রাজধানীতে নারীদের জন্য চালু হওয়া ‘পিংক বাস’ সেবার প্রথম দিনেই একটি বাসে ধাক্কা দিয়েছে বলাকা পরিবহনের একটি বাস। এ ঘটনায় বলাকা পরিবহনের বাসটির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে জরিমানা করেছে ট্রাফিক পুলিশ।
মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে রাজধানীতে পিংক বাস চলাচল শুরুর কিছুক্ষণ পর এ ঘটনা ঘটে। ধাক্কার খবর পেয়ে ট্রাফিক পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে বলাকা পরিবহনের বাসটির বিরুদ্ধে মামলা দিয়ে জরিমানা করা হয়।
তবে এ ঘটনায় কোনো যাত্রী হতাহত হয়েছেন কি না বা পিংক বাসটির বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
রাজধানীতে নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে ‘মহিলা বাস সার্ভিস’ চালু করা হয়। এই সেবার অন্যতম বৈশিষ্ট্য হলো, বাসগুলোর চালক ও কন্ডাক্টর হিসেবে দায়িত্ব পালন করবেন নারী কর্মীরা।
এর আগে সকাল ১০টায় তেজগাঁওয়ে বিআরটিসির ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে এ সেবার উদ্বোধন করা হয়। প্রাথমিক পর্যায়ে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ রুটে ১০টি পিংক বাস চলাচল করবে। এ ছাড়া বগুড়ায় দুটি, চট্টগ্রামে দুটি এবং আরও চারটি বাস পর্যায়ক্রমে এ সেবায় যুক্ত হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
এমআই




