Dhaka Mail Logo

জাতীয়

কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে ভোট দিতে পারবেন প্রবাসীরা

নিজস্ব প্রতিবেদক

২৬ নভেম্বর ২০২৬, ১২:৩০ পিএম

কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) সংসদীয় আসনের উপনির্বাচনে প্রবাসে বসবাসরত ভোটারদের পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ দিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এ লক্ষ্যে আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ভোটের জন্য নিবন্ধিত প্রবাসী ভোটারদের কাছ থেকে ভোটদানের সম্মতি নেওয়া হবে। এছাড়া নতুন করে নিবন্ধন করেও ভোট দেওয়ার সুযোগ পাবেন এ আসনের প্রবাসী ভোটারা।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ইসির জনসংযোগ শাখা পরিচালক মো. আব্দুল মমিন সরকার স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি থেকে বিষয়টি জানা যায়।

এতে বলা হয়েছে, কিশোরগঞ্জ-৩ সংসদীয় আসনের উপনির্বাচনে প্রবাসী ভোটারগণ যারা ইতোপূর্বে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিবন্ধিত হয়েছিলেন তাদেরকে ভোটদানে সম্মতির নোটিফিকেশন প্রদান করা হবে। আজ ২৬ নভেম্বর থেকে আগামী ৬ ডিসেম্বরের মধ্যে সম্মতি প্রাপ্তির পর প্রবাসের ঠিকানায় ব্যালট প্রেরণ করা হবে।

এতে আরও বলা হয়েছে, প্রবাসে বসবাসরত কিশোরগঞ্জ-৩ সংসদীয় আসনের উপনির্বাচনে প্রবাসী ভোটারগণ যারা গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘Postal Vote BD' অ্যাপের মাধ্যমে নিবন্ধন করেননি তারা নতুনভাবে অ্যাপে ২৬ নভেম্বর থেকে আগামী ৬ ডিসেম্বরের মধ্যে নিবন্ধন করে পোস্টাল ভোটিং এ অংশগ্রহণ করতে পারবেন।

ইসির ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৬ ডিসেম্বর, মনোনয়ন বাছাই ৭ ডিসেম্বর, আপিল ৮ থেকে ১২ ডিসেম্বর, আপিল নিষ্পত্তি ১৪ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর এবং ভোটগ্রহণ করা হবে ১০ জানুয়ারি। 

এমএইচএইচ/এএস