Dhaka Mail Logo

জাতীয়

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা

নিজস্ব প্রতিবেদক

২৫ নভেম্বর ২০২৬, ০৪:১৯ এএম

টানা ১২ ঘণ্টা দীর্ঘ বৈঠক করে দেশের তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। এই মজুরি বর্তমানের চেয়ে ৩৬ শতাংশ বা ৪ হাজার ৫০০ টাকা বেশি। বর্তমানে ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা। শ্রমিকদের নতুন এই মজুরিকাঠামো ১ ডিসেম্বর থেকে কার্যকর হবে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর ২টার দিকে শুরু হওয়া রাজধানীর সেগুনবাগিচায় বোর্ডের সভাকক্ষে বৈঠক শেষে রাত ২টায় প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী।  

এ সময় ছিলেন- মজুরি বোর্ডের নিরপেক্ষ সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোসলেহ উদ্দিন আহমেদ, মলিকপক্ষের প্রতিনিধি বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম মহাসচিব আসিফ আইয়ুব ও বিজিএমইএ’র পরিচালক এবিএম শামসুদ্দিন, শ্রমিকপক্ষের প্রতিনিধি জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন এবং বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আখতার। 

চেয়ারম্যান জানান, প্রথমবারের মতো মজুরি বোর্ড ২০ দিনের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি চূড়ান্ত করতে পেরেছে। দীর্ঘ আলোচনার পর মালিক ও শ্রমিকপক্ষ ঐক্যমতে পৌছতে পেরেছে। শিগগিরই তা গেজেটের জন্য পাঠানো হবে। এ জন্য বুধবারও মজুরি বোর্ড বৈঠক করবে। 

নতুন কাঠামো অনুযায়ী, ৪র্থ গ্রেডের শ্রমিকের (হেলপার, থ্রেড কাটার, লাইন অ্যাসিসটেন্ট) বেতন নির্ধারণ করা হয়েছে ১৭ হাজার টাকা। ৩য় গ্রেডের (জুনিয়র অপারেটর, অভিজ্ঞ হেলপার, ফোল্ডার, প্যাকার, ট্যাগিংম্যান, সুইং সহকারী) ১৯ হাজার ২০০ টাকা, দ্বিতীয় গ্রেডের (সেলাই, কাটিং, ফিনিশিং, কোয়ালিটি কন্ট্রোল অপারেটর; সিনিয়র হেলপার (বিশেষায়িত কাজের), সিনিয়র কলার জয়েন্টার, সিনিয়র কাফ মেকার) ২০ হাজার টাকা এবং প্রথম গ্রেডের (সেলাই, কাটিং, আয়রনিং, ফিনিশিংয়ের সিনিয়র অপারেটর; প্যাটার্ন মেকার; স্যাম্পল মেকার; স্ক্রিন প্রিন্টার; সিনিয়র ডাইং অপারেটর) শ্রমিকের মজুরি ২১ হাজার ৫০০ টাকা।

শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার গণমাধ্যমকে জানান, সভায় শ্রমিকপক্ষের প্রতিনিধিরা ন্যূনতম মজুরি ১৮ হাজার টাকা নির্ধারণের চূড়ান্ত প্রস্তাব দিয়েছিলেন। তবে প্রস্তাবের বিষয়ে ঐকমত্য না হওয়ায় শেষ পর্যন্ত বোর্ডের ছয় সদস্যের মধ্যে ভোটের মাধ্যমে মজুরি চূড়ান্ত করা হয়।

বাবুল আখতার জানান, বোর্ডের ছয় সদস্যের ভোটের মধ্যে চারটি ভোট ১৭ হাজার টাকার পক্ষে এবং দুটি ভোট ১৮ হাজার টাকার পক্ষে পড়ে। সংখ্যাগরিষ্ঠ মতামতেরভিত্তিতে তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি হিসেবে ১৭ হাজার টাকাই চূড়ান্ত হয়েছে।

সর্বশেষ ২০২৩ সালের ডিসেম্বরে পোশাক শ্রমিকদের নতুন মজুরি কাঠামো কার্যকর হয়। তখন সর্বনিম্ন বা চতুর্থ গ্রেডের শ্রমিকদের মাসিক মজুরি নির্ধারণ করা হয়েছিল ১২ হাজার ৫০০ টাকা।

সভায় দর–কষাকষিতে মালিকপক্ষ তাদের মজুরি প্রস্তাব ১৫ হাজার ৭০০ টাকা থেকে চার দফায় বৃদ্ধি করে ১৭ হাজার টাকা করে। অন্যদিকে শ্রমিকপক্ষ ২২ হাজার থেকে চার দফায় কমিয়ে ১৯ হাজার টাকা প্রস্তাব করে। পরে মালিকপক্ষ তাদের প্রস্তাবে অনড় থাকলে শ্রমিকরা ১৮ হাজার ৫০০ টাকা দাবি করে আবার সংশোধিত প্রস্তাব দেয়। মালিকপক্ষ তাদের প্রস্তাবে স্থির থাকলে শ্রমিকপক্ষ ১৮ হাজার দাবি করে।

শেষ পর্যন্ত মালিক ও শ্রমিকপক্ষ নিজেদের প্রস্তাবে অনড় থাকলে বোর্ড চেয়ারম্যান ভোটাভুটির সিদ্ধান্ত নেন। রাত ১টার পর এই ভোট অনুষ্ঠিত হয়।

এর আগে সোমবার (২৩ নভেম্বর) বোর্ডের তৃতীয় সভায় প্রায় সাড়ে ৯ ঘণ্টা ধরে দীর্ঘ আলোচনা চলে। তবে দুই পক্ষের ব্যবধান থাকায় এদিনও চূড়ান্ত সুপারিশে পৌঁছানো সম্ভব হয়নি। এর আগে ৯ নভেম্বর বোর্ডের দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষ সর্বনিম্ন গ্রেডে ৩২ হাজার, সর্বোচ্চ গ্রেডে ৪৮ হাজার এবং শিক্ষানবিশ শ্রমিকদের জন্য ৩০ হাজার টাকা মজুরির প্রস্তাব দিয়েছিল।

এদিকে, মজুরি নিয়ে আলোচনা চলাকালে শিল্পাঞ্চলের অস্থিরতা পোশাক খাতের সংকটকে আরও জটিল করে তোলে। বিজিএমইএর ২২ নভেম্বর প্রকাশিত জরিপ অনুযায়ী, ১ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত অস্থিতিশীল পরিস্থিতিতে ৩১৭টি কারখানার উৎপাদন ব্যাহত হয়েছে। এতে উৎপাদন ক্ষতি হয়েছে ৪২৮ মিলিয়ন ডলার।

প্রতিনিধি/এলএ