শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ঢাকা

‎পল্লবী থানার সাবেক ওসি অপূর্ব ও স্ত্রীর বিপুল সম্পদের খোঁজ পেল দুদক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৬, ০১:১১ এএম

শেয়ার করুন:

‎পল্লবী থানার সাবেক ওসি অপূর্ব ও স্ত্রীর বিপুল সম্পদের খোঁজ পেল দুদক

রাজধানীর পল্লবী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান ও তার স্ত্রী ফাতিমা রহমানের নামে বিপুল পরিমাণ সম্পদের সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাদের নামে থাকা এসব সম্পদের অবস্থান ঢাকা ও গোপালগঞ্জে। এ ছাড়া অপূর্ব হাসানের দুটি ব্যাংক ও একটি বিমা হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. শাহজাহান কবির এ আদেশ দেন।

দুদকের সহকারী পরিচালক রাসেল রনি এ আবেদন করেন। আবেদনে বলা হয়, অপূর্ব হাসান পল্লবী থানার সাবেক ওসি। তার স্থায়ী ঠিকানা গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার সামন্তহাটি এলাকায়। তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, অবৈধ সম্পদ অর্জন এবং বিভিন্ন অপরাধের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ অনুসন্ধানাধীন রয়েছে।

দুদক সূত্রে জানা যায়, গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার বহাল বাড়ীয়া মৌজায় ৬৮৬ এসএ খতিয়ানে ২১.৩৪ শতাংশ জমি রয়েছে। একই মৌজার ২১৩ এসএ খতিয়ানে ৯.৩২ শতাংশ জমি, ১৮৮ নম্বর এসএ খতিয়ানে ৯৩ শতাংশ জমি, এসএ ৩১৫, ৪১৫, ৪১৬ ও ৪৭০ খতিয়ানে ৯ শতাংশ জমি এবং এসএ ৬৪৪ খতিয়ানে ৫৮ শতাংশ জমি রয়েছে। একই উপজেলার নড়াইল মৌজায় এসএ ১১৬ ও ৭১১ নম্বর খতিয়ানে ৯৮ শতাংশ, রামদিয়া মৌজায় এসএ ৫৯২ খতিয়ানে ১৯.২৫ শতাংশ এবং একই মৌজায় ৭৩৬-৭৩৭ দাগে ৪.৩৩ শতাংশ জমি রয়েছে। একই উপজেলার রামদিয়া মৌজায় ৩৮৮ ডিপি খতিয়ানে ০.৬৬ শতাংশ জমিও রয়েছে। ২০০৪ সালের ৮ জুন এ দলিলটি সম্পাদন করা হয়। দলিল নম্বর ২২৬৬। পাশাপাশি ঢাকার বাড্ডা এলাকার বেড়াইদ মৌজায় এসএ ১১৫ দাগে ৬.২৫ শতাংশ জমি রয়েছে।

আরও পড়ুন: দুদক চেয়ারম্যানের নেতৃত্বে ঢাকা মেডিকেলে অভিযান

জমির পাশাপাশি সোনালী ব্যাংকের যশোর করপোরেট শাখা ও ইসলামী ব্যাংকের গুলশান করপোরেট শাখায় বিপুল পরিমাণ অর্থের সন্ধান মিলেছে। এ ছাড়া মেটলাইফ নামে একটি জীবনবিমা প্রতিষ্ঠানে কয়েক লাখ টাকার সন্ধান পেয়েছে দুদক।

অপূর্ব হাসানের পাশাপাশি তার স্ত্রী ফাতিমা রহমানের নামেও বিপুল পরিমাণ সম্পদের সন্ধান পেয়েছে দুদক। এসব সম্পদের মধ্যে রয়েছে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার বহাল বাড়ীয়া মৌজায় এসএ ১৪১ ও ৩৬৭ খতিয়ানে ২৫ শতাংশ, এসএ ৪৯৬, ৬৭৪, ৫৪২ ও ৪৪০ খতিয়ানে ৩৩ শতাংশ, এসএ ৮৮ ও ৩৯৮ খতিয়ানে ১০ শতাংশ এবং এসএ ৩৬৪ খতিয়ানে ১৫.৫০ শতাংশ জমি। একই উপজেলার বড় নড়াইল মৌজায় এসএ ২৬৩, ৪৮৫ ও ৪৮১ খতিয়ানে ২০ শতাংশ এবং এসএ ৫৫ খতিয়ানে ৪০ শতাংশ জমি রয়েছে। এ ছাড়া একই উপজেলার সাফলী ডাঙ্গা মৌজায় বিআরএস ১২২২-৯৭৯ খতিয়ানে ৩৯.৭৫ শতাংশ এবং একই মৌজায় ১২১/১ বিআরএস খতিয়ানে ১০ শতাংশ জমি রয়েছে।

দুদক সূত্রে জানা যায়, অপূর্ব হাসানের বিরুদ্ধে ছাত্র-জনতার ওপর নির্বিচারে গুলিবর্ষণ, হত্যা, স্বর্ণ চোরাচালানের সঙ্গে জড়িত থাকা এবং ক্ষমতার অপব্যবহার করে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলছে। অনুসন্ধানকালে অভিযোগসংশ্লিষ্ট অপূর্ব হাসান ও তার স্ত্রী ফাতিমা রহমানের এসব স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য পাওয়া যায়। তারা এসব সম্পদ অন্যত্র স্থানান্তর, হস্তান্তর বা বেহাত করার চেষ্টা করছেন। এ অবস্থায় সম্পদগুলো স্থানান্তর, হস্তান্তর বা বেহাত হয়ে গেলে পরবর্তী সময়ে তা উদ্ধার করা কঠিন হয়ে পড়বে। এ কারণে স্থাবর সম্পত্তি ক্রোক ও অস্থাবর সম্পদ অবরুদ্ধ করা জরুরি।

আবেদনে আরও বলা হয়, অপূর্ব হাসান ও তার স্ত্রী তাদের নামে থাকা সম্পদ অন্যত্র হস্তান্তর বা স্থানান্তর করতে পারেন। এতে পরবর্তী সময়ে এসব সম্পদ উদ্ধার করা কঠিন হয়ে পড়বে। তাই অনুসন্ধান ও রাষ্ট্রের স্বার্থে সম্পদগুলো সংরক্ষণ করা জরুরি।

একেএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর