Dhaka Mail Logo

জাতীয়

উন্নয়ন প্রকল্পে নতুন নির্দেশিকা, আসছে প্রকল্প পরিচালক নিয়োগ নীতিমালা

নিজস্ব প্রতিবেদক

২৬ নভেম্বর ২০২৬, ০৭:১৩ পিএম

উন্নয়ন প্রকল্প প্রণয়ন, প্রক্রিয়াকরণ, অনুমোদন ও সংশোধন প্রক্রিয়া আরও কার্যকর করতে নতুন নির্দেশিকা সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার। একই সঙ্গে প্রকল্প পরিচালক নিয়োগে নতুন নীতিমালার খসড়া প্রণয়ন করা হয়েছে। সংশোধিত নির্দেশিকা ও নতুন নীতিমালা জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় অনুমোদনের পর এ বিষয়ে আনুষ্ঠানিক নির্দেশনা জারি করা হবে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) জাতীয় সংসদের পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির চতুর্থ বৈঠকে এ তথ্য জানানো হয়। বৈঠকটি কমিটির সভাপতি ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বৈঠকে কমিটির সদস্য ও পরিকল্পনা মন্ত্রণালয়ের মন্ত্রী আমীর খসরু  মাহমুদ  চৌধুরী, প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম  সাকি,  কাজী রফিকুল ইসলাম এমপি, মঈনুল ইসলাম খান এমপি, মোহাম্মদ ফখরুল  ইসলাম এমপি,  মোসা. ফরিদা ইয়াসমিন এমপি, মো. সাইফুল আলম এমপি এবং মো. রাশেদুল ইসলাম রাশেদ এমপি প্রমুখ উপস্থিত ছিলেন।

জাতীয় সংসদ সচিবালয়ের সহকারী পরিচালক (গণসংযোগ অধিশাখা-২) মুহা. শফিউল আলমের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৈঠকে দক্ষিণ অঞ্চলের সড়ক ও রেল যোগাযোগ এবং ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ের অগ্রগতি পর্যালোচনা করা হয়। পদ্মা সেতু রেলসংযোগ, খুলনা-দর্শনা জংশন সেকশনে ডাবল লাইন রেলপথ নির্মাণ এবং মধুখালী হতে কামারখালী হয়ে মাগুরা শহর পর্যন্ত ব্রডগেজ রেলপথ নির্মাণসংক্রান্ত চলমান প্রকল্পসমূহের অগ্রগতি সম্পর্কে অবহিত করা হয়।

এতে বলা হয়েছে, সরকারি খাতে উন্নয়ন প্রকল্প প্রণয়ন, প্রক্রিয়াকরণ, অনুমোদন ও সংশোধন নির্দেশিকা-জুন ২০২৬ সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে এবং সেই সঙ্গে ‘প্রকল্প পরিচালক নিয়োগ নীতিমালা ২০২৬’ শীর্ষক একটি খসড়া নীতিমালা প্রণয়ন করা হয়েছে। সংশোধিত নির্দেশিকা এবং প্রকল্প পরিচালক নিয়োগ নীতিমালা জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি) সভায় অনুমোদন করা হবে। অনুমোদনের পর এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হবে মর্মে বৈঠকে জানানো হয়।

এতে আরও বলা হয়েছে, বৈঠকে কর্ণফুলী টানেলের সার্ভিস এরিয়ার দীর্ঘমেয়াদি ইজারা, সার্ভিস এরিয়ার বিদ‌্যমান সুবিধাসমূহ, যান চলাচল, টোল ও আয় বাড়াতে গৃহীত পদক্ষেপ সম্পর্কে আলোচনা অনুষ্ঠিত হয়।  

বৈঠকে পরিকল্পনা কমিশনের সিনিয়র সচিব, সেতু বিভাগের সচিব, বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটির প্রধান নির্বাহী (সচিব), রেলপথ মন্ত্রণালয়ের সচিব, মন্ত্রণালয়ের আওতাধীন দফতরসমূহের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সংস্থাসমূহের প্রধানগণ এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এমএইচএইচ/এফএ