নিজস্ব প্রতিবেদক
২৪ নভেম্বর ২০২৬, ০৩:৫৯ পিএম
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পলাতক শেখ হাসিনা বেঁচে আছেন কি না- এ নিয়ে এতদিন নাকি সন্দিহান ছিলেন যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশি প্রবাসী সাংবাদিক জুলকার নাইন সায়ের। তবে আজ সকালে ঘুম থেকে উঠে তিনি হাসিনার বেঁচে থাকার বিষয়টি নিশ্চিত হয়েছেন বলে জানিয়েছেন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বেলা পৌনে তিনটার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে আওয়ামী লীগ সভানেত্রীকে একপ্রকার ব্যঙ্গ করে কথাগুলো লিখেছেন তিনি।
সায়েরের ভাষায়, ‘ফ্র্যাংকলি, এতদিন আমি নিজেও বেশ কনফিউজড ছিলাম। হাসিনা কি বেঁচে আছেন, নাকি ঘাড়ধাক্কা খেয়ে গদি থেকে পড়ে, তারপর লাথি খেয়ে দেশছাড়া হওয়ার শোক সইতে না পেরে পরলোকে পাড়ি জমিয়েছেন?’
তিনি লিখেছেন, ‘আজ ঘুম থেকে উঠে নিশ্চিত হইলাম, তিনি বেঁচেই আছেন! কারণ এই দুনিয়ায় একমাত্র হাসিনার পক্ষেই সম্ভব, আগে বর্ডারে টিম পাঠাইয়া টানেল খুঁইড়ে দেশে ঢোকা যায় কি না, সেই সম্ভাবনা যাচাই করা, আর তারপর আলাপ দেওয়া যে, ১৬ ডিসেম্বর বিজয় দিবসে ন্যাশনাল ফ্ল্যাগ ক্যারিয়ারে চইড়া তিনি দেশে ফিরবেন। অর্থাৎ প্ল্যান ‘এ’ হইলো ওভার গ্রাউন্ড বা আন্ডার গ্রাউন্ড টানেল আর প্ল্যান ‘বি’ বিজনেস ক্লাস- মাঝামাঝি কিছু নাই!’
হাসিনাকে কটাক্ষ করে এই প্রবাসী সাংবাদিক লিখেছেন, ‘এই মহিলার ডিলিউশনের পিছে সবচাইতে বড় অবদান তার নিজের সার্কেলের। যার কেন্দ্রে আছে শেখ সেলিম, শেখ হেলাল-তন্ময়, নিক্সন-লিটন, শেখ মারুফ, তাপস আর পরশ। সাইডকিক হিসেবে নানক, নাসিম, ওবায়দুল কাদের, সম্রাট আর জাহাঙ্গীর। এদের কাজটাই হইলো টেলিগ্রাম আর হোয়াটসঅ্যাপে একটার পর একটা গ্রুপ খোলা, সেইসব গ্রুপে এই মহিলারে অ্যাড করা, আর সকাল থিকা রাত পর্যন্ত তারে কলে রাইখা, এমন সব কাজকারবার করা, যাতে সে ভাবে সে এখনো সম্রাজ্ঞী। এ সময়ে কেউ তাকে গান শোনায়, কেউ কবিতা। কেউ বলে ঢাকার রাস্তায় ৫০ লাখ কর্মী রেডি, কেউ বলে চট্টগ্রাম অলরেডি দখলে, আবার কেউ বলে এয়ারপোর্ট নিতে লাগবে মাত্র ১০ মিনিট।’
সায়ের লিখেছেন, ‘ওই ৫০ লাখের মধ্যে যে ৪৯ লাখ ৯৯,৯৫০ এর কোনো অস্তিত্ব নাই, আর চট্টগ্রাম যে দখল হইছে শুধু গ্রুপ চ্যাটের ভেতরে, সেই খবর তারে কেউ দেয় না। হাসিনাও এসব শোনে আর স্বপ্ন বোনে। তার দরবার হইলো এখন টেলিগ্রামে, রাজ্য হোয়াটসঅ্যাপ গ্রুপে, আর প্রজা বলতে যারা ওই মুহূর্তে ‘অনলাইন’ থাকে।’
সবশেষে সায়ের লিখেছেন, ‘১৬ ডিসেম্বর বিমানে ফিরতে চাইয়া কাজটা সে (হাসিনা) একদিক দিয়া ভালোই করছে। কোন দিক দিয়া, সেইটা ১৭ ডিসেম্বর লিখবো।’
প্রসঙ্গত, জুলকার নাইন সায়ের মূলত একজন নির্বাসিত বাংলাদেশি সাংবাদিক, যিনি কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার অনুসন্ধানী ইউনিটে চুক্তিভিত্তিক প্রযোজক হিসেবে কাজ করেছেন বলে তার সামাজিক যোগাযোগমাধ্যমের প্রোফাইলে উল্লেখ রয়েছে। এছাড়া তিনি ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজ এবং সুইডেন-ভিত্তিক অনুসন্ধানী প্ল্যাটফর্ম নেত্র নিউজের সঙ্গে যুক্ত ছিলেন।
আল জাজিরা ইনভেস্টিগেটস কর্তৃক প্রচারিত অনুসন্ধানী প্রামাণ্যচিত্র ‘ওরা প্রধানমন্ত্রীর লোক’ নিয়ে কাজ করে আলোচনায় আসেন সায়ের, যেখানে তিনি গোপন রেকর্ডিংয়ের মাধ্যমে বুদাপেস্টে হারিস আহমেদের ব্যবসায়িক কার্যকলাপ নিয়ে অনুসন্ধান চালান।
২০২২ সালে ‘ওরা প্রধানমন্ত্রীর লোক’ অনুসন্ধানী সাংবাদিকতার জন্য সায়ের ও তার তদন্ত টিম ‘বেস্ট হিউম্যান রাইটস জার্নালিজম’ বিভাগে অ্যামনেস্টি মিডিয়া পুরস্কার অর্জন করে।
এএইচ