Dhaka Mail Logo

জাতীয়

ধুঁকছে পিংক বাস, সংকট কাটাতে বিআরটিসির নতুন পরিকল্পনা

মাহফুজুর রহমান

২৭ নভেম্বর ২০২৬, ০৫:৪৬ পিএম

রাজধানী ঢাকায় নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ যাতায়াত নিশ্চিত করতে ঘটা করে চালু করা হয়েছিল বিশেষায়িত ‘পিংক বাস’ সার্ভিস। তবে তিন মাস না পেরোতেই যাত্রীসংকট ও পরিচালন ব্যয়ের চাপে অনেকটা মুখ থুবড়ে পড়েছে বিআরটিসির এই উদ্যোগ। দিনের নির্দিষ্ট সময়ে কিছু যাত্রী মিললেও বাকি সময় বাসগুলো পড়ে থাকছে ডিপোতে। টিকিট বিক্রির আয় দিয়ে জ্বালানি ও পরিচালন ব্যয় মেটানো যাচ্ছে না। ফলে প্রতি মাসেই বড় অঙ্কের লোকসান গুনতে হচ্ছে সরকারকে।

এমন পরিস্থিতিতে পুরনো বাসের পরিবর্তে নতুন শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) বাস নামানো, প্রচারণা বাড়ানো এবং যাত্রীদের চাহিদা অনুযায়ী রুট ও স্টপেজ নির্ধারণের পরিকল্পনা করছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। এমনকি দোতলা বাসের এক তলায় পুরুষ যাত্রী তোলার কথাও ভাবছে রাষ্ট্রায়ত্ত সংস্থাটি।

বিআরটিসি সূত্রে জানা গেছে, বর্তমানে চালু থাকা ১৪টি পিংক বাসের আয় দিয়ে পরিচালন ব্যয়ের সামান্য অংশও মেটানো যাচ্ছে না। গেল আড়াই মাসে এসব বাস পরিচালনায় সরকারের লোকসান দাঁড়িয়েছে ২৭ লাখ ৮৭ হাজার টাকার বেশি। সংস্থাটির হিসাবে, জ্বালানি, টোল, বেতন ও আনুষঙ্গিক খরচ বাদ দিয়ে প্রতিদিনই বড় অঙ্কের ভর্তুকি দিতে হচ্ছে। এ অবস্থায় আগামী মার্চে নারীদের জন্য ৫০টি অত্যাধুনিক এসি বাস যুক্ত করার পরিকল্পনা রয়েছে। একই সময়ে সাধারণ যাত্রীদের জন্যও ৫০টি নতুন বাস নামানোর কথা ভাবছে সংস্থাটি।

আরও পড়ুন

দুই মাস না পেরোতেই মুখ থুবড়ে পড়েছে ‘পিংক বাস’

গত ১৮ আগস্ট রাজধানী ঢাকা, চট্টগ্রাম ও বগুড়ায় ১৪টি বাস নিয়ে পিংক বাস সার্ভিস চালু করা হয়। এর মধ্যে ঢাকায় ১০টি, চট্টগ্রামে দুটি এবং বগুড়ায় দুটি বাস রয়েছে। গণপরিবহনে নারীদের নিরাপদ যাতায়াতের সুযোগ বাড়াতে নেওয়া এ উদ্যোগের শুরুতে বেশ আগ্রহ তৈরি হলেও বাস্তব চিত্র খুব একটা আশাব্যঞ্জক নয়।

নারীদের সুবিধার জন্য এই উদ্যোগ নেওয়া হয়। ছবি: সংগৃহীত
নারীদের সুবিধার জন্য এই উদ্যোগ নেওয়া হয়। ছবি: সংগৃহীত

বিআরটিসির চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর গণমাধ্যমকে বলেন, দিনের অন্যান্য সময়ে শুধু নারী যাত্রী পাওয়া কঠিন। কোনো কোনো হিসাবে দিনে আয় হচ্ছে ৫০ থেকে ৫১ হাজার টাকা, অথচ ব্যয় এক লাখ টাকার বেশি। ফলে অধিকাংশ বাস পরিচালনায় প্রায় সমপরিমাণ ভর্তুকি দিতে হচ্ছে। সার্কুলার পদ্ধতিতে বাসগুলো সারা দিন চালানো গেলে বিভিন্ন সময়ে কিছু না কিছু যাত্রী পাওয়া যাবে। এ সেবার চাহিদাও রয়েছে।

পিংক বাস সার্ভিসের প্রচারণায়ও ঘাটতি রয়েছে জানিয়ে তিনি বলেন, আগামী মার্চে নারীদের জন্য ৫০টি অত্যাধুনিক ইলেকট্রিক বাস যুক্ত করার পরিকল্পনা রয়েছে। একই সময়ে সাধারণ যাত্রীদের জন্য আরও ৫০টি বাস আসবে। আগামী ২৫ ফেব্রুয়ারির মধ্যে বাসগুলো দেশে পৌঁছানোর আশা করা হচ্ছে। এরপর চার-পাঁচ দিন পরীক্ষামূলকভাবে চালিয়ে মার্চের ১ তারিখ থেকে সেবায় যুক্ত করার পরিকল্পনা রয়েছে।

ধুঁকতে থাকা সরকারের মহৎ এই উদ্যোগটি কীভাবে কার্যকর করা যায় সে ব্যাপারে নতুন করে ভাবছে বিআরটিসি। সংস্থাটির পরিচালক (প্রশাসন ও অপারেশন) যুগ্ম সচিব মো. রাহেনুল ইসলাম এ প্রসঙ্গে ঢাকা মেইলকে বলেন, পুরনো বাস রং করে পিংক বাস সার্ভিস চালু করা হয়েছে। এসব বাসে এসি নেই, মানও খুব ভালো নয়। ফলে সকালে ও বিকেলে কিছু যাত্রী পাওয়া গেলেও দুপুরে যাত্রী থাকে না। নতুন বাস নামানোর আগেই প্রচারণার মাধ্যমে কীভাবে যাত্রী আকৃষ্ট করা যায়, সে পরিকল্পনা করা হচ্ছে।

আরও পড়ুন

বিতর্কে নারীদের গোলাপি বাস, নেপথ্যে কী?

এই কর্মকর্তা বলেন, বিজ্ঞাপন ও প্রচারণার মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত নারীদের সঙ্গে যোগাযোগ করা হবে। একই এলাকার কর্মজীবী নারীদের নিয়ে গ্রুপ তৈরি এবং তাদের যাতায়াতের সুবিধা বিবেচনায় স্টপেজ নির্ধারণের পরিকল্পনা রয়েছে। এতে দলবদ্ধভাবে নারীরা বাস ব্যবহার করতে পারবেন। নতুন বাস যুক্ত হলে এসব পরিকল্পনা বাস্তবায়ন সহজ হবে।

শুরু থেকেই আশানুরূপ যাত্রী পাওয়া যায়নি পিংক বাসে। ছবি: সংগৃহীত
শুরু থেকেই আশানুরূপ যাত্রী পাওয়া যায়নি পিংক বাসে। ছবি: সংগৃহীত

এ ছাড়া দোতলা বাসের ক্ষেত্রে নারী ও পুরুষ যাত্রীদের জন্য আলাদা তলা নির্ধারণের বিষয়টিও বিবেচনা করা হচ্ছে। প্রয়োজনে নিচতলায় নারী এবং ওপরের তলায় পুরুষ যাত্রীদের চলাচলের ব্যবস্থা করা হতে পারে।

নতুন বাস কেনার বিষয়ে রাহেনুল ইসলাম বলেন, মোট ১০০টি বাস কেনার প্রক্রিয়া চলছে। টেন্ডার কার্যক্রম চলমান রয়েছে। আগামী মার্চের মধ্যে এসব বাস নামানোর পরিকল্পনা রয়েছে। এর মধ্যে ৫০টি নারীদের জন্য এবং ৫০টি সাধারণ যাত্রীদের জন্য কেনা হবে। সব বাসই হবে এসি সিঙ্গেল ডেকার।

আরও পড়ুন

প্রথম দিনেই পিংক বাসে ‘বলাকার’ ধাক্কা

তিনি আরও জানান, পরবর্তী অর্থবছরে আরও ১০০টি বাস কেনার পরিকল্পনা রয়েছে। সব মিলিয়ে ২০০টি নতুন বাস কেনার লক্ষ্য নির্ধারণ করেছে বিআরটিসি। নতুন বাসগুলোর রং পিংক হবে, নাকি অন্য কোনো রং নির্ধারণ করা হবে, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।

এম/জেবি