নিজস্ব প্রতিবেদক
২৫ নভেম্বর ২০২৬, ০২:৪৮ পিএম
তিন বছরের ব্যবধানে তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের ন্যূনতম মজুরি গ্রেডভেদে ৩৬ থেকে ৪৩ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শ্রম, কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা মাহদী আমিন। তিনি বলেছেন, শ্রমিকদের ন্যায্য মজুরি, মালিকপক্ষের সক্ষমতা এবং দেশের সামগ্রিক অর্থনৈতিক স্বার্থের মধ্যে ভারসাম্য রেখেই নতুন মজুরি কাঠামো নির্ধারণ করা হয়েছে। এজন্য কোনো ধরনের উসকানিতে পা না দিতে তিনি শ্রমিকদের প্রতি আহ্বান জানিয়েছেন।
বুধবার (২৫ নভেম্বর) দুপুরে নিজের ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে এসব কথা বলেন তিনি।
স্ট্যাটাসে মাহদী আমিন বলেন, বাংলাদেশের গার্মেন্টস শিল্পের বিশ্ববাজারে সাফল্যের পেছনে শ্রমিকদের নিরলস পরিশ্রম, দক্ষতা, ত্যাগ ও নিষ্ঠা রয়েছে। তাদের ঘাম ও শ্রমে তৈরি ‘মেড ইন বাংলাদেশ’ আজ বিশ্ববাজারে দেশের সক্ষমতা, সাফল্য ও মর্যাদার প্রতীক। তাই শ্রমিকদের ন্যায্য মজুরি, প্রাপ্য মর্যাদা, নিরাপত্তা ও উন্নত জীবনমান নিশ্চিত করা শুধু অর্থনৈতিক প্রয়োজন নয়, নৈতিক দায়িত্বও।
নতুন মজুরি কাঠামোর বিস্তারিত তুলে ধরে তিনি জানান, গ্রেড-১-এর শ্রমিকদের মাসিক ন্যূনতম মজুরি ১৫ হাজার ৩৫ টাকা থেকে বাড়িয়ে ২১ হাজার ৫০০ টাকা করা হয়েছে। এতে মজুরি বেড়েছে ৪৩ শতাংশ। গ্রেড-২-এর শ্রমিকদের মজুরি ১৪ হাজার ২৭৩ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। এ গ্রেডে মজুরি বেড়েছে ৪০ দশমিক ১১ শতাংশ।
এ ছাড়া গ্রেড-৩-এর শ্রমিকদের মজুরি ১৩ হাজার ৫৫০ টাকা থেকে বাড়িয়ে ১৯ হাজার ২০০ টাকা করা হয়েছে। এতে মজুরি বেড়েছে ৪১ দশমিক ৭০ শতাংশ। অন্যদিকে সর্বনিম্ন গ্রেড-৪-এর শ্রমিকদের মজুরি ১২ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। এ গ্রেডে মজুরি বেড়েছে ৩৬ শতাংশ।
উপদেষ্টা বলেন, ২০২৩ সালের সর্বশেষ মজুরি বৃদ্ধির পর মাত্র তিন বছরের ব্যবধানে এই মজুরি বৃদ্ধি শ্রমিকদের আয়, জীবনমান ও আর্থসামাজিক নিরাপত্তা উন্নয়নে গুরুত্বপূর্ণ অগ্রগতি। বর্ধিত ন্যূনতম মজুরির পাশাপাশি শ্রমিকরা তাদের প্রাপ্য ওভারটাইম ও বোনাসও পাবেন। ফলে মূল বেতনের বাইরেও তাদের অতিরিক্ত আর্থিক সুবিধা যুক্ত হবে এবং মাস শেষে মোট আয় বাড়বে।
নতুন মজুরি কাঠামো নির্ধারণের প্রক্রিয়া সম্পর্কে মাহদী আমিন বলেন, নিম্নতম মজুরি বোর্ডের সব পক্ষের ঐকমত্যের ভিত্তিতে শ্রমিকদের জীবনযাত্রার ব্যয়, প্রয়োজন ও ন্যায্য প্রত্যাশার সঙ্গে সংগতিপূর্ণ এ কাঠামো নির্ধারণ করা হয়েছে। বর্তমান মূল্যস্ফীতি, জীবনযাত্রার ব্যয়, শিল্পের আর্থিক সক্ষমতা এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগী দেশগুলোর মজুরি কাঠামোসহ সামগ্রিক অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় নিয়েই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, শ্রমিকের কল্যাণ ও শিল্পের সমৃদ্ধি একে অপরের পরিপূরক। একটি শক্তিশালী ও প্রতিযোগিতামূলক শিল্পখাতই দীর্ঘমেয়াদে শ্রমিকদের কর্মসংস্থান, ন্যায্য মজুরি ও অধিকতর সুযোগ নিশ্চিত করতে পারে। শিল্পের সক্ষমতা ও স্থিতিশীলতা বজায় থাকলেই কর্মসংস্থান, বিনিয়োগ এবং রফতানি প্রবৃদ্ধি সুরক্ষিত থাকবে।
মাহদী আমিন বলেন, সরকার এমন একটি তৈরি পোশাকশিল্প গড়ে তুলতে চায়, যেখানে শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার, প্রাপ্য মর্যাদা ও উন্নত জীবনমান পাবেন; উদ্যোক্তারা বিনিয়োগ ও উৎপাদনে আস্থা পাবেন; বেকারত্ব না বেড়ে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের অবস্থান আরও সুদৃঢ় হবে।
নতুন মজুরি কাঠামো নির্ধারণে ভূমিকা রাখায় নিম্নতম মজুরি বোর্ড, শ্রমিকপক্ষ ও মালিকপক্ষকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, শ্রমিক-মালিকের পারস্পরিক শ্রদ্ধাবোধ, আস্থা, সহনশীলতা ও সহযোগিতার মাধ্যমে কর্মক্ষেত্রে উৎপাদনমুখী পরিবেশ বজায় রাখতে হবে।
তিনি শ্রমিক-মালিক উভয় পক্ষের প্রতি আহ্বান জানিয়ে বলেন, কোনো ধরনের অপপ্রচার, উসকানি বা বিভ্রান্তিতে প্রভাবিত না হয়ে নিজ নিজ কর্মস্থলে উৎপাদনের স্বাভাবিক ধারা অব্যাহত রাখতে হবে এবং দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
শ্রমিক-মালিকের পারস্পরিক আস্থা ও সম্মিলিত প্রচেষ্টাই গার্মেন্টস শিল্পকে আরও এগিয়ে নেবে এবং আগামীর স্বনির্ভর বাংলাদেশের অর্থনীতিকে সমৃদ্ধ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন মাহদী আমিন।
জেবি