Dhaka Mail Logo

জাতীয়

কাঁঠালবাগানের অগ্নিকাণ্ডে আরও একজনের মৃত্যু, এ নিয়ে প্রাণ গেল ৪ জনের

২৫ নভেম্বর ২০২৬, ০৯:৩৫ এএম

রাজধানীর ধানমন্ডির কাঁঠালবাগানে গ্যাস লাইনের লিকেজ থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে দগ্ধ শামসুন্নাহার বেগম (৫০) মারা গেছেন। এ নিয়ে এই ঘটনায় দগ্ধ পাঁচজনের মধ্যে চারজনের মৃত্যু হলো।

বুধবার (২৫ নভেম্বর) ভোর ৫টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ শিকদার তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শামসুন্নাহার বেগমের শরীরের ৪০ শতাংশ দগ্ধ হয়েছিল।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ১৯ নভেম্বর রাজধানীর ধানমন্ডির কাঁঠালবাগানের একটি বাসায় গ্যাস লাইনের লিকেজ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে পাঁচজন দগ্ধ হন। তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

দগ্ধ পাঁচজনের মধ্যে আব্দুর রহমান নামে একজন চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। বাকি চারজনই চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন।

এমএমআর/এআরএম