বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ঢাকা

ময়মনসিংহে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণে সমীক্ষা শুরু: বিমানমন্ত্রী

জেলা প্রতিনিধি, ময়মনসিংহ
প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৬, ০১:৪৭ পিএম

শেয়ার করুন:

ময়মনসিংহে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণে সমীক্ষা শুরু: বিমানমন্ত্রী
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত।

ময়মনসিংহ অঞ্চলে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের লক্ষ্যে পরামর্শক নিয়োগের মাধ্যমে সমীক্ষার কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত। বিমানবন্দরটির সক্ষমতা, উড়োজাহাজ চলাচলের সংখ্যা, অবতরণের দিক এবং রানওয়ের দৈর্ঘ্যসহ বিভিন্ন বিষয় সমীক্ষায় খতিয়ে দেখা হচ্ছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) ময়মনসিংহের ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণ ও আধুনিক পর্যটন নগরী গড়ে তোলার লক্ষ্যে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা প্রশাসনের আয়োজনে ত্রিশালের রাশেদুল ইসলাম সম্মেলন হলে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের সংসদ সদস্য ডা. মো. মাহাবুবুর রহমান।

মন্ত্রী বলেন, ময়মনসিংহে বিমানবন্দর নির্মাণ বড় ও জটিল একটি পরিকল্পনা। এ বিষয়ে সরকারের অভ্যন্তরীণ কার্যক্রমও চলমান রয়েছে। সমীক্ষায় কতটি উড়োজাহাজ চলাচল করতে পারবে, কোন দিক দিয়ে উড়োজাহাজ অবতরণ করবে, অবতরণের পথ কত দূর পর্যন্ত বিস্তৃত হবে এবং বিমানবন্দরের সামগ্রিক সক্ষমতা কেমন হবে, তা যাচাই করা হচ্ছে।

এম. রশিদুজ্জামান মিল্লাত বলেন, বগুড়ার বিমানবন্দর প্রকল্পের কাজ অনেক দূর এগিয়েছে। তাই সেটি আগে বাস্তবায়ন করা হবে। বগুড়া দেশের মধ্যবর্তী অঞ্চলে হওয়ায় সেখানে উত্তরাঞ্চলের জেলাগুলোর পণ্য পরিবহনের কেন্দ্র গড়ে তোলার সম্ভাবনা রয়েছে। বগুড়ার প্রকল্পের কাজ শুরুর পর এক থেকে দুই বছর সময় নিয়ে ময়মনসিংহের বিমানবন্দর প্রকল্প এগিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে।

তিনি আরও বলেন, ময়মনসিংহে বিমানবন্দর নির্মিত হলে শুধু বৃহত্তর ময়মনসিংহ নয়, ঢাকার উত্তরে বিস্তৃত এলাকাজুড়েও অর্থনৈতিক কর্মকাণ্ডের নতুন সুযোগ সৃষ্টি হবে। বিমানবন্দর নির্মাণের সঙ্গে বিপুল কর্মযজ্ঞ, কর্মসংস্থান, যোগাযোগব্যবস্থা ও অন্যান্য অবকাঠামোগত উন্নয়ন জড়িত। দায়িত্বে থাকাকালে এ প্রকল্প বাস্তবায়ন করতে পারলে তা তার জীবনের একটি মাইলফলক হয়ে থাকবে।

বিমান পরিবহন খাতে আন্তর্জাতিক সহযোগিতার বিষয়ে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক তুরস্ক সফরে দেশটির সঙ্গে বিমান পরিবহন খাতে সহযোগিতার বিষয়টি আলোচনায় এসেছে। তুরস্কের সহযোগিতা পাওয়া গেলে দেশের বিমান পরিবহন খাতের উন্নয়ন কার্যক্রম আরও দ্রুত এগিয়ে নেওয়া সম্ভব হবে। এ বিষয়ে বিমান পরিবহন বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনার উদ্যোগও রয়েছে।

কক্সবাজার বিমানবন্দরকে কেন্দ্র করে আন্তর্জাতিক পর্যটক আকর্ষণের উদ্যোগের কথাও তুলে ধরেন মন্ত্রী। তিনি বলেন, কাঠমান্ডু, মালয়েশিয়া ও চীনের কুনমিংয়ের সঙ্গে বিমান যোগাযোগ স্থাপনের বিষয়ে আলোচনা হয়েছে। পর্যটকদের যাতায়াত বাড়ানোর লক্ষ্যেই এসব উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে কক্সবাজার বিমানবন্দরকে বড় আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তরের পরিবর্তে পর্যটনকেন্দ্রিক বিমান যোগাযোগের উপযোগী করে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।

আরও পড়ুন

২৭ শতাংশ কাজ শেষ, ব্রহ্মপুত্রে মাথা তুলছে স্বপ্নের স্টিল আর্চ সেতু

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়ন প্রসঙ্গে মিল্লাত বলেন, ময়মনসিংহ, নেত্রকোণা, শেরপুর ও জামালপুরের স্বাস্থ্যসেবা, যোগাযোগ ও অবকাঠামোগত উন্নয়নে কাজ করার পরিকল্পনা রয়েছে। বিশেষ করে এসব অঞ্চলের চিকিৎসক সংকটকে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। এ সংকট নিরসনে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

গ্রামীণ অবকাঠামো উন্নয়নে সংসদ সদস্যদের জন্য বড় পরিসরে কাজের প্রস্তুতির কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, প্রত্যেক সংসদ সদস্যের এলাকায় ন্যূনতম ৫০০ কোটি টাকার গ্রামীণ উন্নয়নকাজ করার প্রস্তুতি নেওয়া হয়েছে। ডিসেম্বরের পর উন্নয়নকাজের পরিমাণ আরও বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।

ত্রিশালের পর্যটন সম্ভাবনা তুলে ধরে মন্ত্রী বলেন, ‘নজরুল বর্ষ’ ঘোষণা দেশের সাংস্কৃতিক ঐতিহ্য ও পর্যটন বিকাশে গুরুত্বপূর্ণ উদ্যোগ। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিবিজড়িত ত্রিশালকে কেন্দ্র করে পর্যটন উন্নয়নের ব্যাপক সুযোগ রয়েছে। আধুনিক পর্যটন নগরী হিসেবে ত্রিশালকে গড়ে তুলতে স্থানীয় সংসদ সদস্যের উদ্যোগে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন তিনি।

এ সময় মাদক নির্মূলে প্রশাসন, জনপ্রতিনিধি ও সাংবাদিকদের সম্মিলিত ভূমিকা রাখার আহ্বান জানান মন্ত্রী। তিনি বলেন, মাদক সমাজ ও তরুণ প্রজন্মকে ক্ষতিগ্রস্ত করছে। শিক্ষিত ও উন্নত সমাজ গড়ে তুলতে মাদক নির্মূলে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে প্রশাসন ও রাজনৈতিক নেতৃত্বের মধ্যে কার্যকর সমন্বয় প্রয়োজন। জনগণের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

বক্তব্যের শেষ পর্যায়ে দেশের বিনিয়োগ, বিদ্যুৎ, গ্যাস, শিল্পায়ন ও শিক্ষা খাতের বিভিন্ন পরিকল্পনার কথাও তুলে ধরেন মন্ত্রী। তিনি বলেন, দেশে গাড়ি উৎপাদন, সৌরবিদ্যুৎ ও গ্যাস অনুসন্ধানসহ বিভিন্ন বড় উদ্যোগ নেওয়ার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি শিক্ষা বিস্তার ও দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নেও কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

সভায় স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর