নিজস্ব প্রতিবেদক
২৪ নভেম্বর ২০২৬, ০৩:২৪ পিএম
আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সামনে রেখে পাঁচ ধাপের ভোটকেন্দ্র, ভোটকক্ষ ও ভোটার সংখ্যার তথ্য চেয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
নির্বাচনি সামগ্রী বিতরণের পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে বুধবারের (২৫ নভেম্বর) মধ্যে জেলাভিত্তিক এসব তথ্য পাঠাতে সকল অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) ইসির সিনিয়র সহকারী সচিব মো.রশিদ মিয়া স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি থেকে বিষয়টি জানা যায়।
এতে বলা হয়েছে, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে নির্বাচনি সামগ্রী বিতরণের পরিকল্পনা প্রণয়নের জন্য পাঁচটি ধাপের জেলাভিত্তিক ভোটকেন্দ্র, ভোটকক্ষ ও ভোটার সংখ্যার তথ্য প্রয়োজন। উক্ত তথ্য সিনিয়র জেলা নির্বাচন অফিসার/জেলা নির্বাচন অফিসারের নিকট হতে সংগ্রহপূর্বক আগামী ২৫ নভেম্বরের মধ্যে নির্বাচন সহায়তা-৩ শাখায় প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
প্রসঙ্গত, ইউনিয়ন পরিষদের নির্বাচনের জন্য ইসি ঘোষিত রোডম্যাপ অনুযায়ী, প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপের ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপের ২৯ এপ্রিল, চতুর্থ ধাপের ১৩ মে এবং পঞ্চম ধাপের ভোট ২৭ মে অনুষ্ঠিত হবে।
নির্বাচন কমিশন প্রকাশিত তালিকা অনুযায়ী, প্রথম ধাপে ১০৪২টি ইউনিয়ন পরিষদের নির্বাচন, দ্বিতীয় ধাপে ১০৬৯টি, তৃতীয় ধাপে ১০২৪টি, চতুর্থ ধাপে ৮১৩টি এবং পঞ্চম ধাপে ৩৮৪টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।
এদিকে ইউনিয়ন পরিষদের জন্য ভোটকেন্দ্র চূড়ান্ত করা হয়েছে স্থায়ী ৪৫ হাজার ৯৭২টি, অস্থায়ী ৪২৫টি, মোট ৪৬ হাজার ৩৯৭টি। এতে স্থায়ী ভোটকক্ষ নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২ হাজার ১৫৯টি, অস্থায়ী ১৩ হাজার ৫৮০টি, মোট ২ লাখ ১৫ হাজার ৭৩৯টি।
এমএইচএইচ/এএইচ