মোস্তফা ইমরুল কায়েস
২৪ নভেম্বর ২০২৬, ০২:৩৩ পিএম
চলতি নভেম্বরের শুরু থেকেই রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে একের পর এক ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। বাস-বাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান থেকে শুরু করে হাসপাতাল ও পুলিশ স্থাপনাও বাদ যাচ্ছে না নাশকতার লক্ষ্যবস্তু থেকে। এসব ঘটনায় কারা জড়িত, কোথা থেকে আসছে অর্থ ও নির্দেশনা-তা খুঁজে বের করতে মাঠে নেমেছে পুলিশ ও গোয়েন্দারা। নাশকতাকারীদের শনাক্তের পাশাপাশি তাদের পেছনের অর্থদাতা ও পরিকল্পনাকারীদেরও নজরদারিতে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ লক্ষ্যে রাজধানীসহ সারাদেশে চলছে বিশেষ অভিযান।
পুলিশ, ডিবি ও মাঠ পর্যায়ের গোয়েন্দা সংস্থার একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।
সারাদেশে গত কয়েক দিনে ৮৭টি স্থানে ককটেল বিস্ফোরণ এবং ৮৩টি পরিবহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসব নাশকতামূলক কর্মকাণ্ড কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ঘটিয়েছে বলে জানিয়েছে পুলিশ সদর দফতর।
সদর দফতরের তথ্য অনুযায়ী, এসব নাশকতার ঘটনায় এখন পর্যন্ত সারাদেশে ৩৯টি মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি জড়িত থাকার অভিযোগে ৬৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসব পদক্ষেপ নিয়েছে।
সম্প্রতি বাসে অগ্নিসংযোগের ঘটনায় বেশ কয়েক জায়গায় চালক ও হেলপার দগ্ধ হওয়ার মতো নৃশংস নাশকতাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে প্রশাসন। কারা, কখন এবং কীভাবে এসব বাসে আগুন দিয়েছে- তা বের করতে চুলচেরা তথ্য সংগ্রহ করা হচ্ছে। একই সঙ্গে নাশকতাকারীরা কোথা থেকে এবং কিসে করে পেট্রোল সংগ্রহ করছে, সেই উৎসও খতিয়ে দেখা হচ্ছে। এরই মধ্যে দেশের সব পেট্রোল, ডিজেল ও অকটেন পাম্প মালিক এবং সংশ্লিষ্টদের খোলা তেল বিক্রি বন্ধে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। যদিও এ নিষেধাজ্ঞা আগে থেকেই ছিল। তবে সাম্প্রতিক ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দেওয়ার ঘটনাগুলোর পর বিষয়টি নতুন করে গুরত্ব পেয়েছে।
এদিকে, গোয়েন্দা সংস্থা মাঠে নামার পর নাশকতা অনেকাংশে কমেছে। তবে আবারও নাশকতার পরিকল্পনায় রয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মীরা। তারা জোন ও এলাকা ভিত্তিক নাশকতার পরিকল্পনা করছে বলেও গোয়েন্দাদের হাতে তথ্য এসেছে।
ডিবির একটি সূত্র জানিয়েছে, ঢাকার মিরপুর, মহাখালী, শাহবাগ ও আশুলিয়ায় কারা বাসে আগুন দিয়েছে, তা জানার চেষ্টা করছেন তারা। এজন্য এলাকা ভিত্তিক সিজনাল অপরাধীদের তালিকা প্রস্তুত করে, তাদের সাম্প্রতিক অপরাধ কর্মকাণ্ডের তথ্য খতিয়ে দেখা হচ্ছে। তারা বর্তমানে কি কি ধরনের অপরাধে যুক্ত, কারা তাদের ব্যবহার করছে, কিংবা তারা নতুন কোনো অপরাধে জড়াচ্ছেন কি না, তাও নজরে রাখছে ডিবি।
ডিএমপির এক কর্মকর্তা বলেন, সবশেষ ২২ নভেম্বর ডিএমপির ক্রাইম কনফারেন্সে আওয়ামী লীগের নাশকতাকারীদের ধরতে নির্দেশনা দেওয়া হয়েছে। সম্প্রতি বাসে আগুন ও ককটেল বিস্ফোরণের বিষয়গুলোও আলোচনায় এসেছে।
ঢাকায় বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুনের ঘটনাগুলো গোয়েন্দা সদস্যদের কাছে গুরুত্ব পাওয়ার পাশাপাশি থানা পুলিশও এসব ঘটনা তদন্ত করছে। ইতোমধ্যে উপর পর্যায় থেকে নাশকতার ঘটনায় কারা জড়িত ও কারা ঘটাচ্ছে, তার সঠিক তথ্য জানাতে বলা হয়েছে।
পুলিশ যা বলছে
সারাদেশে নাশকতাকারীদের ধরতে পুলিশ কীভাবে কাজ করছে, তা জানতে চাইলে পুলিশ সদর দফতরের মিডিয়া বিভাগের এআইজি কামারুম মুনিরা ঢাকা মেইলকে বলেন, ‘সারাদেশে নাশকতা প্রতিরোধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। নাশকতা, অগ্নিসংযোগ ও ভাঙচুরে জড়িতদের শনাক্ত করে গ্রেফতার করা হচ্ছে। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলায় তদন্ত ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’
ঢাকায় চলছে ধরপাকড়
রাজধানী ঢাকায় গত এক সপ্তাহ ধরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের ধরতে জোরদার অভিযান চলছে। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে প্রকাশ্যে এ বিষয়ে কোনো ঘোষণা দেওয়া না হলেও, পর্দার আড়ালে গোয়েন্দা পুলিশ (ডিবি) ও থানা-পুলিশ সমানতালে কাজ করে যাচ্ছে। তাদের এই অভিযানে সরাসরি সহায়তা করছে ডিএমপি সদর দফতরের বিশেষ গোয়েন্দা শাখা। বিশেষ করে, গোপালগঞ্জে নাশকতা চালিয়ে কারা ঢাকায় এসে গা-ঢাকা দিয়েছে এবং রাজধানীর কোন কোন এলাকায় তারা অবস্থান করছে- তা শনাক্ত করতে দিনরাত কাজ করছে গোয়েন্দারা।
সম্প্রতি ঢাকায় একজন সাবেক মেয়র, এক মন্ত্রী, এক প্রতিমন্ত্রী ছাড়াও একজন সংসদ সদস্যকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাদের মধ্যে রাজধানীর বারিধারা থেকে দীর্ঘদিন গা ঢাকা দিয়ে থাকা সাবেক দক্ষিণের মেয়র সাঈদ খোকনকে, বারিধারা ডিওএসএইচ থেকে সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী নজরুল ইসলাম হিরুকে, উত্তরার বাসা থেকে সাবেক শিক্ষা মন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে এবং সর্বশেষ রোববার ঢাকার ধানমন্ডি থেকে যশোরের সাবেক এমপি আজিজুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।
ঢাকায় ১৭ দিনে নিষিদ্ধ আওয়ামী লীগের ১৪৭ জন গ্রেফতার
ডিএমপির তথ্যমতে, চলতি মাসে গত ৫ থেকে ২২ নভেম্বর পর্যন্ত ১৪৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ, ডিবি ও এসআরইউ। এসব তৎপরতার অংশ হিসেবে গত ২২ নভেম্বর রাজধানীর বনানী থানা এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী লীগের ২০ নম্বর ওয়ার্ডের সাবেক দফতর সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের এক সদস্যকে গ্রেফতার করা হয়। একই দিন ভোরে ডেমরা ও যাত্রাবাড়ী এলাকায় পৃথক অভিযানে নারায়ণগঞ্জের আড়াইহাজার থানা যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও শ্রমিক লীগের তিন নেতাসহ মোট চারজনকে গ্রেফতার করে এসআরইউ ও পুলিশ।
এর আগে, গত ২১ নভেম্বর রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আরও তিনজনকে গ্রেফতার করে পুলিশ ও এসআরবি। এদের মধ্যে মিরপুর থানা এলাকা থেকে নড়াইল জেলা যুবলীগের দফতর সম্পাদক, লালবাগের ঢাকেশ্বরী রোড এলাকা থেকে বাগেরহাটের রামপাল উপজেলার বাঁশতলী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহ-সভাপতি এবং শ্যামপুর থানাধীন ফরিদাবাদ এলাকার একটি ভাড়া বাসা থেকে নিষিদ্ধ ছাত্রলীগের এক সক্রিয় কর্মীকে গ্রেফতার করা হয়।
গত ২০ নভেম্বর কাফরুল থানা এলাকায় অভিযান চালিয়ে মিরপুর সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের সাবেক ছাত্র সংসদ ভিপি ও মিরপুর থানা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, খিলগাঁও থানা এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের রমনা থানা শাখার বর্তমান সহসভাপতি ও সাবেক সাংগঠনিক সম্পাদককে, লালবাগের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী মৎস্যজীবী লীগের সাবেক সভাপতি, লালবাগ থানা যুবলীগের দুই নেতা এবং ২৬ নম্বর ওয়ার্ডের বন ও পরিবেশবিষয়ক সম্পাদকসহ আটজনকে গ্রেফতার করে পুলিশ।
তার আগে, গত ১৯ নভেম্বর পল্লবী থানা এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ কৃষক লীগের পল্লবী থানা শাখার সহসভাপতি, আদাবরের রিং রোডের শ্যামলী মোড়ে পুলিশের চেকপোস্টে চারটি তাজা ককটেলসহ একজনকে, রাজধানীর উত্তরা থেকে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিসহ তিনজনকে গ্রেফতার করে পুলিশ ও ডিবি।
তারও আগে, গত ১৮ নভেম্বর মিরপুর মডেল থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের পাঁচ নেতাকর্মীকে, উত্তরখান থানাধীন হেলাল মার্কেট এলাকা থেকে ঢাকা মহানগর উত্তর যুবলীগের ৪৫ নম্বর ওয়ার্ডের এক সদস্যকে, তুরাগের শান্ত মরিয়ম ইউনিভার্সিটির সামনে থেকে নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতাকর্মীকেসহ আটজনকে গ্রেফতার করে তুরাগ থানা পুলিশ। তাদের মধ্যে একজন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও অপরজন ওই কমিটির সদস্য।
এ ছাড়াও ভাটারার বসুন্ধরা আবাসিক এলাকায় পৃথক অভিযান চালিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের ঢাকা মহানগর উত্তরের সাবেক সহসভাপতিসহ দুজনকে, উত্তরা পশ্চিম থানাধীন ৭ নম্বর সেক্টর এলাকা থেকে ছাত্রলীগের ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদকসহ তিনজনকে গ্রেফতার করে পুলিশ।
গত ১৭ নভেম্বর তেজগাঁও বিভাগের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ২০ নেতাকর্মীকে, লালবাগের পিলখানা রোড এলাকা থেকে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সহ-প্রচার সম্পাদককে, যাত্রাবাড়ীর গোলাপবাগ এলাকা থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সহ-সাংগঠনিক সম্পাদকসহ চারজনকে গ্রেফতার করে এসআরইউ ও পুলিশ।
গত ১৬ নভেম্বর রামপুরা থানা এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ, শ্রমিক লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের ছয় নেতাকর্মীকে, খিলগাঁও মডেল কলেজের সামনে থেকে ছাত্রলীগের একজন এবং ত্রিমোহনী মাতবর বাড়ি রোড এলাকা থেকে যুবলীগের একজন কর্মীকে, তুরাগের দিয়াবাড়ী এলাকা থেকে তুরাগ থানা শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগের বর্তমান যুগ্ম আহ্বায়ককে, রূপনগরের ৮ নম্বর রোড এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের তিন নেতাকর্মী ও বঙ্গবন্ধু সৈনিক লীগের এক নেতাসহ ১৩ জনকে গ্রেফতার করে থানা পুলিশ।
গত ১৫ নভেম্বর লালবাগের সুবল দাস রোড ও লালবাগ রোড এলাকা থেকে আওয়ামী লীগের ২৩ নম্বর ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক ও ২৫ নম্বর ওয়ার্ডের সাবেক সহসভাপতিকে, খিলগাঁওয়ের তিলপাপাড়া এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের তিন নেতাকর্মীকে, লালবাগ ও কামরাঙ্গীরচর থানাধীন পৃথক এলাকা থেকে যুবলীগের দুই সক্রিয় সদস্যকেসহ সাতজনকে গ্রেফতার করে থানা পুলিশ।
গত ১৪ নভেম্বর লালবাগের আজিমপুর সমাজকল্যাণ গলি এলাকা থেকে কচুয়া উপজেলার ৫ নম্বর পশ্চিম সহদেবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক ও দুই সদস্য, লালবাগের নবাবগঞ্জ বাজার এলাকা থেকে যুবলীগের ২৩ নম্বর ওয়ার্ডের এক সদস্যসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।
গত ১৩ নভেম্বর উত্তরা পশ্চিমের ৭ নম্বর সেক্টরের উত্তরা হাইস্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহসভাপতিকে, মিরপুরের কল্যাণপুর আউটগোয়িং খাজা মার্কেটের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় একজনকে, মিরপুর-২ এলাকায় মিছিলের চেষ্টা করার সময় নিষিদ্ধ ছাত্রলীগের সাত কর্মীকে, একই দিন পৃথক অভিযানে যুবলীগের একজন নেতাকে, তুরাগের ধউর এলাকার ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ হাসপাতালের সামনে মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের দুই সদস্যকে, খিলগাঁওয়ের নন্দীপাড়া ছোট বটতলা এলাকার আব্বাসউদ্দিন রোডের একটি বাড়ি থেকে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাংস্কৃতিক সম্পাদককে, তুরাগের শুক্রভাঙ্গা এলাকা থেকে তুরাগ থানা আওয়ামী লীগের ৫৩ নম্বর ওয়ার্ডের সাবেক সভাপতিসহ ১৪ জনকে গ্রেফতার করে থানা পুলিশ।
গত ১২ নভেম্বর ক্যান্টনমেন্ট থানার কুর্মিটোলা হাসপাতালের সামনে থেকে ক্যান্টনমেন্ট থানা যুবলীগের এক সক্রিয় কর্মীকে, তুরাগের দিয়াবাড়ী বৌবাজার এলাকা থেকে নোয়াখালী জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান, জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতিকে, লালবাগে অভিযান চালিয়ে ছাত্রলীগের ঢাকা মহানগর দক্ষিণের লালবাগ থানার ২৪ নম্বর ওয়ার্ডের সাবেক সাংগঠনিক সম্পাদককে, উত্তরা পশ্চিম থানার ৩ নম্বর সেক্টরের রাজলক্ষ্মী এলাকা থেকে উত্তরখান থানা কৃষক লীগের সাধারণ সম্পাদককে, উত্তরা পশ্চিম থানার ৫ নম্বর সেক্টরের একটি বাসা থেকে কুড়িগ্রাম জেলা মহিলা যুবলীগের সভাপতিসহ ছয়জনকে গ্রেফতার করে থানা পুলিশ।
গত ১১ নভেম্বর লালবাগ থানা এলাকায় অভিযান চালিয়ে ছাত্রলীগের ঢাকা মহানগর দক্ষিণের লালবাগ থানার ২৪ নম্বর ওয়ার্ডের সাবেক সহসভাপতিকে, সবুজবাগের বাইগদিয়া এলাকা থেকে আওয়ামী যুবলীগের ৭৩ নম্বর ওয়ার্ডের যুগ্ম সাধারণ সম্পাদককে, উত্তরা পশ্চিম থানার ১২ ও ৩ নম্বর সেক্টরের পৃথক তিনটি স্থানে অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও ছাত্রলীগের তিন সদস্য পাঁচজনকে গ্রেফতার করে পুলিশ।
গত ১০ নভেম্বর খিলগাঁও থানা এলাকায় অভিযান চালিয়ে খিলগাঁও থানা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদককে, খিলগাঁও থানা এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী যুবলীগের ২ নম্বর ওয়ার্ডের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সহ দুইজনকে গ্রেফতার করে থানা পুলিশ।
গত ৯ নভেম্বর তুরাগের প্রত্যাশা ব্রিজ এলাকায় মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগের তিন সদস্যকে, লালবাগ থানা এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী যুবলীগের ২৬ নম্বর ওয়ার্ডের সর্বশেষ কমিটির সভাপতি ও স্বেচ্ছাসেবক লীগের ২৪ নম্বর ওয়ার্ড বাজার ইউনিটের সাবেক সহসভাপতিকে,
তুরাগ থানার ১৮ নম্বর সেক্টরের একটি বাসা থেকে ছাত্রলীগের ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সহসভাপতিসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়।
গত ৮ নভেম্বর গুলশানের এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী লীগের ১৮ নম্বর ওয়ার্ডের প্রচার ও প্রকাশনা সম্পাদককে এবং ৫ নভেম্বর মিরপুর মডেল থানার লাভ রোড এলাকায় অভিযান চালিয়ে ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ঢাকা কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদকসহ তিনজনকে গ্রেফতার করে মিরপুর থানা পুলিশ।
এমআইকে/এসআই