Dhaka Mail Logo

জাতীয়

পানিপ্রবাহ ফেরাতে বাসাবো-কদমতলা খালের পুনঃখনন শুরু

নিজস্ব প্রতিবেদক

২৫ নভেম্বর ২০২৬, ০৭:১৪ পিএম

রাজধানীর জলাবদ্ধতা নিরসন, ডেঙ্গু প্রতিরোধ এবং খালের স্বাভাবিক পানিপ্রবাহ ফিরিয়ে আনতে বাসাবো-কদমতলা খালের অবৈধ স্থাপনা উচ্ছেদ, পরিষ্কার ও পুনঃখনন কার্যক্রম শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। আগামী তিন মাসের মধ্যে খালের ২ দশমিক ১৫ কিলোমিটার অংশ পুনঃখননের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) সকালে রাজধানীর বাসাবো এলাকায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।

ডিএসসিসির নিজস্ব অর্থায়নে বাসাবো-কদমতলা খালের খিলগাঁও ও ছায়াবীথি হয়ে শকুননগর খাল পর্যন্ত ২ দশমিক ১৫ কিলোমিটার অংশ পুনঃখনন করা হবে। এ সময় খালের তলদেশ থেকে প্রায় ২২ হাজার ২৬৫ ঘনমিটার পলি ও বর্জ্য অপসারণ করা হবে। খনন ও বর্জ্য অপসারণ শেষে খালের দুই পাড়ে বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশের সৌন্দর্যবর্ধন করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম বলেন, দখল ও দূষণের কারণে একসময়ের প্রবহমান বাসাবো-কদমতলা খালটি বর্তমানে সরু ড্রেনে পরিণত হয়েছে। খালের ওপরের আবর্জনা পরিষ্কারের পাশাপাশি তলদেশে জমে থাকা মাটিও অপসারণ করা হবে। এসব বর্জ্য ট্রাকের মাধ্যমে দ্রুত সরিয়ে নেওয়া হবে, যাতে খালের পাড়ে বর্জ্য জমে না থাকে।

DSCC_2তিনি আরও বলেন, খালের নিরাপত্তা ও সৌন্দর্য রক্ষায় পাড় বাঁধাই এবং সুরক্ষা দেয়াল বা গ্রিল স্থাপনের পরিকল্পনা রয়েছে। এ সময় অবৈধ দখলদারদের নিজ উদ্যোগে জায়গা ছেড়ে দেওয়ার আহ্বান জানান তিনি।

এলাকাবাসীর উদ্দেশে প্রশাসক বলেন, খালে কেউ যেন ময়লা-আবর্জনা না ফেলেন। শুধু সিটি কর্পোরেশনের একার পক্ষে পরিচ্ছন্নতা বজায় রাখা সম্ভব নয়। বাসাবো ও খিলগাঁওকে আদর্শ ও পরিচ্ছন্ন এলাকা হিসেবে গড়ে তুলতে স্থানীয় বাসিন্দা, সামাজিক সংগঠন এবং সব রাজনৈতিক দলের নেতাকর্মীদের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।

বিশেষ অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব বলেন, ডেঙ্গু প্রতিরোধ ও পানিপ্রবাহ স্বাভাবিক রাখতে বাসাবো ও খিলগাঁও-সংলগ্ন খাল ও ঝিলগুলো পরিষ্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। ডিএসসিসি প্রশাসক সরেজমিনে এলাকা পরিদর্শন করে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন এবং নিয়মিত কার্যক্রম তদারকি করছেন। তাঁর তত্ত্বাবধানে আগামী দুই থেকে তিন মাসের মধ্যে ঢাকা-৯ আসনের দীর্ঘদিনের নাগরিক সমস্যাগুলোর সমাধান হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে ডিএসসিসির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

DSCC_1এদিকে, একই দিন ডিএসসিসির অঞ্চল-৬-এর আওতাধীন ৭৫ নম্বর ওয়ার্ডের গৌড়নগর নাজিমউদ্দিন মার্কেট থেকে ১৬১/৫ নম্বর হোল্ডিং পর্যন্ত নর্দমাসহ সড়ক উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম ও প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।

উল্লেখ্য, জলাবদ্ধতা নিরসনে ডিএসসিসির আওতাধীন ২২টি ছোট-বড় খাল পুনরুদ্ধার ও পুনঃখননের বিশেষ কর্মসূচি গত ১৬ নভেম্বর থেকে শুরু হয়েছে। এর ধারাবাহিকতায় ১৬ নভেম্বর কোনাপাড়া-কদমতলা খাল, ১৮ নভেম্বর ডগাইর-বামৈল খাল এবং ২৩ নভেম্বর কুতুবখালী খালের পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করা হয়।

এম/এএম