Dhaka Mail Logo

জাতীয়

ভারতের দুই শহরে নতুন ভিসা আবেদনকেন্দ্র চালু করছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

২৫ নভেম্বর ২০২৬, ০৮:১৬ এএম

আগামী ১ ডিসেম্বর থেকে ভারতীয় নাগরিকদের জন্য নতুন ভিসা আবেদনকেন্দ্র চালু করছে বাংলাদেশ সরকার। মঙ্গলবার (২৪ নভেম্বর) কলকাতায় অবস্থিত বাংলাদেশের উপ-দূতাবাসের তরফ থেকে এক বিজ্ঞপ্তি জারি করে এই তথ্য জানানো হয়। ভারতের দুই শহর কলকাতা ও শিলিগুড়িতে এসব কেন্দ্র চালু করা হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সরকার পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা ও ছত্তিশগড় রাজ্যে বসবাসরত ভারতীয় নাগরিক এবং এসব রাজ্যে দীর্ঘমেয়াদে অবস্থানকারী বিদেশি নাগরিকদের বাংলাদেশি ভিসা আবেদনে সহায়তা দেওয়ার জন্য আউটসোর্সিংয়ে ভিসা আবেদন সেবাকেন্দ্র পরিচালনার লক্ষে সুইফট গ্লোবাল গেটওয়ে সার্ভিস নামের প্রতিষ্ঠানকে নিয়োগ দিয়েছে।

এই নিয়োগের পরিপ্রেক্ষিতে আগামী ১ ডিসেম্বর থেকে সুইফট গ্লোবাল গেটওয়ে সার্ভিস (এসজিজিএস) কলকাতায় এবং শিলিগুড়িতে ভিসা আবেদনকেন্দ্র পরিচালনা করবে।

কলকাতায় বাংলাদেশের ভিসা আবেদনকেন্দ্রের নতুন ঠিকানা হলো- সিমসিস টাওয়ার, সল্টলেক সেক্টর-৫, প্লট নম্বর ওয়াই-১৩, ব্লক ইপি ও জিপি, কলকাতা-৯১। অন্যদিকে শিলিগুড়ির ক্ষেত্রে কেন্দ্রের নতুন ঠিকানা হলো- সেবক রোড, সিটি মল, প্রথম তলা, দার্জিলিং-৭৩৪০০১।

পশ্চিমবঙ্গসহ ভারতের পাঁচটি রাজ্যে বসবাসকারী ভারতীয় নাগরিক এবং দীর্ঘ মেয়াদে অবস্থানরত বিদেশি নাগরিকদের বাংলাদেশি ভিসা আবেদন প্রক্রিয়া আরও সহজ করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। 

এর আগে বাংলাদেশি ভিসা আবেদনের জন্য কলকাতা ও শিলিগুড়িতে কেন্দ্রের দায়িত্ব ছিল ডিজিটাল গ্লোবাল লিমিটেড নামের একটি বেসরকারি প্রতিষ্ঠান। এবার সে দায়িত্ব তুলে দেওয়া হয়েছে নতুন ভিসা প্রসেসিং সার্ভিস সেন্টারের হাতে। 

এআরএম