নিজস্ব প্রতিবেদক
২৮ নভেম্বর ২০২৬, ০৪:১৮ পিএম
পলাতক শক্তি দেশের বাইরে থেকে বাংলাদেশকে অস্থিতিশীল করার পরিকল্পনা করছে বলে মন্তব্য করে সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, বিভিন্ন দেশ ও সীমান্তের ওপার থেকে উসকানি দিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর ষড়যন্ত্র করা হচ্ছে। তবে বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ থাকায় এসব অপশক্তিকে ভয় পায় না।
শনিবার (২৮ নভেম্বর) রাজধানীতে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে ‘উইটনেসেস টু জুলাই ম্যাসাকার মেমোরিয়াল এক্সিবিশন ২০২৬’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে আত্মত্যাগকারী ৫৯০ জনের বেশি শহীদের ব্যবহৃত সামগ্রী ও স্মৃতিস্মারক নিয়ে দুই দিনব্যাপী এ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। উদ্বোধনের পর প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।
সংস্কৃতি মন্ত্রী বলেন, বিগত স্বৈরাচারী ফ্যাসিবাদী শক্তি দেশে গুম, খুন, আয়নাঘর, ক্রসফায়ার ও নির্যাতন চালিয়েছে। সাংবিধানিক প্রতিষ্ঠান ও নির্বাচনব্যবস্থা ধ্বংস করে তারা জোরপূর্বক ক্ষমতায় টিকে ছিল।
তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানে জাতি-বর্ণ-ধর্ম নির্বিশেষে বাংলাদেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছে। পুলিশ সদস্যের সন্তান, সেনাবাহিনী কর্মকর্তার সন্তানসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ শহীদ হয়েছেন। গণমাধ্যমকর্মীরাও গণঅভ্যুত্থানের বাস্তবতা বুঝতে পেরেছিলেন।
নিতাই রায় চৌধুরী বলেন, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনার পতন হয় এবং তিনি দেশ ছেড়ে পালিয়ে গেছেন । এরপর মন্ত্রী, সংসদ সদস্য, মেয়র ও স্থানীয় জনপ্রতিনিধিদের অনেকে দেশ ছেড়ে চলে গেছে। এখন সেই পলাতক শক্তি দেশের বাইরে থেকে বাংলাদেশকে অস্থিতিশীল করার ছক কষছে।
তিনি আরও বলেন, বাংলাদেশের সচেতন জনগণ এবং জুলাই গণঅভ্যুত্থানে যারা আন্দোলন-সংগ্রাম করেছে, তারা আজ ঐক্যবদ্ধ এবং সবাই রাজপথে আছে। অতএব এই সমস্ত দুষ্কৃতকারী বা কোনো অপশক্তিকে তারা ভয় পায় না। এসব করে কোনো লাভ নেই; বাংলাদেশ স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে এগিয়ে যাবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেন, শহীদদের পরিবারের কষ্ট ও হাহাকার একই রকম। সন্তান একমাত্র হোক বা অন্য সন্তানদের একজন, তাকে হারানোর বেদনার কোনো সীমা নেই। রাষ্ট্র প্রত্যেক শহীদকে সমানভাবে দেখতে চায়।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ প্রসঙ্গে তিনি বলেন, ডিসেম্বর আসছে, পালিয়ে যাওয়া স্বৈরাচার দেশে ফেরার কথা বলছেন। তবে তার দেশে ফেরার কোনো সম্ভাবনা নেই। জুলাই গণঅভ্যুত্থান ও বিগত সময়ের ঘটনাগুলো প্রদর্শনী ও জাদুঘরের মাধ্যমে আমাদের স্মরণ রাখতে হবে।
তিনি আরও বলেন, বাংলাদেশে শেখ হাসিনা তো বটেই, জনগণের মনের দিক থেকে এই পার্টিরও কবর হোক।
অনুষ্ঠানের সভাপতি জুলাই জাদুঘরের মহাপরিচালক এহ্সান মাহমুদ বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থান, স্বৈরাচারের পতন এবং বিগত দেড় দশকের ইতিহাস সংরক্ষণ, গবেষণা ও প্রদর্শনের জন্য জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর প্রতিষ্ঠা করা হয়েছে।
তিনি জানান, বর্তমানে জাদুঘরে ৫৯০ জন শহীদের স্মারক সংরক্ষিত রয়েছে। এর মধ্যে গ্যালারিতে ২০৫ জন শহীদের ৫০০টির বেশি স্মারক প্রদর্শন করা হচ্ছে। জাদুঘরে শহীদদের ব্যবহৃত প্রায় দেড় হাজার থেকে ১ হাজার ৮০০ স্মৃতিস্মারক রয়েছে। জায়গার সংকুলান না হওয়ায় সব নিদর্শন একসঙ্গে প্রদর্শন করা সম্ভব হচ্ছে না। পর্যায়ক্রমে বিভিন্ন প্রদর্শনী ও গ্যালারিতে এসব স্মারক দেখানো হবে।

প্রদর্শনীতে শহীদদের ব্যবহৃত রক্তমাখা পোশাক, ডায়েরির পাতা, ভাঙা চশমা ও ব্যক্তিগত চিঠিসহ বিভিন্ন স্মৃতিচিহ্ন রাখা হয়েছে। উদ্বোধনী দিনে শহীদ পরিবারের সদস্য, শিক্ষার্থী ও সাধারণ দর্শনার্থীরা প্রদর্শনী ঘুরে দেখেন।
জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস ও শহীদদের আত্মত্যাগ তুলে ধরতে আয়োজিত এ প্রদর্শনী রোববার (২৯ নভেম্বর) পর্যন্ত প্রতিদিন বেলা ১১টা ৩০ মিনিট থেকে বিকেল ৫টা ৩০ মিনিট পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।
এমএইচ/এফএ