মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ঢাকা

১৬ ডিসেম্বর বাংলাদেশ বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৬, ১১:১২ এএম

শেয়ার করুন:

১৬ ডিসেম্বর বাংলাদেশ বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি

আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে দেশে ফিরতে চান ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুই বছরেরও বেশি সময় ধরে ভারতে নির্বাসিত জীবন কাটানোর পর বাংলাদেশে ফেরার জন্য রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজের ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (২৪ নভেম্বর) আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেছেন তার এক মুখপাত্র।

ক্ষমতাচ্যুত হওয়ার পর এবারই প্রথম দেশে ফেরার সুনির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করলেন শেখ হাসিনা। তার এই ঘোষণাকে কেন্দ্র করে দেশের রাজনৈতিক ও আইনি অঙ্গনে উত্তেজনা আরও বাড়তে পারে। উল্লেখ্য, দেশে বর্তমানে তার দল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। এ ছাড়া চলতি মাসের শুরুতে তিনি নতুন পাসপোর্ট ও প্রয়োজনীয় নথিপত্রের জন্য আবেদন করার পর থেকেই দেশের বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনা বেড়েছে।

হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী এক বিবৃতিতে বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশি উড়োজাহাজে করে শেখ হাসিনাকে ভারতে নেওয়া হয়েছিল। এখন দিল্লি থেকে ঢাকায় ফেরার জন্যও তিনি সরকারের কাছে রাষ্ট্রীয় উড়োজাহাজের ব্যবস্থা করার আহ্বান জানিয়েছেন।

বিবৃতিতে আরও বলা হয়, সংবিধানবহির্ভূতভাবে তাকে নির্বাসনে পাঠানোর পর বিজয় দিবসে দেশে ফেরার ব্যবস্থা করা সরকারের দায়িত্ব। এ বিষয়ে বাংলাদেশের সরকারের কোনো মুখপাত্র তাৎক্ষণিকভাবে মন্তব্য করেননি।

এর আগে, রোববার রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানিয়েছিলেন, শেখ হাসিনা দেশে ফিরলে তাকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হবে। মৃত্যুদণ্ডের সাজাপ্রাপ্ত হাসিনাকে ফিরিয়ে আনতে ভারতকে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি মেনে চলার আহ্বান জানিয়েছে ঢাকা।

শামা ওবায়েদ আরও জানান, হাসিনাকে ফিরিয়ে আনতে ভারত থেকে বিমান পাঠানোর বিষয়ে কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি।

জাতিসংঘের তথ্যমতে, শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা গণঅভ্যুত্থানের সময় প্রায় এক হাজার ৪০০ মানুষ নিহত হন। ছাত্র-জনতার ওই অভ্যুত্থানে প্রাণঘাতী দমন-পীড়নের নির্দেশ দেওয়ার দায়ে গত বছরের নভেম্বরে বাংলাদেশের একটি আদালত শেখ হাসিনার অনুপস্থিতিতে তাকে মৃত্যুদণ্ড দেন। তবে নির্বাসনে থাকা অবস্থায় অভিযোগ অস্বীকার করেছেন তিনি। সূত্র: রয়টার্স

/এসআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর