বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ঢাকা

‘বৈশ্বিক বাজারে নির্ভরযোগ্য ব্র্যান্ড হয়ে উঠবে দেশের প্রাণিসম্পদ খাত’

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৬, ১১:৫৮ এএম

শেয়ার করুন:

‘বৈশ্বিক বাজারে নির্ভরযোগ্য ব্র্যান্ড হয়ে উঠবে দেশের প্রাণিসম্পদ খাত’

স্বনির্ভর ও সমৃদ্ধ অর্থনীতি গড়ে তুলতে নিজস্ব উৎপাদনের মাধ্যমে পুষ্টির জোগান নিশ্চিত করে প্রাণিসম্পদ খাতকে শিল্পে রূপান্তর করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেছেন, দেশের প্রতিভাবান খামারি, উদ্যোক্তা ও গবেষকদের মেধা ও শ্রমকে কাজে লাগিয়ে বাংলাদেশ অচিরেই বৈশ্বিক প্রাণিসম্পদ বাজারে একটি নির্ভরযোগ্য ব্র্যান্ড এবং বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম প্রধান শক্তি হিসেবে প্রতিষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরের পুরাতন বাণিজ্য মেলার মাঠে ‘জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে গ্রামীণ অর্থনীতির প্রাণ হিসেবে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের কথা উল্লেখ করেন।

তিনি বলেন, মেধাবী ও আত্মনির্ভরশীল জাতি গঠনের স্বপ্ন পুষ্টিনিরাপত্তার সঙ্গে গভীরভাবে যুক্ত, যার অন্যতম পূর্বশর্ত হলো প্রাণিজ আমিষ। বর্তমানে দেশের জনগণের প্রাণিজ আমিষ গ্রহণের ৫৬ শতাংশই আসে দুধ, মাংস ও ডিম থেকে।

অর্থনীতিতে এ খাতের অবদানের পরিসংখ্যান তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, চলতি অর্থবছরে স্থির মূল্যে জিডিপিতে প্রাণিসম্পদ খাতের অবদান ১ দশমিক ৮১ শতাংশ এবং প্রবৃদ্ধির হার ৩ দশমিক ৩০ শতাংশ। এ ছাড়া কৃষিজ জিডিপিতে এ খাতের অবদান ১৬ দশমিক ৫৬ শতাংশ।

প্রাণিসম্পদ খাত ধীরে ধীরে একটি বাণিজ্যিক ও রপ্তানিমুখী শিল্পে রূপ নিচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকারের সময়ে ২০২৬ সালের মার্চ থেকে আগস্ট পর্যন্ত ছয় মাসে এ খাতে ১০৪ দশমিক ৬৪ লাখ মার্কিন ডলার রপ্তানি আয় হয়েছে। বাংলাদেশ প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে ‘হ্যাচিং এগ’ বা বাচ্চা উৎপাদনক্ষম উর্বর ডিম রপ্তানি করতে সক্ষম হয়েছে।

স্বল্পমেয়াদে চামড়াজাত পণ্য ও পশুজাত উপজাত এবং দীর্ঘমেয়াদে আন্তর্জাতিক মানসম্পন্ন হালাল মাংস, দুগ্ধজাত ও পোলট্রি পণ্য রপ্তানির বিশাল সম্ভাবনা রয়েছে বলে তিনি মনে করেন।

তবে বিশ্ববাজারে প্রবেশের জন্য ‘ফুড সেফটি’ ও আন্তর্জাতিক কোয়ারেন্টাইন মান কঠোরভাবে নিশ্চিত করার তাগিদ দেন তিনি।

এ জন্য সরকার আন্তর্জাতিক মানের আধুনিক প্রসেসিং সেন্টার ও রোগমুক্ত অঞ্চল গড়ে তুলছে বলেও জানান প্রধানমন্ত্রী।

দেশের পোলট্রি শিল্পের চিত্র তুলে ধরে তারেক রহমান জানান, বর্তমানে দেশে দুই লাখের বেশি বাণিজ্যিক ও প্রান্তিক পোলট্রি খামার রয়েছে। এসব খামার থেকে প্রতিদিন প্রায় ৬ কোটি ৮৮ লাখ ডিম উৎপাদিত হচ্ছে। প্রায় ৫০ হাজার কোটি টাকার বেসরকারি বিনিয়োগসমৃদ্ধ এ খাতের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ৬০ লাখ মানুষ জড়িত, যাঁদের ৪০ শতাংশই নারী।

এ ছাড়া দেশের প্রায় ১৫ লাখ প্রান্তিক খামারির জীবিকা নির্বাহের বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, খামারিদের প্রশিক্ষণ, সহজ শর্তে ঋণ, উন্নত প্রযুক্তি ও পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। গবাদিপশুর রোগ প্রতিরোধে প্রাণিসম্পদ গবেষণা প্রতিষ্ঠান ইতোমধ্যে ১৭টি রোগের টিকা উৎপাদন করছে। এ কার্যক্রমের পরিধি বাড়াতে সরকার আধুনিক ভ্যাকসিন উৎপাদন প্ল্যান্ট তৈরির উদ্যোগ নিয়েছে।

উপকূলীয় অঞ্চল এবং সিলেট ও সুনামগঞ্জের হাওরাঞ্চলে মহিষ উৎপাদনের বিপুল সম্ভাবনার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, উপকূলে জেগে ওঠা নতুন চর ও সরকারি খাসজমি সমবায় বন্দোবস্তের মাধ্যমে খামারিদের বরাদ্দ দেওয়ার সুযোগ রয়েছে।

এ বিষয়ে ভূমি মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের সঙ্গে সমন্বয় করে যথাযথ উদ্যোগ নিতে তিনি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়কে আহ্বান জানান।

পাশাপাশি শহরাঞ্চলে শৌখিনভাবে পোষা প্রাণী ও পাখি পালনের প্রবণতা বৃদ্ধির প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী পশুপাখির আন্তর্জাতিকভাবে স্বীকৃত অধিকারগুলোর প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানান।

প্রাণীদের ক্ষুধা, তৃষ্ণা, ব্যথা, রোগ ও মানসিক যন্ত্রণা থেকে মুক্ত রেখে স্বাভাবিক আচরণের স্বাধীনতা দেওয়া প্রত্যেক মানবিক মানুষের দায়িত্ব বলে মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে প্রাণিসম্পদ খাতের উন্নয়ন ও বিকাশে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন ক্যাটাগরিতে ‘জাতীয় প্রাণিসম্পদ পদক’ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

বিইউ/এএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর