বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ঢাকা

জলাবদ্ধতা নিরসনে ডগাইর-বামৈলে ৯.২৫ কিলোমিটার খাল খনন শুরু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৬, ০৫:০৬ পিএম

শেয়ার করুন:

জলাবদ্ধতা নিরসনে ডগাইর-বামৈলে ৯.২৫ কিলোমিটার খাল খনন শুরু
ছবি: সংগৃহীত

রাজধানীর জলাবদ্ধতা নিরসনে ডগাইর-বামৈল এলাকায় ৯ দশমিক ২৫ কিলোমিটার খাল পরিষ্কার ও পুনঃখনন কার্যক্রম শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

বুধবার (১৮ নভেম্বর) ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন।

ডিএসসিসি সূত্রে জানা গেছে, আগামী দুই মাসের মধ্যে খাল পরিষ্কার ও পুনঃখননের কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ কার্যক্রমে প্রায় ৪৪ হাজার ঘনমিটার পলি, স্লাজ ও বর্জ্য অপসারণ করা হবে। প্রকল্পের আওতায় কোনাপাড়া-গলাকাটা খাল, ডগাইর খাল, মহাকাশ রোড খাল এবং সংশ্লিষ্ট শাখা খালগুলো পরিষ্কার ও পুনঃখনন করা হবে।

এর মধ্যে কোনাপাড়া ব্রিজ থেকে গলাকাটা ব্রিজ পর্যন্ত ৪ দশমিক ৫ কিলোমিটার, স্টাফ কোয়ার্টার থেকে সাংবাদিকের বাড়ি পর্যন্ত ২ দশমিক ৫ কিলোমিটার, মহাকাশ রোডসংলগ্ন ৭৫০ মিটার এবং সাংবাদিকের বাড়ি থেকে আজিমউদ্দিন জামে মসজিদ পর্যন্ত দেড় কিলোমিটার খাল রয়েছে। খালগুলোর প্রস্থ ১২ থেকে ২৫ ফুট।

govt

উদ্বোধনী অনুষ্ঠানে ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম বলেন, কোনাপাড়া ও গলাকাটা খালসহ আশপাশের এলাকার মানুষ দীর্ঘদিন ধরে জলাবদ্ধতার ভোগান্তিতে রয়েছেন। তাদের দুর্ভোগ লাঘবে খাল পরিষ্কার ও পুনঃখননের উদ্যোগ নেওয়া হয়েছে। খাল পরিষ্কারের পর দুই পাশে বাঁধাই করে ওয়াকওয়ে নির্মাণের পরিকল্পনাও রয়েছে।

তিনি বলেন, খালগুলো যেন পুনরায় দখল ও দূষণের শিকার না হয়, সে বিষয়ে এলাকাবাসীকে সচেতন থাকতে হবে। খালে পলিথিন ও আবর্জনা না ফেলার পাশাপাশি খাল দখলমুক্ত ও পরিষ্কার রাখতে নাগরিকদের সক্রিয় সহযোগিতা প্রয়োজন। কারণ জলাবদ্ধতায় সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হন আশপাশের বাসিন্দারা।

জনসাধারণের চলাচলের সুবিধার্থে প্রয়োজনীয় স্থানে সিটি করপোরেশনের অর্থায়নে কালভার্ট নির্মাণ করা হবে জানিয়ে প্রশাসক বলেন, এতে মানুষ সহজে খালের একপাশ থেকে অন্য পাশে যাতায়াত করতে পারবেন। তবে খালের জায়গা দখল করে কোনো অবৈধ কালভার্ট, বাড়িঘর কিংবা ব্যবসাপ্রতিষ্ঠান নির্মাণ করতে দেওয়া হবে না।

ডিএসসিসি জানায়, সংস্থাটির অঞ্চল-৮ ও ৯-এর আওতাধীন ৬৪, ৬৭ ও ৬৮ নম্বর ওয়ার্ডে এ কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে। কাজ শেষ হলে প্রায় আট লাখ মানুষ সরাসরি উপকৃত হবেন বলে আশা করছে সংস্থাটি। খালগুলোর পানিপ্রবাহ স্বাভাবিক হলে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা কমার পাশাপাশি মশার প্রজননস্থল হ্রাস এবং ডেঙ্গু প্রতিরোধেও ইতিবাচক প্রভাব পড়বে। এ ছাড়া খালের দুই পাড়ের পরিবেশ উন্নয়নে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।

অনুষ্ঠানে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খয়বর রহমান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মো. মাহাবুবুর রহমান তালুকদারসহ স্থানীয় নাগরিকেরা উপস্থিত ছিলেন।

এম/এআরএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর