Dhaka Mail Logo

জাতীয়

বিমানমন্ত্রী মিল্লাতকে সংবর্ধনা দেবে দেওয়ানগঞ্জ সমিতি-ঢাকা

জ্যেষ্ঠ প্রতিবেদক

২৬ নভেম্বর ২০২৬, ০৬:৩৪ পিএম

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ উপলক্ষে জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনের সংসদ সদস্য এম. রশিদুজ্জামান মিল্লাতকে সংবর্ধনা দেবে দেওয়ানগঞ্জ সমিতি-ঢাকা।

এ উপলক্ষে আগামী ১৭ ডিসেম্বর (বৃহস্পতিবার ) বিকেল সাড়ে ৫ টায় রাজধানীর ফার্মগেইট খামারবাড়িতে অবস্থিত কৃষিবিদ ইনস্টিটিউট (কেআইবি) মিলনায়তনে এক বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

দেওয়ানগঞ্জ সমিতি-ঢাকার পক্ষ থেকে আয়োজিত এই অনুষ্ঠানে এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং ঢাকায় বসবাসরত দেওয়ানগঞ্জবাসী ও বকশীগঞ্জবাসীর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত থাকবেন।

সমিতির নেতারা বলছেন, এম. রশিদুজ্জামান মিল্লাত এমপি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব প্রাপ্তিতে জামালপুরের দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জ বাসীর জন্য আনন্দ, গর্ব ও গৌরবের বিষয়। তাঁর এ অর্জনে এলাকার সর্বস্তরের মানুষের মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে।

আয়োজকরা মনে করেন, এই সংবর্ধনা শুধু একজন জনপ্রতিনিধির প্রতি সম্মান প্রদর্শন নয় বরং দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জের মানুষের ঐক্য, সম্প্রীতি এবং এলাকার উন্নয়নের প্রত্যাশারও প্রতিফলন।

এলাকাবাসীর প্রত্যাশা, তাঁর নেতৃত্ব ও দায়িত্বশীল ভূমিকার মাধ্যমে দেশের পর্যটন ও বেসামরিক বিমান পরিবহন খাতের উন্নয়নের পাশাপাশি জামালপুরের সার্বিক উন্নয়নেরও নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।

এএম