Dhaka Mail Logo

জাতীয়

দূষিত বায়ুর শহরের শীর্ষে লাহোর, ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’

নিজস্ব প্রতিবেদক

২৯ নভেম্বর ২০২৬, ১১:৩৮ এএম

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় শীর্ষে উঠে এসেছে পাকিস্তানের শহর লাহোর। এই তালিকায় রাজধানী ঢাকার অবস্থান ১৫তম। আর বিশ্বের পরিচ্ছন্ন শহরের তালিকায় শীর্ষসহ ৫ শহরের মধ্যে চারটিই জাপানের।

রোববার (২৯ নভেম্বর) বেলা ১১টায় আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের প্রকাশিত তালিকায় এমন চিত্র দেখা গেছে।

আইকিউএয়ারের তথ্যানুযায়ী, পাকিস্তানের শহর লাহোরের বায়ুমান সূচক (একিউআই) ৪৬৩, যাকে ‘বিপজ্জনক’ বায়ুমান হিসেবে ধরা হয়।

সংস্থাটি বলছে, রাজধানী ঢাকার বাতাসের মান ১৪৪, যাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ুমান হিসেবে চিহ্নিত করে বিশেষজ্ঞরা। এই বায়ুমানের এই স্কোর নিয়ে দূষিত শরের তালিকায় ঢাকার অবস্থান ১৫তম।

আইকিউএয়ারের দূষিত তালিকা অনুযায়ী, বিশ্বের দূষিত বায়ুর শহরের মধ্যে দ্বিতীয় অবস্থানে মিশরের কায়রো। দেশটির একিউআই মান ৩৫৪, যাকে ‘বিপদজ্জনক’ বায়ুমান হিসেবে বিবেচনা করা হয়।

আর তৃতীয় স্থানে রয়েছে ভারতের দিল্লি। শহরটির একিউআই মান ২৪৫, যাকে ‘খুবই অস্বাস্থ্যকর’ বায়ুমান হিসেবে ধরা হয়।

এ ছাড়া দূষিত শহরের তালিকায় চতুর্থ অবস্থানে ইরাকের বাগদাদ (১৯২), পঞ্চম অবস্থানে উগান্ডার কামপালা (১৯০), ৬ষ্ঠ অবস্থানে কিরগিজস্তানের বিশকেক (১৭১), ৭ম অবস্থানে সংযুক্ত আরব আমিরাতের দুবাই (১৭০), ৮ম অবস্থানে পাকিস্তানের করাচি (১৬৯), ৯ম অবস্থানে ইন্দোনেশিয়ার মেদান (১৫৮) এবং ১০ম অবস্থানে ভিয়েতনামের হ্যানয় ( ১৫৭) রয়েছে।

পরিচ্ছন্ন শহরের শীর্ষ ৫ শহরের মধ্যে চারটিই জাপানের

অন্যদিকে, বিশ্বের সবচেয়ে পরিচ্ছন্ন শহরের তালিকায় শীর্ষে রয়েছে জাপানের রাজধানী টোকিও। শহরটির একিউআই মান ১১, যাকে ‘ভালো’ বায়ুমান হিসেবে চিহিৃত করা হয়।

পরিচ্ছন্ন শহরের তালিকায় দ্বিতীয় ও তৃতীয় অবস্থানেও রয়েছে জাপানের আরও দুটি শহর। এরমধ্যে টোকিও-এর মতো সমান বায়ুমান (১১) নিয়ে দ্বিতীয় কিয়োটো এবং কোবে একিইউআই ১৭ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে।

জাপানের কোবে শহরের মতো সমান একিইউআই ১৭ স্কোর নিয়ে পরিচ্ছন্ন শহরের চতুর্থ অবস্থানে রয়েছে অস্ট্রেলিয়ার মেলবোর্ন। আবার এই ১৭ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে জাপানের আরেক শহর ওসাকা। অর্থাৎ, পরিচ্ছন্ন শহরের শীর্ষ ৫ শহরের মধ্যে চারটিই জাপানের।

উল্লেখ্য, আইকিউএয়ারের বায়ুমান সূচক অনুযায়ী, শূন্য থেকে ৫০ স্কোরকে ‘ভালো’ বায়ু হিসেবে বিবেচনা করা হয়। ৫১ থেকে ১০০ স্কোর হলে তা ‘মাঝারি’ বা সহনীয় পর্যায়ের। ১০১ থেকে ১৫০ স্কোর সংবেদনশীল জনগোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।

এ ছাড়া ১৫১ থেকে ২০০ স্কোরকে ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ স্কোরকে ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০০-এর বেশি স্কোরকে ‘বিপজ্জনক’ হিসেবে বিবেচনা করা হয়।

এম/এএম