নিজস্ব প্রতিবেদক
২৫ নভেম্বর ২০২৬, ০৮:১৭ পিএম
ত্রয়োদশ জাতীয় সংসদের কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থীদের প্রার্থিতার পক্ষে জমা দেওয়া সমর্থনসূচক তালিকা দৈবচয়নের ভিত্তিতে যাচাই করবে নির্বাচন কমিশন (ইসি)।
বুধবার (২৫ নভেম্বর) ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি থেকে এসব তথ্য জানা গেছে।
চিঠিতে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদের ১৬৪ কিশোরগঞ্জ-৩ নির্বাচনি এলাকার শূন্য আসনের নির্বাচন আগামী ১০ জানুয়ারি অনুষ্ঠিত হবে। ঘোষিত প্রজ্ঞাপন অনুসারে মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ৭ ডিসেম্বর স্বতন্ত্র প্রার্থী (প্রার্থীতার পক্ষে সমর্থন যাচাই) বিধিমালা, ২০১১ অনুসারে স্বতন্ত্র প্রার্থিতার সমর্থনসূচক তালিকা দ্বৈবচয়নের ভিত্তিতে কম্পিউটার প্রোগ্রামের মাধ্যমে যাচাইয়ের উদ্দেশ্যে, উক্ত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য যে সকল স্বতন্ত্র প্রার্থী মনোনয়নপত্র দাখিল করবেন, তাদের প্রতিটির জন্য ১০টি সংখ্যা চিহ্নিত করার লক্ষ্যে (ক্রমিক ১ হতে ১ শতাংশের মধ্যবর্তী যে কোনো ১০টি সংখ্যা) প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের নিমিত্তে নির্বাচন কমিশন সচিবালয়ের নিম্নোক্ত কর্মকর্তাকে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুসারে কর্মকর্তা হিসেবে নিয়োগ করা হলো।
দ্বৈবচয়নের ভিত্তিতে তালিকা যাচাইয়ে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা হলেন- নির্বাচন কমিশন সচিবালয়ের প্রোগ্রামার (জিআইএস) মো. সিরাজুল ইসলাম।
চিঠিতে আরও বলা হয়, এ বিষয়ে রিটার্নিং অফিসার মনোনয়নপত্র বাছাইয়ের পূর্বেই প্রাপ্ত সংখ্যার বিপরীতে উল্লিখিত তথ্যাদির সত্যতা সরেজমিনে যাচাইয়ের জন্য প্রয়োজনীয় সংখ্যক কর্মকর্তাকে দায়িত্ব প্রদান করে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।
ইসির ঘোষিত তফসিল অনুযায়ী,মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৬ ডিসেম্বর, মনোনয়ন বাছাই ৭ ডিসেম্বর, আপিল ৮ থেকে ১২ ডিসেম্বর, আপিল নিষ্পত্তি ১৪ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর এবং ভোটগ্রহণ করা হবে ১০ জানুয়ারি।
এমএইচএইচ/এএম