নিজস্ব প্রতিবেদক
২৭ নভেম্বর ২০২৬, ০২:১০ পিএম
রাজধানীর ওয়ারীতে পুর্বশত্রুতারর জেরে হোটেলে ঢুকে ম্যানেজারকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। নিহতের নাম নাঈমুর রহমান (২৬)। এই সময় হোটেলের জেনারেল ম্যানেজার আব্দুর রাজ্জাক (৫০) ও হোটেলের স্টাফ মো. হাসান (২৬) আহত হন।
শুক্রবার (২৭ নভেম্বর) ভোর ৪টার দিকে জয়কালী মন্দির সড়কে অবস্থিত ওসমানী ইন্টারন্যাশনাল আবাসিক হোটেলে এই ঘটনা ঘটে। নিহত নাঈমুরের রাজবাড়ী জেলার গোয়ালন্দ থানার পুর্ব উজানচড় গ্রামের বাসিন্দা গোলাম মোস্তফার ছেলে। তিনি হোটেলেই থাকতেন।
থেকে আহত তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে গেলে চিকিৎসক নাঈমুরকে মৃত ঘোষণা করেন।
ওয়ারী থানার উপ পরিদর্শক (এসআই) মো. আলআমিন মিয়া জানান, রাত আনুমানিক ২টার দিকে ওয়ারী জয়কালী মন্দিরের পাশে ওসমানী ইন্টারন্যাশনাল আবাসিক হোটেলে দুজন দেশীয় অস্ত্র নিয়ে প্রবেশ করে। এ সময় নাঈমুর রহমানকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। চিৎকার শুনে হোটেলের জেনারেল ম্যানেজার আব্দুর রাজ্জাক ও স্টাফ মো. হাসান এগিয়ে এলে তাদেরও কুপিয়ে জখম করা হয়।
এসআই আরও বলেন, তাদের তিনজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নাঈমুরকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে জানা গেছে এক মুরগি ব্যবসায়ী ও তার ছেলে হোটেলে ঢুকে এই ঘটনা ঘটিয়েছে। বিস্তারিত তথ্য জানতে কাজ চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
আহত আব্দুর রাজ্জাকের পিঠে গুরুতর জখম রয়েছে এবং মো. হাসানের পেটে ছুরিকাঘাত করা হয়েছে। ঢাকা মেডিকেলে চিকিৎসা শেষে তাদের শ্যামলীর একটি হাসপাতালে ভর্তি করা হয় বলেও জানান ওয়ারী থানার এসআই।
/এএস