Dhaka Mail Logo

জাতীয়

মুফতি রুহুল আমিনের রিমান্ড বাতিল ও নিঃশর্ত মুক্তি দাবি

নিজস্ব প্রতিবেদক

২৫ নভেম্বর ২০২৬, ১১:৪০ পিএম

গ্রেফতার ও পাঁচ দিনের রিমান্ডে থাকা বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সাবেক খতিব মুফতি রুহুল আমিনের রিমান্ড বাতিল ও অবিলম্বে নিঃশর্ত মুক্তি দাবি করেছেন কওমি মাদরাসা শিক্ষক পরিষদের সভাপতি ও হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির অধ্যক্ষ মুহাম্মদ মিজানুর রহমান চৌধুরী (পীর সাহেব দেওনা)।

বুধবার (২৫ নভেম্বর) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ দাবি জানান।

বিবৃতিতে দেওনার পীর বলেন, ইসলামি শিক্ষা, সভ্যতা ও সংস্কৃতির বিকাশ এবং ভঙ্গুর অবস্থা থেকে জাতিকে পুনর্গঠনে আল্লামা শামছুল হক ফরিদপুরী (সদর সাহেব রহ.) অসামান্য ভূমিকা রেখেছেন। তিনি ছিলেন ইসলামি রেনেসাঁর অগ্রদূত ও মুজাহিদে মিল্লাত। রাজধানীর বড়কাটারা মাদরাসা, লালবাগ জামিয়া কুরআনিয়া, ফরিদাবাদ মাদরাসা ও গোপালগঞ্জের গওহরডাঙ্গা মাদরাসাসহ দেশের বিভিন্ন স্থানে অসংখ্য মসজিদ-মাদরাসা প্রতিষ্ঠা করেছেন। দাওয়াত ও তাবলিগের মারকাজ প্রতিষ্ঠা এবং বাংলাদেশে তাবলিগ জামাতের কাজের সূচনাসহ দীনের প্রায় সব অঙ্গনেই তার অবদান রয়েছে।

তিনি আরও বলেন, পাকিস্তানের সামরিক শাসক আইয়ুব খানের আমলে ইসলামবিরোধী আইনের বিরুদ্ধে সদর সাহেব (রহ.) সাহসী ভূমিকা পালন করেছেন। তারই সুযোগ্য সন্তান প্রখ্যাত আলেম মুফতি রুহুল আমিন দেশের আলেম সমাজের পরামর্শে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

আরও পড়ুন

মুফতি রুহুল আমিনের মুক্তি চায় কওমি মাদরাসার সর্বোচ্চ অথরিটি

‘ধর্মীয় অঙ্গন অস্থিতিশীল হওয়ার আগেই মুফতি রুহুল আমিনকে মুক্তি দিন’

বিবৃতিতে মুফতি রুহুল আমিনের সাম্প্রতিক কর্মকাণ্ডের প্রসঙ্গ তুলে ধরে অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর তিনি বায়তুল মোকাররমে খতিবের দায়িত্ব পালন করেননি। এরপর থেকে বাবার প্রতিষ্ঠিত গওহরডাঙ্গা মাদরাসায় অধ্যক্ষ ও শায়খুল হাদিস হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। পাশাপাশি কওমি মাদরাসার সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আল-হাইআতুল উলয়া লিল-জামিআতিল কওমিয়া বাংলাদেশের সদস্য হিসেবে নিয়মিত বৈঠকেও অংশ নিয়েছেন। তিনি দেশ ছেড়ে পালিয়ে যাননি।

দেওনার পীর বলেন, মুফতি রুহুল আমিন অতীতে কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত ছিলেন না, বর্তমানেও নেই। সম্প্রতি গোপালগঞ্জে সংঘটিত রাজনৈতিক সহিংসতার পর তাকে পুরোনো একটি মিথ্যা মামলায় নিজ বাসা থেকে গ্রেফতার করা হয়েছে। ওই সহিংসতার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই বলে দেশবাসী মনে করেন।

মুফতি রুহুল আমিনের শারীরিক অবস্থার কথা উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, তিনি হৃদ্‌রোগ ও উচ্চ রক্তচাপসহ বিভিন্ন শারীরিক সমস্যায় আক্রান্ত। সার্বক্ষণিক চিকিৎসকের তত্ত্বাবধানে থাকতে হয় তাকে। এ অবস্থায় রিমান্ডে থাকায় তার চিকিৎসা ব্যাহত হলে যেকোনো দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।

এ পরিস্থিতিতে মুফতি রুহুল আমিনের রিমান্ড বাতিল করে দ্রুত নিঃশর্ত মুক্তি দিতে সরকারের প্রতি জোর দাবি জানান অধ্যক্ষ মুহাম্মদ মিজানুর রহমান চৌধুরী। একই সঙ্গে দেশের সব মসজিদ-মাদরাসায় খতমে ইউনুস ও খতমে খাজেগানের মাধ্যমে তার মুক্তি, সুস্থতা ও নেক হায়াতের জন্য দোয়া করার আহ্বান জানান তিনি।

জেবি