সশস্ত্র বাহিনীর নতুন বেতন কাঠামোতে নিয়মিত সৈনিকদের প্রারম্ভিক মূল বেতন ১৩৭ দশমিক ৭৮ শতাংশ বাড়িয়ে ২১ হাজার ৪০০ টাকা নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে জেনারেল পদমর্যাদার সার্ভিস চিফদের মূল বেতন দ্বিগুণ বাড়িয়ে ১ লাখ ৭২ হাজার টাকা করা হয়েছে। নতুন কাঠামোতে বেতন-ভাতার পাশাপাশি অবসরপ্রাপ্ত সদস্যদের পেনশন ও চিকিৎসা ভাতাও বাড়ানো হয়েছে।
জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুসরণ করে গত ১৪ নভেম্বর জারি করা জয়েন্ট সার্ভিসেস ইনস্ট্রাকশনস (জেএসআই) ০১/২০২৬-এ বেতন পুনর্নির্ধারণের বিষয়টি উল্লেখ করা হয়েছে। পরদিন ১৫ নভেম্বর এটি বাংলাদেশ গেজেটে প্রকাশিত হয়।
৮৪ পৃষ্ঠার গেজেট অনুযায়ী, নিয়মিত সৈনিকদের মূল বেতন ১৯টি ধাপে ২১ হাজার ৪০০ টাকা থেকে সর্বোচ্চ ৫১ হাজার ৯০০ টাকা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। তবে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কনস্ট্যাবুলারিতে (এমওডিসি) কর্মরত সৈনিকদের প্রারম্ভিক মূল বেতন আলাদাভাবে ২১ হাজার টাকা রাখা হয়েছে।
নতুন কাঠামোতে ল্যান্স করপোরালের প্রারম্ভিক মূল বেতন ২৩ হাজার ৫০০ টাকা, করপোরালের ২৪ হাজার টাকা, ওয়ারেন্ট অফিসারের ৪৪ হাজার টাকা, সিনিয়র ওয়ারেন্ট অফিসারের ৪৪ হাজার ৫০০ টাকা এবং মাস্টার ওয়ারেন্ট অফিসারের ৪৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। অনারারি লেফটেন্যান্ট ও অনারারি ক্যাপ্টেনরা নির্ধারিত মূল বেতন হিসেবে যথাক্রমে ৭৬ হাজার ৯৬০ টাকা ও ৮৫ হাজার ৭৮০ টাকা পাবেন।
জেনারেল পদমর্যাদার সার্ভিস চিফদের মূল বেতন ৮৬ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ৭২ হাজার টাকা করা হয়েছে। অর্থাৎ এ পদে মূল বেতন বেড়েছে ১০০ শতাংশ।
নতুন বেতন কাঠামো একবারে কার্যকর হচ্ছে না; ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। ২০২৬ সালের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত যোগ্য জ্যেষ্ঠ কর্মকর্তারা বর্ধিত মূল বেতনের ৪০ শতাংশ পাবেন। অন্যদিকে, সৈনিক, সার্জেন্ট ও নির্দিষ্ট নিম্নপদস্থ সদস্যরা পাবেন বর্ধিত বেতনের ৫০ শতাংশ।
আরও পড়ুন
জনগণের আস্থাই সশস্ত্র বাহিনীর প্রকৃত শক্তি: রাষ্ট্রপতি
জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী
২০২৭ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত জ্যেষ্ঠ কর্মকর্তাদের ক্ষেত্রে এ হার ৭০ শতাংশ এবং সৈনিক ও সংশ্লিষ্ট নিম্নপদস্থ সদস্যদের ক্ষেত্রে ৭৫ শতাংশে উন্নীত হবে। ২০২৭ সালের ১ জুলাই থেকে সম্পূর্ণ সংশোধিত মূল বেতন কার্যকর হবে। তবে নির্ধারিত শতাংশ শুধু আগের মূল বেতনের তুলনায় বাড়তি অংশের ওপর প্রযোজ্য হবে।
ভাতার ক্ষেত্রেও পরিবর্তন আনা হয়েছে। বিদ্যমান ভাতার কাঠামো সাধারণভাবে ২০২৭ সালের ডিসেম্বর পর্যন্ত বহাল থাকবে। সংশোধিত ভাতা কার্যকর হবে ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে।
নতুন কাঠামোতে বিশেষ চাহিদাসম্পন্ন প্রতিটি যোগ্য সন্তানের জন্য মাসে ৩ হাজার টাকা ভাতার ব্যবস্থা রাখা হয়েছে। এ সুবিধা সর্বোচ্চ দুই সন্তানের ক্ষেত্রে প্রযোজ্য হবে। এ ছাড়া নির্দিষ্ট স্থাপনায় কর্মরত যোগ্য কর্মকর্তারা মাসে ২ হাজার টাকা প্রতিরক্ষা ঝুঁকি ভাতা পাবেন। নির্ধারিত হাওর, দ্বীপ ও চরাঞ্চলে কর্মরত কর্মকর্তাদের মূল বেতনের ২০ শতাংশ হারে ভাতা দেওয়া হবে। তবে এ ভাতার সর্বোচ্চ সীমা ৫ হাজার টাকা।
অবসরপ্রাপ্ত সদস্যদের জন্যও নতুন সুবিধা রাখা হয়েছে। তাদের ন্যূনতম নিট মাসিক পেনশন নির্ধারণ করা হয়েছে ১০ হাজার টাকা। পাশাপাশি ২০২৮ সালের জানুয়ারি থেকে বয়সভেদে মাসিক চিকিৎসা ভাতা দেওয়া হবে। ৫০ বছর পর্যন্ত বয়সীদের জন্য ৩ হাজার টাকা, ৫০ বছরের বেশি থেকে ৬০ বছর বয়সীদের জন্য ৪ হাজার টাকা, ৬০ বছরের বেশি থেকে ৭০ বছর বয়সীদের জন্য ৫ হাজার টাকা এবং ৭০ বছরের বেশি বয়সীদের জন্য ৬ হাজার টাকা চিকিৎসা ভাতা নির্ধারণ করা হয়েছে।
জেবি




