নিজস্ব প্রতিবেদক
২৬ নভেম্বর ২০২৬, ০৫:০৮ পিএম
১২ মাসের বেতন, দৈনিক ভাতা, প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটি- সব মিলিয়ে ১০০ কোটি টাকার বেশি পাওনা আটকে রাখার অভিযোগ করেছেন জেনারেল ফার্মাসিউটিক্যালসের সাবেক ও বর্তমান কর্মকর্তা-কর্মচারীরা। বারবার প্রতিশ্রুতি দিয়েও এসব পাওনা পরিশোধ না করায় আর্থিক সংকটে পড়েছেন বলেও জানিয়েছেন তারা।
ভুক্তভোগীরা বলছেন, ‘চাকরি ছেড়ে দেওয়া, বরখাস্ত হওয়া এমনকি মৃত্যুবরণ করা কর্মীদের পরিবারও পাচ্ছে না প্রাপ্য অর্থ। পাওনা পরিশোধের জন্য দেওয়া চেক ব্যাংকে জমা দিয়েও টাকা পাওয়া যায়নি।’
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে ‘জেনারেল ফার্মাসিউটিক্যালসের বৈষম্যের শিকার সাবেক ও বর্তমান কর্মীবৃন্দ’ ব্যানারে আয়োজিত মানববন্ধনে এসব অভিযোগ তুলে ধরেন তারা।
এসময় কর্মসূচি থেকে ছয় দফা দাবিও জানান তারা। দাবিগুলোর মধ্যে রয়েছে- অবিলম্বে ১২ মাসের বকেয়া বেতন পরিশোধ, দৈনিক ভাতা ও অন্যান্য আর্থিক পাওনা বুঝিয়ে দেওয়া, প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটির অর্থ পরিশোধ এবং মৃত্যুবরণ করা কর্মীদের পরিবারের প্রাপ্য অর্থ নিশ্চিত করা। পাশাপাশি নগদায়ন না হওয়া চেকের বিষয়ে ব্যাখ্যা এবং সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের মাধ্যমে অভিযোগ তদন্তের দাবি জানান তারা।
মানববন্ধনে দেওয়া লিখিত বক্তব্যে কর্মীরা জানান, দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটির কাছে তাদের বিভিন্ন খাতে বিপুল পরিমাণ অর্থ পাওনা রয়েছে। ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রাফিদুল হক একাধিকবার এসব অর্থ পরিশোধের আশ্বাস দিলেও বাস্তবে তার প্রতিফলন ঘটেনি। নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়ার পরও পাওনা পরিশোধ করা হয়নি। বর্তমানে বেতন-ভাতাসহ বিভিন্ন খাতে পাওনার পরিমাণ ১০০ কোটি টাকার বেশি বলে দাবি তাদের।
তাদের অভিযোগ, কয়েকজন কর্মীকে পাওনা পরিশোধের জন্য চেক দেওয়া হলেও ব্যাংকে জমা দেওয়ার পর সেসব চেক নগদায়ন হয়নি। এতে একদিকে যেমন অর্থনৈতিক সংকট বাড়ছে, অন্যদিকে পাওনা আদায় নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা।
লিখিত বক্তব্যে বলা হয়, ২০২৫ সালের ২০ আগস্ট আদাবর থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যস্থতায় রাফিদুল হক লিখিত অঙ্গীকার করেছিলেন, ওই বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে কর্মীদের সব পাওনা পরিশোধ করবেন। কিন্তু নির্ধারিত সময় পার হলেও সেই অঙ্গীকার বাস্তবায়িত হয়নি বলে অভিযোগ কর্মীদের।
ভুক্তভোগীরা জানান, দীর্ঘদিন চাকরি করার পর কেউ স্বেচ্ছায় চাকরি ছেড়েছেন, কেউ বরখাস্ত হয়েছেন। আবার অনেকে বিভিন্ন কারণে প্রতিষ্ঠান থেকে বিচ্ছিন্ন হয়েছেন। এভাবে প্রায় পাঁচ হাজার সাবেক ও বর্তমান কর্মকর্তা-কর্মচারীর পাওনা আটকে রয়েছে। বেতন-ভাতার পাশাপাশি প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটির অর্থ না পাওয়ায় অনেক পরিবার দৈনন্দিন ব্যয় নির্বাহ করতে হিমশিম খাচ্ছে।
মৃত কর্মীদের পরিবারের দুর্ভোগের বিষয়টিও তুলে ধরেন তারা। কর্মীদের অভিযোগ, প্রতিষ্ঠানে কর্মরত অবস্থায় কিংবা চাকরি ছাড়ার পর কোনো কর্মীর মৃত্যু হলেও তার পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে প্রাপ্য অর্থ পাচ্ছেন না। ফলে উপার্জনক্ষম ব্যক্তিকে হারানোর পর এসব পরিবার আরও আর্থিক অনিশ্চয়তার মুখে পড়েছে।
এদিকে, কর্মীদের দাবি, পাওনা আদায়ে সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোর কার্যকর উদ্যোগের অভাব তাদের সংকট আরও দীর্ঘায়িত করছে। লিখিত বক্তব্যে রাফিদুল হকের বিরুদ্ধে শ্রম আদালতে প্রায় ৭৫০টি মামলা রয়েছে বলেও উল্লেখ করা হয়। এত মামলা থাকার পরও পাওনা আদায়ে কার্যকর সমাধান না আসায় ক্ষোভ প্রকাশ করেন তারা। অভিযোগকারীদের দাবি, অর্থের বিনিময়ে বিভিন্ন বিষয় ম্যানেজ করে নেওয়া হচ্ছে। তবে এ অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।
মানববন্ধনে বক্তারা বলেন, তারা কারও দয়া বা অনুগ্রহ চাইছেন না। দীর্ঘদিনের শ্রম ও কর্মজীবনের বিনিময়ে অর্জিত ন্যায্য পাওনা বুঝে নিতে চান। বেতন, ভাতা, প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটি কোনো অনুদান নয়; এগুলো কর্মীদের আইনগত অধিকার। তাই নতুন করে আশ্বাস না দিয়ে দ্রুত সব পাওনা পরিশোধের দাবি জানান তারা।
বক্তারা আরও বলেন, ছয় দফা দাবি দ্রুত বাস্তবায়ন না হলে তারা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন। প্রয়োজনে পরবর্তী সময়ে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে। তবে পাওনা আদায়ে নিয়মতান্ত্রিক ও শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।
এম/এএম