানে তিনি রাজধানীর যাত্রাবাড়ীর রসুলপুর এলাকায় বসবাস করতেন। পেশায় তিনি একটি তেলের পাম্পের কর্মচারী ছিলেন।

রাজীবকে হাসপাতালে নিয়ে আসা পথচারী রায়হান জানান, বিকেলে হানিফ ফ্লাইওভারের ওপর দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় একটি দ্রুতগতির বাস তাকে ধাক্কা দেয়। এতে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। দুর্ঘটনার পর অনেকে সেখানে দাঁড়িয়ে মোবাইল ফোনে ভিডিও করলেও তাকে উদ্ধারে কেউ এগিয়ে আসেননি। পরে তিনি নিজেই রাজীবকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসেন। তবে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে রাজীবের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট থানা-পুলিশকে অবহিত করা হয়েছে।

এমএমআর/এসআই